Vijay Thalapathy Oath Taking Ceremony

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হলেন বিজয়, শপথগ্রহণ অনুষ্ঠানে ‘প্রেমিকা’ তৃষা, স্নিগ্ধ সাজে নজর কাড়লেন

ঘটনাচক্রে, ৪ মে তৃষার জন্মদিনেই তামিলনাড়ুর নির্বাচনের ফল প্রকাশ্যে আসে। বিপুল ভোটে জয়ী হন বিজয়। তবে তার পরেও চলে দীর্ঘ রাজনৈতিক টানাপড়েন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১০ মে ২০২৬ ১১:০১
বিজয়ের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত তৃষা।

বিজয়ের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত তৃষা। ছবি: সংগৃহীত।

টানা পাঁচ দিনের জল্পনা, নাটকীয় পটপরিবর্তনের পরে অবশেষে ১০ মে রবিবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন দক্ষিণী তারকা থলপতি বিজয়। বিশেষ দিনে উপস্থিত থাকতে পৌঁছে যান অভিনেত্রী তৃষা কৃষ্ণন। মাসকয়েক ধরেই শিরোনামে বিজয়। অভিনয়ের পাশাপাশি তাঁর রাজনৈতিক সফরে নজর থেকেছে দর্শকের, সেই সঙ্গে আলোচনায় উঠে এসেছে তাঁর ব্যক্তিগত জীবনও। বিবাহবিচ্ছেদের মামলা করেছেন অভিনেতার স্ত্রী। সেই আবহেই জোরালো হয়েছে তৃষার সঙ্গে বিজয়ের প্রেমের গুঞ্জন।

Advertisement

ঘটনাচক্রে, ৪ মে তৃষার জন্মদিনেই তামিলনাড়ুর নির্বাচনের ফল প্রকাশ্যে আসে। বিপুল ভোটে জয়ী হন বিজয়। তবে তার পরেও চলে দীর্ঘ রাজনৈতিক টানাপড়েন। অবশেষে রবিবার চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত থাকতে সকাল সকাল বাড়ি থেকে বেরোতেই ক্যামেরাবন্দি হন তৃষা। পরনে নীল সিল্কের শাড়ি, বেইজ রঙা সূক্ষ্ম সুতোর কাজ করা ব্লাউজ়। সঙ্গে মানানসই সোনালি গয়না। নজর কাড়ে গলায় হিরে ও পান্নার হার। হালকা মেকআপ, খোঁপায় জুঁই ফুলের মালা। বাড়ি থেকে বেরোতেই ছবিশিকারিদের মুখোমুখি অভিনেত্রী। “উদগ্রীব হয়ে আছি”, স্বল্প কথায় নিজের প্রতিক্রিয়া জানান তিনি। অভিনেত্রীর সঙ্গে ছিলেন তাঁর মা উমা কৃষ্ণন। তৃষার স্নিগ্ধ সাজ অনুরাগীদের নজর কেড়েছে।


‘‘আমি শ্রী জোসেফ বিজয়’’, তামিল ভাষায় শপথ নিলেন তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী বিজয়। হাততালিতে ফেটে পড়ে স্টেডিয়াম। তাঁর দল টিভিকে এ বার তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে সবচেয়ে বেশি আসন পেয়েছে। তবে একক সরকার গঠনের জন্য প্রয়োজনীয় জাদুসংখ্যা ছুঁতে পারেনি। তাই সর্বোচ্চ আসন পেলেও তাঁর সরকার গঠনে বাধা ছিল। অবশেষে সেই বাধা পেরোলেন বিজয়।

Advertisement
আরও পড়ুন