Hrithik Roshan-Sussanne Khan

হৃতিক ও সুজ়ানের বিচ্ছেদ অপরিহার্য ছিল? বোনের সম্পর্ক ভাঙার কারণ নিয়ে মুখ খুললেন জ়ায়েদ খান

সম্প্রতি এক সাক্ষাৎকারে জ়ায়েদ কথা বলেন হৃতিক ও সুজ়ানের সম্পর্ক নিয়ে। প্রাক্তন দম্পতির বিচ্ছেদ একপ্রকার অপরিহার্য ছিল বলেই মনে করেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২৬ ১৩:৫০
হৃতিক ও সুজ়ানের সম্পর্ক নিয়ে বললেন জ়ায়েদ।

হৃতিক ও সুজ়ানের সম্পর্ক নিয়ে বললেন জ়ায়েদ। ছবি: সংগৃহীত।

১৪ বছর সংসার করার পরে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছিলেন হৃতিক রোশন ও সুজ়ান খান। বলিউড হতভম্ব হয়ে গিয়েছিল সেই সিদ্ধান্তে। তবে বিচ্ছেদের পরেও সুসম্পর্ক রয়েছে হৃতিক ও সুজ়ানের। পরস্পরের সমস্যায় পাশেও দাঁড়িয়েছেন। তবে তাঁরা নাকি স্বামী-স্ত্রী হিসাবে কখনওই ঠিক ছিলেন না, মনে করেন সুজ়ানের ভাই জ়ায়েদ খান।

Advertisement

সম্প্রতি এক সাক্ষাৎকারে জ়ায়েদ কথা বলেন হৃতিক ও সুজ়ানের সম্পর্ক নিয়ে। প্রাক্তন দম্পতির বিচ্ছেদ একপ্রকার অপরিহার্য ছিল বলেই মনে করেন তিনি। স্বামী-স্ত্রী হিসাবে সারাজীবন থাকবেন, এমনটা হত না। জ়ায়েদের কথায়, “জোর করে ওরা একসঙ্গে থাকার চেষ্টা করলে বিষয়টা আরও খারাপ হত। দুটো মানুষই কষ্ট পেত।” ওদের দু’জনের মনোযোগ ছিল কেবল দুই সন্তানের উপর। বিচ্ছেদের পরেও তাঁদের মধ্যে সেতুর মতো কাজ করেছে দুই সন্তান।

জ়ায়েদ জানান, তাঁদের পরিবারের সকলেই যথেষ্ট প্রগতিশীল ও পরিণত মস্তিষ্কের। তাই হৃতিক ও সুজ়ান যখন নিজেদের ভাল থাকার জন্য বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছিলেন, তখন তাঁরা কেউই আপত্তি জানাননি। তিনি বলেন, “সমাজের চাপে কিছু করতে হবে, এমন পরিবার আমরা নই। আমরা যথেষ্ট সচেতন ও শিক্ষিত এই সব বিষয়ে। ওদের মধ্যে এখনও সম্পর্ক ভাল— এই বিষয়টা অধিকাংশ মানুষই স্বাভাবিক ভাবে নিতে পারে না। তাঁদের কাছে এটা খুবই অদ্ভুত। যাঁরা বোঝেন না, তাঁদের কেউ কেউ অল্পবয়সি ও অপরিণত। বাকিরা নিজেদের জীবন নিয়েই অসুখী।”

বর্তমানে হৃতিক ও সুজ়ান দু’জনেই নিজেদের জীবনে এগিয়ে গিয়েছেন। ‘কহো না পেয়ার হ্যায়’ অভিনেতার বর্তমান প্রেমিকা সাবা আজ়াদকে জ়ায়েদ ও তাঁর গোটা পরিবারই খুব পছন্দ করেন বলেও জানান।

Advertisement
আরও পড়ুন