Cancer Primary Symptoms

সচেতনতাই বাঁচাতে পারে প্রাণ, চেনা উপসর্গের বাইরে কোন লক্ষণ হতে পারে ক্যানসারের ইঙ্গিতবাহী

ক্যানসার এমন এক অসুখ যা কাউকে রেহাই দেয় না। তবে রোগ সম্পর্কে সচেতনতা, সঠিক সময়ে রোগ নির্ণয় হলে রোগীর প্রাণ বাঁচানো যায়। চিকিৎসায় আশাজনক সাফল্যও মেলে। ঠিক সে কারণেই এই অসুখের প্রাথমিক লক্ষণ নিয়ে ওয়াকিবহাল থাকা জরুরি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৩৯
ক্যানসারের প্রাথমিক লক্ষণগুলি বুঝতে না পারলেই বিপদ। কখন সতর্ক হবেন?

ক্যানসারের প্রাথমিক লক্ষণগুলি বুঝতে না পারলেই বিপদ। কখন সতর্ক হবেন? ছবি: সংগৃহীত।

ক্যানসারের মতো মারণ অসুখও চিকিৎসার আধুনিকীকরণে অনেকটাই আয়ত্তে এসেছে। সঠিক সময়ে এই রোগ ধরা পড়লে অনেকাংশে রোগীর জীবন বাঁচানো সম্ভবও হচ্ছে। কিন্তু চিকিৎসকদের আক্ষেপ, অনেক সময়েই তা ধরা পড়তে বড্ড দেরি হয়ে যায়। যখন রোগ চিহ্নিত হয়, তখন আর রোগীর হাতে বেশি সময় থাকে না। আবার অনেক সময় উপসর্গ সামনে এলেও, শুধু রোগী বুঝতে পারেন না। তাই ক্যানসার ধরা পড়তে দেরি হয়। আর তা নিয়েই চিন্তিত চিকিৎসকেরা। তাঁরা মনে করেন, সচেতনতাই দ্রুত রোগ নির্ণয়ের পথ হতে পারে।

Advertisement

বিশ্বজুড়ে ক্যানসার সংক্রান্ত যে সমস্ত পরিসংখ্যান সামনে এসেছে তার মধ্যে ২০২৪ সালের একটি তথ্য বলছে, ক্যানসার আক্রান্ত রোগীদের তালিকায় ভারতের স্থান তৃতীয়, যা উদ্বেগের। আর ঠিক সেই কারণে, যে কোনও বয়সেই এই অসুখ নিয়ে সতর্কতা জরুরি। ক্যানসারের চিকিৎসকেরা জানাচ্ছেন, কখনও কখনও অতি সাধারণ বিষয়ও এই অসুখের ইঙ্গিতবাহী হতে পারে। কোন ক্ষেত্রে সতর্ক হবেন?

১। ক্রমাগত ক্লান্তি, ওজন কমে যাওয়া নিয়ে সতর্ক হওয়া প্রয়োজন। অনেকে দিনের পর দিন পেটের সমস্যায় ভোগেন। কারও মনে হয় অত্যধিক পরিশ্রমের ফলে ক্লান্তিবোধ হচ্ছে, কারও মনে হয় দিনের পর বদ হজমের জন্য ওজন কমছে। টিবি, ডায়াবিটিস-সহ অনেক রোগে যেমন এই ধরনের উপসর্গ হয়, তেমনই ক্যানসারের ক্ষেত্রেও তা হতে পারে। লম্বা সময় ধরে এমন সমস্যা চললে স্বাস্থ্যপরীক্ষার দরকার হতে পারে। লাগাতার পেটে অস্বস্তি ও গ্যাস হলেও নিজে নিজে ওষুধ না খাওয়াই ভাল। ওভারির ক্যানসারের কারণে এই উপসর্গ দেখা দিতে পারে। আবার তা অন্ত্র, প্রস্টেট ক্যানসারের উপসর্গও হতে পারে। তবে শুরুতেই ক্যানসার ভেবে ভয় পাওয়ারও কারণ নেই। কিন্তু চিকিৎসকের কাছে যাওয়া প্রয়োজন।

২। চিকিৎসকেরা জানাচ্ছেন, অনেক সময়ে ক্যানসার সংক্রান্ত কোনও উপসর্গ দেখা দিলেও তা নিয়মিত চোখে পড়ে না। সমস্যা হয় তখন। রোগী বুঝতেই পারেন না তাঁর কিছু হয়েছে। যেমন মলের সঙ্গে অনেক সময় রক্ত পড়ে, আবার কাশতে গিয়ে মুখ দিয়ে রক্ত ওঠে। একবার হয়তো তা হল, আবার অনেক দিন হল না। ফলে তা নিয়ে কারও তেমন মাথাব্যথা থাকে না। কিন্তু সতর্কতা জরুরি। আচমকা এমন কিছু হলে একবার চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার। মলের সঙ্গে রক্ত বা কাশতে গিয়ে রক্ত বার হতে পারে নানা কারণেই। সবই যে চিন্তার এমন নয়। তবে সতর্কতার বিকল্প নেই।

৩। টিউমার বা ব্যথাহীন ফোলা অংশ নিয়ে অবহেলা করা যাবে না। স্তন-সহ শরীরের যে কোনও অংশেই হঠাৎ করে ফোলা কিছু দেখতে পেলে চিকিৎসকের কাছে যাওয়া দরকার। ব্যথাহীন উপবৃদ্ধির বিষয়টি অনেকে বুঝতে পারেন না, কিন্তু তা অবহেলা করা ঠিক নয়।

Advertisement
আরও পড়ুন