Anik Dutta Demise

অনীকই একমাত্র বন্ধু যাঁর সৃষ্টিতে আমি আন্তর্জাতিক মঞ্চে সম্মানিত হয়েছিলাম: পরান বন্দ্যোপাধ্যায়

‘ভূতের ভবিষ্যৎ’, ‘বরুণবাবুর বন্ধু’, ‘আশ্চর্য প্রদীপ’-সহ অনীকের বেশ কিছু ছবিতে অভিনয় করেছিলেন পরান বন্দ্যোপাধ্যায়। পরিচালকের মৃত্যুতে শোকস্তব্ধ প্রবীণ অভিনেতা।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৭ মে ২০২৬ ১৮:১৪
অনীক দত্তের আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ প্রবীণ অভিনেতা পরান বন্দ্যোপাধ্যায়।

অনীক দত্তের আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ প্রবীণ অভিনেতা পরান বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত।

রায়বাহাদুর দর্পনারায়ণ চৌধুরী থেকে সুকুমার— পরিচালক অনীক দত্তের সঙ্গে অভিনেতা পরান বন্দ্যোপাধ্যায়ের এক অন্য সম্পর্ক গড়ে উঠেছিল। তাই পরিচালকের আকস্মিক প্রয়াণে স্তম্ভিত বর্ষীয়ান অভিনেতা পরান। এখনও বিশ্বাস করতে পারছেন না এই ঘটনা। বার বার তাঁর মনে হচ্ছে, এই খবর সত্যি নয়। তবু চোখ দিয়ে বেয়ে আসছে জল।

Advertisement

আনন্দবাজার ডট কম-এর ফোন পেতেই কণ্ঠ ভারী হয়ে এল অভিনেতার। বললেন, “যে কোনও মৃত্যুই দুঃখের, কষ্টের। অথচ মেনে নিতেই হবে। অনীককে সবাই ভালবাসত। মূল্যবোধ, সমাজসচেতনতা, ওঁর আদর্শ, লক্ষ্য সবকিছুই ছিল পরিশীলিত। সেই জন্যই তো মানুষ মানুষকে ভালবাসে। এই জন্যই অনীক অনেকের বন্ধু হয়ে উঠেছিল। তার মধ্যে আমিও এক জন।”

এ কথা বলতে বলতে কেঁদে ফেললেন পরান। তিনি যোগ করেন, “ওঁর অনেকগুলো ছবিতে কাজ করেছি আমি। যার মধ্যে একটি ছবি আন্তর্জাতিক ক্ষেত্রে সম্মান পেয়েছিল। আমি সেরা অভিনেতা হিসাবে সম্মানিত হই। অনীকই একমাত্র বন্ধু যাঁর সৃষ্টিতে আমি আন্তর্জাতিক ভাবে ধন্য হয়েছিলাম। আমি কখনও ভুলব না। এই সব প্রাপ্তিগুলোর উপরে আমার চোখের জল পড়বে।” পরান জানিয়েছেন, এই সংবাদ যদি তিনি না শুনতেন তা হলে বেশি খুশি হতেন। ‘ভূতের ভবিষ্যৎ’ , ‘বরুণবাবুর বন্ধু’, ‘আশ্চর্য প্রদীপ’-সহ অনীকের বেশ কিছু ছবিতে অভিনয় করেছিলেন পরান।

প্রসঙ্গত, বুধবার দুপুরে হিন্দুস্তান পার্ক এলাকার বাড়ির ছাদ থেকে প়ড়ে গুরুতর জখম হন অনীক। তার পরেই তাঁকে নিয়ে যাওয়া হয় দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। কিছু ক্ষণ পরে হাসপাতালের তরফে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।

Advertisement
আরও পড়ুন