বিজয়কে নিয়ে ভালবাসার বার্তা তৃষার? ছবি: সংগৃহীত।
তলপতি বিজয়ের শপথগ্রহণ অনুষ্ঠানে মাকে সঙ্গে নিয়ে পৌঁছে গিয়েছিলেন অভিনেত্রী তৃষা কৃষ্ণন। গত কয়েক মাস ধরে বিজয়ের সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন ঘুরছে। তাই দর্শকের নজর ছিল তৃষার দিকে। বিজয় যখন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করছেন, তখন দর্শকাসনে চোখ ছলছল করে উঠেছিল তৃষার। সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করেছেন ছবিশিকারিরা। আর তার ঠিক পরেই নিজের সমাজমাধ্যমে অনুষ্ঠানের ছবি ভাগ করে নিয়ে ভালবাসার কথা বললেন তৃষা। তবে কি সম্পর্কের জল্পনায় পরোক্ষ ভাবে সিলমোহর দিলেন তিনি?
রবিবার হালকা আকাশি রঙের সিল্কের শাড়ি ও ঘিয়ে রঙের ব্লাউজ় পরেছিলেন তৃষা। খোঁপায় ছিল ফুল, গলায় হালকা হিরের গয়না। কপালে ছোট্ট টিপ। এই বেশে তৃষাকে দেখে মুগ্ধ হয়েছিলেন দর্শক। শপথগ্রহণ অনুষ্ঠান থেকে বেশ কিছু ছবি পোস্ট করেছেন তৃষা। সেই সঙ্গে ক্যাপশনে লিখেছেন, “ভালবাসার শব্দ সব সময়েই বেশি জোরালো।” তৃষার এই বার্তা বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকেই।
এই সাজে দেখা গিয়েছে তৃষাকে। ছবি: সংগৃহীত।
মা উমা কৃষ্ণনের সঙ্গে শপথগ্রহণ অনুষ্ঠানে গিয়েছিলেন তৃষা। দর্শকাসনের যেখানে বিজয়ের পরিবার ও খ্যাতনামী অতিথিরা ছিলেন, সেখানেই বসেন তৃষা ও তাঁর মা। ছেলেকে অভিনন্দন জানান বিজয়ের মা।
রবিবার সকাল সকাল তৃষার বাড়ির সামনে পৌঁছে গিয়েছিলেন ছবিশিকারিরা। বাড়ি থেকে বেরোতেই ছবিশিকারিদের মুখোমুখি হন অভিনেত্রী। “উদগ্রীব হয়ে আছি”, স্বল্প কথায় নিজের প্রতিক্রিয়া জানান তিনি। তবে নিজেদের সম্পর্কের গুঞ্জন নিয়ে এখনও নীরব তৃষা।
উল্লেখ্য, নির্বাচনের ফলাফলের দিনই ছিল তৃষার জন্মদিন। সেই দিন মন্দিরে প্রার্থনা করতে গিয়েছিলেন তিনি। অনুরাগীরা মনে করেছিলেন, শুধু জন্মদিনের জন্য নয়। বিজয়ের জন্য প্রার্থনাও করতে গিয়েছিলেন তিনি।