Vijay Deverakonda-Rashmika Mandanna

অবশেষে সিলমোহর! রশ্মিকা-বিজয় দিলেন ‘বিরোশের বিয়ে’র খবর, বিশেষ ভালবাসা পাঠালেন কার উদ্দেশে?

বহু রাখঢাকের পরে অবশেষে সেই জল্পনায় সিলমোহর দিলেন তারকাজুটি। রবিবার রাতেই জানিয়ে দিলেন, সত্যিই তাঁরা বিয়ে করছেন। তাঁরা এখন থেকে একত্রে ‘বিরোশ’।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:৩৬
‘বিরোশের বিয়ে’।

‘বিরোশের বিয়ে’। ছবি: সংগৃহীত।

শোনা যাচ্ছিল ২৬ ফেব্রুয়ারি উদয়পুরে রাজকীয় ঢঙে বিয়ে সারবেন বিজয় দেবরকোন্ডা ও রশ্মিকা মন্দানা। বহু রাখঢাকের পরে অবশেষে সেই জল্পনায় সিলমোহর দিলেন তারকাজুটি। যাঁরা নিজেদের সম্পর্ক নিয়েই কোনওদিন প্রকাশ্যে মুখ খেলেননি, রবিবার রাতে তাঁরাই সরাসরি বিয়ের খবর দিলেন। জানালেন, তাঁরা এখন থেকে একত্রে ‘বিরোশ’।

Advertisement

অনুরাগীরা প্রথম থেকেই উত্তেজিত ছিলেন বিজয়-রশ্মিকার বিয়ে নিয়ে। তাই তারকাযুগল লিখলেন, “আমরা কিছু পরিকল্পনা করার ও সিদ্ধান্ত নেওয়ার আগে থেকেই তোমরা আমাদের সঙ্গে ছিলে। অনেক ভালবাসার সঙ্গে আমাদের নাম দিয়েছিলে ‘বিরোশ’।” তাই নিজেদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষ্ঠানকে অনুরাগীদের উৎসর্গ করলেন রশ্মিকা ও বিজয়। তাই পরিণয়ের নাম দিলেন ‘বিরোশের বিয়ে’। ভক্তদের উদ্দেশে লিখলেন, “তোমরা আমাদেরই অংশ। অনেক ভালবাসা ও আলিঙ্গন।”

তবে বিয়ের দিনক্ষণ ও স্থান নিয়ে কিছুই জানাননি তাঁরা। বিয়েতে ক্যামেরাও নিষিদ্ধ বলেই শোনা যাচ্ছে। বিজয় ও রশ্মিকার প্রীতিভোজের অনুষ্ঠান হবে ৪ মার্চ, হায়দরাবাদে। তাঁদের প্রীতিভোজের একটি আমন্ত্রণপত্র ছড়িয়ে পড়েছিল সমাজমাধ্যমে। তাতে তেমনই উল্লেখ করা হয়েছে, যদিও সেই আমন্ত্রণপত্রের সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

উল্লেখ্য, ২০১৭ সালে ‘গীত গোবিন্দম’ ছবির সেটে প্রথম দেখা বিজয় ও রশ্মিকার। তার পরে ‘ডিয়ার কমরেড’ ছবিতে একসঙ্গে অভিনয়। এর পর থেকে তাঁদের প্রেমের খবর ছড়ায়। গত ৩ অক্টোবর তাঁরা বাগ্‌দান সেরেছেন বলেও খবর।

Advertisement
আরও পড়ুন