রাহুল না কি মোদী? তাপসীর পছন্দ কাকে? ছবি: সংগৃহীত।
বিভিন্ন বিষয়ে স্পষ্ট মতামত দিতে পছন্দ করেন তাপসী পান্নু। একাধিক বার তাঁর মতামতই বলে দিয়েছে, তিনি পদ্মশিবিরের বিরোধী। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি ভাল প্রধানমন্ত্রী হিসাবে বেছে নিলেন নরেন্দ্র মোদীকে। কিন্তু মোদীর কথা বলেই তিনি যে মন্তব্য করেন, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে।
বর্তমানে নিজের ছবি ‘অস্সী’র প্রচার নিয়ে ব্যস্ত তাপসী। ছবি নিয়ে কথা বলতেই এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। সেখানে তাপসীকে প্রশ্ন করা হয়, “আপনার প্রিয় প্রধানমন্ত্রী কে? মোদী না কি রাহুল গান্ধী?” সঙ্গে সঙ্গে তাপসী জানান তাঁর পছন্দ নরেন্দ্র মোদীকেই। তার পরেই অভিনেত্রী বলেন, “আমাকে তো এই দেশেই থাকতে হবে!” তা হলে কি তাপসী ব্যঙ্গ করেই মোদীর নামটা নিলেন? প্রশ্ন উঠছে।
এই মন্তব্য দেখে এক নেটাগরিকের মন্তব্য, “এটা শুধু মতামত নয়। বর্তমান সময়ের তিক্ত দিক তুলে ধরেছে তাপসীর এই মন্তব্য।” অভিনেত্রীর এক অনুরাগীর কথায়, “উনিও জানেন, প্রধানমন্ত্রী হিসাবে রাহুল গান্ধীর নাম উল্লেখ করলে ওর এই দেশে থাকা কঠিন হয়ে উঠবে। তবে এই মন্তব্যের জন্য ওঁর প্রতি আমার শ্রদ্ধা আরও বেড়ে গিয়েছে। একেই বলে সাহসিকতা। কী সুন্দর কটাক্ষ করলেন।”
মমতা বন্দ্যোপাধ্যায়, স্মৃতি ইরানী, মায়াবতী, প্রিয়ঙ্কা গান্ধী— মহিলা রাজনীতিবিদ্দের মধ্যে কে সেরা? এই প্রশ্নের উত্তরে প্রথমে তাপসী উল্লেখ করেন সুষমা স্বরাজের নাম। কিন্তু উল্লিখিত নামের মধ্যে থেকেই বাছতে হবে একটি নাম, বলে দেওয়া হয় তাঁকে। তখন তাপসী নেন স্মৃতি ইরানীর নাম।