অভিষেক বন্দ্যোপাধ্যায়। — ফাইল চিত্র।
ডিজে মামলায় অস্বস্তি বাড়ল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ নিয়ে সিআইডির সিদ্ধান্তের বিরুদ্ধে হাই কোর্টে যে মামলা করেছিলেন তৃণমূল সাংসদ, তার শুনানি ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সোমবার ওই মামলার শুনানি হয়নি। মঙ্গলবারও হবে কি না, তা-ও স্পষ্ট নয়। অন্য দিকে, নিম্ন আদালতের নির্দেশে মঙ্গলবারই অভিষেককে বিধাননগর আদালতে গিয়ে নিজের কণ্ঠস্বরের নমুনা রেকর্ড করাতে হবে। নির্ধারিত সেই সময়ের আগে হাই কোর্টে মামলার শুনানি না হলে তার আর গুরুত্ব থাকে না।
ভোটের প্রচারে ডিজে নিয়ে মন্তব্যের ঘটনায় অভিষেকের কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করাতে চায় পুলিশ। ওই পদক্ষেপের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হন তৃণমূল সাংসদ। গত বৃহস্পতিবার বিচারপতি কৌশিক চন্দ মামলা দায়ের করার অনুমতি দেন। সোমবার ওই মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু সোমবার বিচারপতি চন্দের এজলাস বসেনি। বিকল্প এজলাসে যাতে শুনানি হয়, সেই চেষ্টা করেছিলেন অভিষেকের আইনজীবীরা।
সোমবার বিকেল ৫টা নাগাদ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলাটি শুনানির জন্য উঠলে রাজ্যের আইনজীবী জানান, কিছু ক্ষণ আগে মামলার নথি দেওয়া হয়েছে। অন্য কোনও দিন শুনানি করানো হোক। ওই বিষয়ে তিনি জেনে এসে সওয়াল করবেন। রাজ্যের আইনজীবীকে ওই বিষয়ে জেনে আসতে নির্দেশ দেন বিচারপতি ঘোষ। তিনি জানান, মঙ্গলবার সংশ্লিষ্ট বেঞ্চেই মামলাটি আবার তালিকাভুক্ত হবে।
অভিষেকের আইনজীবী অয়ন ভট্টাচার্য জানান, মঙ্গলবার যে নিশ্চিত শুনানি হবে, আদালত সে বিষয়ে স্পষ্ট করে জানিয়ে দিক। প্রয়োজনে ওই দিন সকালে দৃষ্টি আকর্ষণ করা যাবে, সেই অনুমতি দেওয়া হোক। কারণ, ওই দিনই তাঁর মক্কেলকে নমুনা সংগ্রহের জন্য ডেকে পাঠানো হয়েছে। না-গেলে পুলিশ কড়া পদক্ষেপ করতে পারে।
বিচারপতি ঘোষ জানান, মঙ্গলবার মামলাটি শুনানির তালিকায় রাখা হচ্ছে। কিন্তু অন্য বেঞ্চ কী ভাবে মামলা শুনবে, তা তিনি ঠিক করে দিতে পারেন না। অভিষেকের আইনজীবীর আবেদন, সেটা সম্ভব না-হলে কমপক্ষে এক দিনের জন্য হলেও রক্ষাকবচ দেওয়া হোক। বিচারপতি সেই আবেদনে সাড়া দেননি। এই অবস্থায় মঙ্গলবার শুনানি হয় কি না, তা দেখার।
বিধানসভা নির্বাচনের আগে ভোটপ্রচারে গিয়ে অভিষেক ডিজে বাজানো নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন বলে অভিযোগ। তাঁর বিরুদ্ধে সাইবার অপরাধের ধারায় সল্টলেকে অভিযোগ দায়ের করা হয়। বিধাননগর আদালতের নির্দেশ ছিল, ৩০ জুন বিধাননগর আদালতে ম্যাজিস্ট্রেট ও ফরেনসিক বিশেষজ্ঞের উপস্থিতিতে অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে হবে। সিআইডি সেই সংক্রান্ত নোটিস দিতে অভিষেকের কালীঘাটের বাড়িতে গিয়েছিল। অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চেয়ে গত সপ্তাহে বিধাননগর আদালতের দ্বারস্থ হয়েছিল সিআইডি। সেই আবেদন মঞ্জুর করেন বিচারক।