OTT release

দেব-শুভশ্রীর রসায়ন থেকে বিপদের মুখে প্রিয়ঙ্কার লড়াকু দৃশ্য! সপ্তাহান্তে ওটিটি-তে কী কী দেখবেন?

নানা কারণে অনেকেই প্রেক্ষাগৃহে গিয়ে ছবি দেখতে যেতে চাইছেন না। তাই ভরসা ওটিটি। এই সপ্তাহে ওটিটি মঞ্চে আসছে একাধিক নতুন সিরিজ় ও ছবি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৭ মে ২০২৬ ১০:০৮
ওটিটি-তে কী কী দেখবেন?

ওটিটি-তে কী কী দেখবেন? গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

ভোট-পরবর্তী পরিস্থিতিতে মানুষের চোখ রাজ্যের রাজনৈতিক গতিবিধির উপর। এই সময়ে অনেকেই প্রেক্ষাগৃহে গিয়ে ছবি দেখতে যেতে চাইছেন না। তাই ভরসা ওটিটি। এই সপ্তাহে ওটিটি মঞ্চে আসছে একাধিক নতুন সিরিজ় ও ছবি। অ্যাকশন থ্রিলার, ক্রাইম ড্রামা, রোম্যান্স থেকে তথ্যচিত্র— সব মিলিয়ে দর্শকের জন্য রয়েছে ভরপুর বিনোদন।

Advertisement

১) সিটাডেল (সিজ়ন ২): এই সপ্তাহের সবচেয়ে আলোচিত সিরিজ় হল ‘সিটাডেল সিজ়ন ২’। গুপ্তচরকে ঘিরে এই অ্যাকশন সিরিজ়ে ফের দেখা যাবে প্রিয়ঙ্কা চোপড়াকে। নাদিয়া সিন্‌হার চরিত্রে অভিনয় করেছেন তিনি। রিচার্ড ম্যাডেনকে দেখা যাবে ম্যাসন কেন হিসাবে। নতুন সিজ়নে তাঁরা আবার এক বড় বিপদের মুখোমুখি হবেন এবং ধ্বংস হয়ে যাওয়া গুপ্তচর সংস্থাকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করবেন। ৬ মে থেকে অ্যামাজ়ন প্রাইম ভিডিয়োয় দেখা যাচ্ছে এই সিরিজ়।

২) ধুমকেতু: গত বছর বড়পর্দায় মুক্তি পেয়েছিল দেব ও শুভশ্রী অভিনীত এই বহু প্রতীক্ষীত ছবি। ১০ বছর আগে কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত এই ছবির শুটিং হয়েছিল। তার পরে নানা বাধায় আর ছবিটি মুক্তি পায়নি। অবশেষে সেই সব বাধা পেরিয়ে ফের একজোট হন দেব ও শুভশ্রী। দর্শককে চমকে দিয়ে সেই ছবি মুক্তি পায় বড়পর্দায়। এ বার সেই ছবি ওটিটি মঞ্চে। জ়ি ফাইভে ৮ মে থেকে দেখা যাবে এই ছবি।

৩) দ্য চেস্টনাট ম্যান: হাইড অ্যান্ড সিক (সিজ়ন ২): ক্রাইম থ্রিলারপ্রেমীদের জন্য আদর্শ ‘দ্য চেস্টনাট ম্যান: হাইড অ্যান্ড সিক’। এই ড্যানিশ সিরিজ়ে আবার দেখা যাবে দুই গোয়েন্দা— নাইয়া থুলিন ও মার্ক হেসকে। এ বার তারা একটি পুরনো অমীমাংসিত মামলার সঙ্গে যুক্ত এক ভয়ঙ্কর খুনের রহস্য উন্মোচনের চেষ্টা করবে। নেটফ্লিক্সে এই সিরিজ় দেখা যাবে ৭ মে থেকে। সিরিজ়ের ঝলক ইতিমধ্যেই সাড়া ফেলেছে।

৪) ডকাইত: এই ক্রাইম ড্রামায় রয়েছে প্রতারণা, ভুয়ো অভিযোগ এবং প্রতিশোধের গল্প। ছবিতে অভিনয় করেছেন মৃণাল ঠাকুর, আদিভি শেষ এবং অনুরাগ কাশ্যপ। গল্পে দেখা যায়, এক ব্যক্তি জেল থেকে বেরিয়ে তার অতীতের প্রতিশোধ নিতে ফিরে আসে। তার পরেই নানা মোড় নেয় ছবি। প্রাইম ভিডিয়োয় এই ছবি ৮ মে থেকে দেখা যাবে।

৫) লুক্‌খে: একটি মিউজ়িক্যাল ক্রাইম ড্রামা সিরিজ়। এতে পঞ্জাবের র‍্যাপ সংস্কৃতি এবং তার সঙ্গে জড়িয়ে থাকা অপরাধ জগতের গল্প তুলে ধরা হয়েছে। র‍্যাপার তথা গায়ক কিং এই সিরিজ়ের মাধ্যমে অভিনয় শুরু করছেন। সঙ্গে রয়েছেন রাশি খন্না ও পলক তিওয়ারি। এই সিরিজ়ও অ্যামাজ়ন প্রাইম ভিডিয়োয় ৮ মে মুক্তি পাচ্ছে।

Advertisement
আরও পড়ুন