Archery World Cup 2026

বিশ্বচ্যাম্পিয়ন ভারত, মহিলাদের দলগত রিকার্ভ তিরন্দাজিতে চিনকে ঘরের মাঠে হারিয়ে সোনা জয় দীপিকা, অঙ্কিতা, কুমকুমদের

মহিলাদের দলগত রিকার্ভ তিরন্দাজিতে এই নিয়ে তৃতীয় বার বিশ্বচ্যাম্পিয়ন হল ভারত। ২০২১ সালে প্রথম এবং তৃতীয় পর্বের বিশ্বচ্যাম্পিয়নশিপে সোনা জিতে ছিল ভারত।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১০ মে ২০২৬ ১১:০৫
Picture of Archery

(বাঁ দিক থেকে) কুমকুম মোহোদ, দীপিকা কুমারী, অঙ্কিতা ভকত। ছবি: এক্স।

ভারতের বিশ্বজয়। রিকার্ভ তিরন্দাজিতে মহিলাদের দলগত বিভাগে বিশ্বচ্যাম্পিয়ন হলেন দীপিকা কুমারী, অঙ্কিতা ভকত এবং কুমকুম মোহোদ। ফাইনালে শক্তিশালী চিনকে ৫-৪ ব্যবধানে হারিয়েছে ভারতীয় দল।

Advertisement

সাংহাইয়ে আয়োজিত দ্বিতীয় পর্বের তিরন্দাজি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলেন দীপিকারা। চিনকে তাদের ঘরের মাটিতে হারিয়ে সোনা জিতেছেন ভারতীয়েরা। সেমিফাইনাল এবং ফাইনালে বিশ্বের অন্যতম দুই সেরা দলকে হারিয়েছে ভারত। সেমিফাইনালে দীপিকাদের প্রতিপক্ষ ছিল দক্ষিণ কোরিয়া। বিশ্বজয়ের পথে পর পর দু’টি হাড্ডাহাড্ডি ম্যাচ জিতেছেন তাঁরা।

ফাইনালে চিনের বিরুদ্ধে প্রথম সেট ৫৪-৫৩ স্কোরে জিতে ২-০ ব্যবধানে এগিয়ে যায় ভারত। দ্বিতীয় সেটে সমতা ফেরায় চিন। তারা জেতে ৫৫-৫২ স্কোরে। তৃতীয় সেটে আবার জয় পায় চিন। ভারতীয় দল ৫৬-৫৭ স্কোরে হেরে পিছিয়ে পড়ে ২-৪ পয়েন্টে। চতুর্থ সেটে আবার সমতা ফেরায় ভারত। এ বার ৫৪-৫৩ স্কোরে জেতেন দীপিকারা। চার সেটের পর দু’দলের পয়েন্ট সমান হওয়ায় শুট অফ হয়। তাতেই বাজিমাত করেন ভারতীয় তিরন্দাজেরা। ২৮-২৬ স্কোরে শুট অফ জিতে নেন দীপিকারা। টান টান লড়াইয়ের পর ৫-৪ পয়েন্টের ব্যবধানে জয় পায় ভারত।

এর আগে সেমিফাইনালে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে অবশ্য সহজে জয় পায় ভারতীয় দল। দীপিকারা এক সেট বাকি থাকতেই ৫-১ ব্যবধানে জয় ছিনিয়ে নেন। প্রথম সেট ৫৮-৫৫ জেতেন তাঁরা। দ্বিতীয় সেট ড্র হয় ৫৬-৫৬ স্কোরে। তৃতীয় সেটে আবার ভারত জেতে ৫৮-৫৬ ব্যবধানে। এক পর আর চতুর্থ সেট খেলার প্রয়োজন হয়নি। প্রতিযোগিতার প্রিকোয়ার্টার ফাইনালে উজ়বেকিস্তান এবং কোয়ার্টার ফাইনালে ভিয়েতনামকে হারিয়েছিল ভারতীয় দল।

গোটা প্রতিযোগিতায় ধারাবাহিক ভাবে ভাল পারফর্ম করেছে ১৭ বছরের কুমকুম। দুই অভিজ্ঞ তিরন্দাজ দীপিকা এবং অঙ্কিতার সঙ্গে সমান তালে লড়াই করেছে। মহিলাদের দলগত রিকার্ভ তিরন্দাজিতে এই নিয়ে তৃতীয় বার বিশ্বচ্যাম্পিয়ন হল ভারত। ২০২১ সালে প্রথম এবং তৃতীয় পর্বের বিশ্বচ্যাম্পিয়নশিপে সোনা জিতে ছিল ভারত। সেই দলের নেতৃত্বেও ছিলেন দীপিকা।

Advertisement
আরও পড়ুন