বোনকে হারিয়ে শোকস্তব্ধ অপর্ণা সেন। ছবি: সংগৃহীত।
মনখারাপ অভিনেত্রী-পরিচালক অপর্ণা সেনের। বোন অনুরাধা লাহিড়িকে (ডাকনাম রত্না) হারিয়ে শোকস্তব্ধ প্রবীণ শিল্পী। সমাজমাধ্যমে লিখলেন, “আমার ছোটবেলার সঙ্গী চলে গেল। আমার বোন, যাঁর সঙ্গে জীবনের প্রতিটি মুহূর্ত ভাগ করে নিতাম। আমার মধ্যেই রত্নার সব স্মৃতি যত্ন করে রাখব। যত দিন না আবার ওঁর সঙ্গে দেখা হচ্ছে।”
অপর্ণারা তিন বোন। রীনা, রত্না এবং লক্ষ্মী। বোন রত্নাকে এ ভাবে হারাবেন, অভিনেত্রী ভাবেননি। ২৩ মে রাত সাড়ে ৮টায় গুরুগ্রামে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অপর্ণার বোন রত্না ওরফে অনুরাধা।
বোনকে হারিয়ে কী লিখলেন অপর্ণা? ছবি: ইনস্টাগ্রাম।
আনন্দবাজার ডট কম-এর তরফে যোগাযোগ করা হয়েছিল অনুরাধার স্বামী মনোজিৎ লাহিড়ির সঙ্গে। তিনি বলেন, “আমাদের দুই মেয়ে। ওরা বলল, ‘মাকে নিয়ে গুরুগ্রামে চলে এসো। তখনই আমরা চলে আসি গুরুগ্রামে। স্ট্রোক হয়েছিল। ২৩ মে রাত সাড়ে ৮টায় ও চলে যায়।” মনোজিৎ জানান, ২০২২ সালে প্রথম স্ট্রোক হয়েছিল অনুরাধার। তার পরেই তাঁর দুই মেয়ে চান যে, মা-বাবা যেন মেয়েদের কাছে গিয়েই থাকেন। মনোজিৎ বলেন, “মেয়েরা চেয়েছিল, ওদের কাছে থাকলে সুবিধা হবে দেখাশোনা করতে। তাই ২০২৩ সালের জুন মাস থেকে মেয়েদের কাছেই আছি আমরা। এখানে মাঝেমাঝেই রীনারা (অপর্ণা) আসে। ছোটমেয়ের কাছেই থাকি আমরা।”
২০২২ সালে স্ট্রোক হওয়ার পর থেকেই শরীর খারাপ ছিল অনুরাধার। অপর্ণার বোনের স্বামী জানিয়েছেন, প্রতি মুহূর্তে তাঁদের পাশে ছিলেন অপর্ণা এবং তাঁর স্বামী কল্যাণ রায়। স্ট্রোক হওয়ার পরে রোগপ্রতিরোধ ক্ষমতা কমে যায় অনুরাধার। সঙ্গে ‘পার্কিনসন্স’ রোগও ছিল। বোনকে হারিয়ে ভেঙে পড়েছেন অপর্ণা।