Utsav Mukherjee Missing

২১ দিন কেটে গিয়েছে খোঁজ নেই উৎসবের, ফেডারেশনের সভাপতি স্বরূপের সঙ্গে কথা বললেন স্ত্রী মৌপিয়া

খোঁজ চলছে পরিচালক উৎসবের। তাঁর স্ত্রী জানিয়েছেন, পরিচালকের মা-বাবার মৃত্যুর পরে আর তেমন কেউই বেঁচে নেই তাঁর পরিবারে। মাসির মেয়ের সঙ্গেও উৎসবের সে ভাবে যোগাযোগ ছিল না।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২৬ ১৩:৫৮
পরিচালক উৎসবের কি কোনও খোঁজ মিলল?

পরিচালক উৎসবের কি কোনও খোঁজ মিলল? ছবি: সংগৃহীত।

প্রায় ২১ দিন পার। এখনও খোঁজ পাওয়া যায়নি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের। স্ত্রী মৌপিয়া বন্দ্যোপাধ্যায় পুলিশের দ্বারস্থ হয়েছেন। কাগজেও তাঁর নিখোঁজ হওয়ার খবর দেওয়া হয়েছে। কিন্তু আর কি কোনও খবর পেয়েছেন তাঁর স্ত্রী?

Advertisement

মৌপিয়া বলেন, “প্রতি দিন পুলিশের সঙ্গে যোগাযোগ করছি। এমনকি, ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাসের সঙ্গেও আমি দেখা করেছিলাম। সর্বত্র একটাই প্রতিক্রিয়া, নির্বাচনের আগে কিছুই করা সম্ভব নয়। সবাই এখন খুব ব্যস্ত ভোটের কাজে। এর মধ্যে কোনও অঘটন ঘটে গেলে সবাই তখনও নির্বাচন নিয়ে ব্যস্ত থাকবে! বুঝতে পারছি না, কী প্রক্রিয়া! যত দিন যাচ্ছে , ততই অবাক হচ্ছি আমি। কোনও দিশা দেখতে পাচ্ছি না।”

উৎসবের স্ত্রী জানিয়েছেন, পরিচালকের মা-বাবার মৃত্যুর পরে আর তেমন কেউই বেঁচে নেই তাঁর পরিবারে। মাসির মেয়ের সঙ্গেও উৎসবের সে ভাবে যোগাযোগ ছিল না। তবে তিনি মৌপিয়াকে ফোন করেছিলেন। কিন্তু উৎসব তাঁর সঙ্গেও কোনও যোগাযোগ করেননি। মৌপিয়া যোগ করেন, “আমি খুবই অসুস্থ হয়ে পড়ছি। মানসিক ভাবে ভেঙে পড়ছি। আমার কাছে যা যা তথ্য ছিল, সবই দিয়ে দিয়েছি পুলিশকে। তার পরেও খোঁজ নিলে একটাই উত্তর— ‘দেখছি’। আর কবে দেখবে কিছুই বুঝছি না।”

মৌপিয়া নিজে লেখালিখির সঙ্গে যুক্ত। নিজে চেষ্টা করছেন তাড়াতাড়ি কাজে ফেরার। এরই মধ্যে কয়েক জনের সঙ্গে কথাও হয়েছে তাঁর। একটি ছবির কাজ অনেক দূর এগিয়েও গিয়েছে। চেনা ছন্দে ফিরতে চান তিনি। এত কিছুর মাঝে তাঁর একটাই প্রার্থনা, স্বামী উৎসবকে যেন তিনি তাড়াতাড়ি ফিরে পান।

Advertisement
আরও পড়ুন