Karan Kundrra- Tejasswi Prakash

কর্ণ যখন অভিনয় শুরু করেন, তেজস্বী তখনও স্কুলছাত্রী! বাগ্‌দান সারতেই ছোটবেলার গল্প ফাঁস

সম্প্রতি কর্ণ ও তেজস্বী এসেছিলেন অঙ্গদ বেদী ও নেহা ধূপিয়ার পডকাস্টে। সেখানেই নিজেদের কর্মজীবন ও সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বলেন তাঁরা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৫ মে ২০২৬ ১০:২৫
অভিনেতা কর্ণ কুন্দ্র ও অভিনেত্রী তেজস্বী প্রকাশ।

অভিনেতা কর্ণ কুন্দ্র ও অভিনেত্রী তেজস্বী প্রকাশ। ছবি: সংগৃহীত।

এখন আলোচনায় অভিনেতা কর্ণ কুন্দ্র ও অভিনেত্রী তেজস্বী প্রকাশের প্রেম। সম্প্রতি, নেটফ্লিক্সের রিয়্যালিটি অনুষ্ঠান ‘দেশি ব্লিং’-এ তাঁদের বাগ্‌দান সম্পন্ন হয়েছে। সমাজমাধ্যমে সেই ছবি আলাদা করে ভাগও করে নিয়েছেন তারকাজুটি। তবে জানেন কি, কর্ণ যখন অভিনয়জগতে পা রাখেন, তেজস্বী তখনও স্কুলছাত্রী? এ কথা নিজেই জানালেন অভিনেত্রী।

Advertisement

সম্প্রতি কর্ণ ও তেজস্বী এসেছিলেন অঙ্গদ বেদী ও নেহা ধূপিয়ার পডকাস্টে। সেখানেই নিজেদের কর্মজীবন ও সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বলেন তাঁরা। নিজের কেরিয়ারের শুরুর গল্প বলতে গিয়ে কর্ণ জানান, ফেসবুকে একটি ‘ফ্রেন্ড রিকোয়েস্ট’ই তাঁর জীবন বদলে দিয়েছিল। তিনি বলেন, “গোটাটাই বেশ মজার। মুম্বই আর দিল্লির তুলনায় জলন্ধর খুবই ছোট শহর। ছোট শহরের জীবন অনেক সহজ-সরল। আমরা ৯০-এর দশকের ছেলেমেয়ে, তখন বহির্বিশ্বের সংস্পর্শে আসিনি। ইন্টারনেট আসার পরে সব কিছু বদলে যায়। আমি তখন একটা ‘কল সেন্টার’ চালাতাম এবং বাবার সঙ্গে কাজ করতাম। এক দিন, ২০০৮ সালে আমি একতা কপূরকে ফেসবুকে ‘ফ্রেন্ড রিকোয়েস্ট’ পাঠাই। তখন তিনি উত্তর দিয়ে বলেন, ‘মুম্বই চলে এসো’।”

আর তখন তেজস্বী কী করতেন? সেই সময়ে নিজের জীবনের কথা বলতে গিয়ে হেসে ফেলেন অভিনেত্রী। তিনি বলেন, “২০০৮ সালে আমি তখনও স্কুলে পড়ি।” তেজস্বী জানান, অভিনেত্রী হওয়ার কোনও পরিকল্পনা ছিল না তাঁর। সংবাদপত্রে ‘ফ্রেশ ফেস’ হিসাবে অপ্রত্যাশিত জনপ্রিয়তা পাওয়ার পরেই অডিশনের সুযোগ আসতে শুরু করে তাঁর কাছে। সেখান থেকেই তাঁর অভিনয়জীবনের শুরু।

কর্ণকে প্রথম দেখার আগে তাঁর সম্পর্কে কী জানতেন তেজস্বী? উত্তরে তিনি বলেন, “মজার ব্যাপার হল, আমি ‘লাভ স্কুল’ ছাড়া ওঁর অন্য কোনও কাজই দেখিনি। কর্ণকে আমার আকর্ষণীয় লেগেছিল। কিন্তু, আমি যেমন ছেলেদের সঙ্গে সম্পর্কে থাকব বলে ভাবতাম ও একেবারেই তার উল্টো। শুরুতেই বলি, আমি আগে কখনও কোনও অভিনেতাকে ‘ডেট’ করিনি। আমি আমার কর্মক্ষেত্রে প্রেম করতে পছন্দ করি না। কাজের জায়গায় কাজই করতে ভালবাসি।”

২০২১ সাল থেকে সম্পর্কে রয়েছেন কর্ণ ও তেজস্বী। সলমন খান সঞ্চালিত ‘বিগ বস্‌ ১৫’ থেকে তাঁদের বন্ধুত্ব প্রেমে পরিণত হয়। অনুরাগীদের মধ্যে তাঁরা ‘তেজরন’ নামে জনপ্রিয় হয়ে ওঠেন। অনুষ্ঠান শেষ হওয়ার পরেও তাঁদের সম্পর্ক অটুট রয়েছে।

Advertisement
আরও পড়ুন