(বাঁ দিকে) বিজয় দেবরকোন্ডা, (ডান দিকে) রশ্মিকা মন্দানা। ছবি: সংগৃহীত।
২৬ ফেব্রুয়ারি বিয়ে করলেন বিজয় দেবরকোন্ডা ও রশ্মিকা মন্দানা। বহু দিন ধরে তাঁদের বিয়ে নিয়ে জল্পনা চলছিল। পাঁচ বছর একত্রবাসের পরে উদয়পুরে চারহাত এক করলেন দক্ষিণী তারকাজুটি। তার পরে হায়দরাবাদে হয় প্রীতিভোজের অনুষ্ঠান। এ বার তাঁদের বিয়ের তিন নম্বর অনুষ্ঠান হল কুর্গে। রশ্মিকা সেখানকারই মেয়ে। ছড়িয়ে পড়ল অনুষ্ঠানের ছবি, ভিডিয়ো।
৭ এপ্রিল কর্নাটকের বিরাজপেটে কোডাভা সংস্কৃতিকে মাথায় রেখে ছিল বিজয়-রশ্মিকার প্রীতিভোজের অনুষ্ঠান। এই তারকাদম্পতি তাঁদের বিয়ের প্রতিটি অনুষ্ঠানেই নিজেদের সংস্কৃতি ও ঐতিহ্যকে সঙ্গে নিয়ে এগিয়েছেন। এই নিয়ে তৃতীয় বার কুর্গে এলেন বিজয়। রশ্মিকার জন্মভিটেয় এসেছিলেন বহু আগে, বন্ধুদের সঙ্গে ঘুরতে। তখনই নাকি সেখানকার মহিলাদের দেখে মুগ্ধ হন। বিজয় বলেন, ‘‘এখানকার মহিলারা অসম্ভব সুন্দরী হন। আমিও এখানকার মেয়েকেই বিয়ে করেছি। এই নিয়ে তৃতীয় বার এলাম এখানে। প্রথম যখন বন্ধুদের সঙ্গে ঘুরতে আসি, তখন রশ্মিকাকে চিনতাম না। তবে ঘুরতে আসার জন্য দারুণ জায়গা। তার পরে রশ্মিকার সঙ্গে আলাপ হওয়ার পরেও আসি। এ বার বিয়ের পরে এলাম। তবে এ বার বেশি করে আসব এখানে। কথা দিলাম। জায়গাটাই এত সুন্দর।’’
রশ্মিকা ও বিজয়ের কুর্গে প্রীতিভোজের অনুষ্ঠান। ছবি: সংগৃহীত।
বিজয় জানান, রশ্মিকা যেখানে বড় হয়ে উঠেছেন, যেখানে পড়াশোনা করতেন, এর পরে এসে সে সব জায়গা ঘুরে দেখবেন। এই অনুষ্ঠানে দক্ষিণের ঐতিহ্যবাহী রেশমের শাড়ি ও সোনার গয়না পরেন রশ্মিকা। শাড়ি পরেছিলেন কোডাভা রীতিতে। বিজয়ের পরনে ছিল কালো কোর্ট ও প্যান্ট।