ছায়াছবির গানের দুনিয়ায় ফিরছেন অরিজিৎ সিংহ? ছবি: ফেসবুক।
ছায়াছবিতে গাইবেন তিনি গাইবেন! ফের গুঞ্জন অরিজিৎ সিংহকে ঘিরে। কিছু দিন আগে তাঁর জিয়াগঞ্জের বাড়িতে এসেছিলেন আমির খান। তাঁর ‘এক দিন’ ছবিতে গায়কের গান রেকর্ডিংয়ের জন্য। শোনা যাচ্ছে, একই ভাবে তাঁর কাছে পৌঁছে গিয়েছেন বাংলা বিনোদনদুনিয়ার এক প্রযোজক এবং পরিচালক। তাঁদের আগামী ছবিতেও নাকি দু’টি গান গাইবেন তিনি।
অরিজিৎ আর আমির। ছবি: ফেসবুক।
অভিনেতা-প্রযোজক তাঁর প্রথম ছবি আনতে চলেছেন শীঘ্রই। অন্য দিকে, ছবির পরিচালক একাধারে সুরকারও। শোনা যায়, অরিজিৎ তাঁর ‘সন্তানসম’। পাশাপাশি, ছবি পরিচালনার জন্য ওই পরিচালক জাতীয় পুরস্কার পেয়েছেন। তাঁর সুরেই সম্ভবত গাইবেন অরিজিৎ। ইতিমধ্যেই উভয়ে হাজির হয়েছিলেন গায়কের জিয়াগঞ্জের বাড়িতে। আমিরের মতো চার দিন সেখানে কাটাননি তাঁরা। কোনও সংবাদমাধ্যম তাঁদের আনাগোনা টের পায়নি, ক্যামেরাবন্দি করতে পারেনি। কিন্তু টলিপাড়ার অন্দরের খবর, সুরকার-গায়কের সুসম্পর্কই এখানে নাকি অনুঘটকের কাজ করেছে।
জানুয়ারির শেষে অরিজিৎ ঘোষণা করেছিলেন, তিনি আর ছায়াছবিতে গাইবেন না। মাথায় বাজ পড়েছিল বিনোদনদুনিয়ার। হতাশ হয়ে পড়েছিলেন তাঁর অনুরাগীরা। সমাজমাধ্যমে যখন তাঁর এই সিদ্ধান্তের স্বপক্ষে এবং বিপক্ষে নানা মুনির নানা মত, তখনই আমির খান ময়দানে। তিনি অরিজিতের বাড়িতে, এ খবর ছড়াতেই আশ্বস্ত হন অনেকে। সিনেদুনিয়ার সঙ্গে যাঁদের নিত্য ওঠাবসা, তাঁদের কেউ কেউ এমনও জানান, ছবির গান গাওয়াতেই মুম্বই থেকে ছুটে এসেছেন ‘মি. পারফেকশনিস্ট’। তাঁদের কথাই সত্যি হয়েছে। আমিরের প্রযোজনা সংস্থার পক্ষ থেকে পরে সমাজমাধ্যমে জানানো হয়, আমিরের ছেলে জুনেইদ ‘এক দিন’ ছবিতে অভিনয় করছেন। সেই ছবিতে আবার শোনা যাবে অরিজিতের কণ্ঠ।