Updates Of Rahul Arunoday's Death

লীনা-শৈবাল ও নায়িকা শ্বেতার বয়ান রেকর্ড হয়েছে তালসারি থানায়, রাহুল-মৃত্যুর তদন্ত কত দূর?

তালসারি থানা জানিয়েছে, তদন্ত চলছে। বয়ান রেকর্ড করা হয়েছে প্রযোজনা সংস্থার একাধিক কর্মীরও। আরও মাস দুয়েক সময় লাগতে পারে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০২ মে ২০২৬ ১৪:১৫
শ্বেতা মিশ্র এবং রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়।

শ্বেতা মিশ্র এবং রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। ছবি: ফেসবুক।

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর এক মাস পার। তদন্ত কতটা এগোল? এই প্রশ্ন টলিউড ইন্ডাস্ট্রি থেকে সাধারণ মানুষের। খবর, ইতিমধ্যেই ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের নায়িকা শ্বেতা মিশ্রকে জিজ্ঞাসাবাদ করেছে তালসারি থানার পুলিশ।

Advertisement

এ খবর কতটা সত্যি? সবিস্তার জানতে আনন্দবাজার ডট কম যোগাযোগ করার চেষ্টা করেছিল শ্বেতার সঙ্গে। তাঁর ফোন বেজে গিয়েছে। কথা বলেছেন তালসারি থানার তদন্তকারী অফিসার শ্রবণ মহাপাত্র। তিনি বিষয়টি স্বীকার করে বলেছেন, “তালসারি থানায় শ্বেতা মিশ্রের বয়ান রেকর্ড করা হয়েছে। কারণ, রাহুলের আকস্মিক মৃত্যুর সময় একমাত্র শ্বেতা সেখানে উপস্থিত ছিলেন। তবে শুধু তিনি নন, ধারাবাহিকের প্রযোজনা সংস্থা ‘ম্যাজিক মোমেন্টস’-এর কিছু কর্মীকেও আমরা ডেকে জিজ্ঞাসাবাদ করেছি। জিজ্ঞাসাবাদের জন্য নোটিস পাঠানো হয়েছিল সংস্থার দুই কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায় এবং শৈবাল বন্দ্যোপাধ্যায়কেও। তাঁদের বয়ানও রেকর্ড করা হয়েছে এবং তদন্তে তাঁরা সহযোগিতা করছেন।” একই ভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে স্থানীয় প্রত্যক্ষদর্শীদেরও। তবে পুলিশি জেরা থেকে আপাতত রেহাই মিলেছে ধারাবাহিকের বাকি অভিনেতার। কারণ, তাঁরা রাহুলের মৃত্যুর সময় ঘটনাস্থলে ছিলেন না।

ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী, রাহুলের ফুসফুস, পাকস্থলী-সহ অন্যান্য অঙ্গে প্রচুর পরিমাণে সামুদ্রিক জল আর বালি ঢুকেছিল। জলে বেশ কিছু ক্ষণ ডুবে থাকার কারণেই অভিনেতার মৃত্যু হয়েছে বলে প্রাথমিক অনুমানে মনে করছে পুলিশ। গত এক মাসের তদন্ত কি রাহুলের মৃত্যুকে ‘দুর্ঘটনা’ হিসেবেই ইঙ্গিত করছে? তদন্তকারী অফিসারের সাফ জবাব, “এখনই এ বিষয়ে কোনও কথা বলা যাবে না। তদন্ত চলছে। আরও মাসখানেক বা মাস দুয়েক সময় লাগতে পারে। তদন্তপ্রক্রিয়া শেষ হলেই আদালতে চার্জশিট জমা পড়বে।” তবে রাহুলের ভিসেরা রিপোর্ট এখনও আসেনি। সেই রিপোর্টে মৃতের দেহে সামুদ্রিক জল, বালি ছাড়াও আর কিছু ছিল কি না, সে বিষয়ে জানা যাবে বলে মনে করছেন ওই তদন্তকারী অফিসার।

যেহেতু তদন্তে রাহুলের মৃত্যুর সঙ্গে কারও প্রত্যক্ষ বা পরোক্ষ যোগ রয়েছে কি না উঠে আসেনি, তাই কাউকে গ্রেফতার করা হয়নি এখনও। তালসারির পাশাপাশি কলকাতাতেও রাহুলের মৃত্যুর পরে লিখিত অভিযোগ দায়ের করেছে আর্টিস্ট ফোরাম। তা হলে কি তালসারির তদন্তকারী অফিসারেরা কলকাতাতেও তদন্ত করতে আসবেন? দায়িত্বপ্রাপ্ত অফিসারের দাবি, দরকার পড়লে তদন্তের স্বার্থে কলকাতাতেও আসবেন তালসারি থানার তদন্তকারী অফিসারেরা।

Advertisement
আরও পড়ুন