Healthy Protein Drink

বাজারের পাউডার নয়, ঘরে তৈরি সুস্বাদু পানীয়ে মিটবে প্রোটিনের চাহিদা, রইল ৫টির সন্ধান

বাজার থেকে কেনা প্রোটিন পাউডারের পরিবর্তে প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি সুস্বাদু পানীয়গুলি হয়ে উঠতে পারে প্রোটিনের সেরা উৎস। রইল তেমনই ৫টি পানীয়ের সন্ধান।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৫ মার্চ ২০২৬ ২০:৫৫
স্বাস্থ্যকর পানীয়ে প্রোটিনের চাহিদা মিটবে।

স্বাস্থ্যকর পানীয়ে প্রোটিনের চাহিদা মিটবে। ছবি: সংগৃহীত।

প্রোটিনের চাহিদা মেটানো মানেই কি পাতে মাছ, মাংস, ডিম, দুধ, ডাল, সয়াবিন বা পনির? কিংবা প্রোটিন পাউডার দিয়ে বানানো প্রোটিন শেক? অথচ বাজার থেকে কেনা প্রোটিন পাউডারের পরিবর্তে প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি পানীয়গুলি হয়ে উঠতে পারে প্রোটিনের সেরা উৎস। প্রোটিন সমৃদ্ধ পানীয় শরীরের পেশি গঠন, শক্তিবৃদ্ধি এবং সামগ্রিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী।

Advertisement

প্রোটিনে ভরা পানীয়ের তালিকা

ছাতুর শরবত: ছোলা শুকনো খোলায় ভেজে, তাকে খোসা সমেত গুঁড়ো করে ছাতু বানানো হয়। সেই ছাতুর সরবত যেমন গরমের সময়ে পেট ঠান্ডা রাখে, তেমনই তা প্রোটিনের দারুণ উৎস। উদ্ভিজ্জ প্রোটিনের উৎস ছাতু দিয়ে শরবত বানিয়ে নিতে পারেন। সঙ্গে প্রয়োজন, ঠান্ডা জল, লেবু, বিটনুন, ব্যাস! ছাতুর পাীয় পেশি গঠন এবং মেরামতে সাহায্য করে।

ছাতুর শরবত।

ছাতুর শরবত। ছবি: সংগৃহীত

বাদাম শেক: দুধ এবং আমন্ড, দুই-ই প্রোটিনে ভরপুর। ব্লেন্ডারে মিশিয়ে বাদামের শেক বানিয়ে খেলে শরীরে প্রোটিনের চাহিদা মিটবে, পাশাপাশি গায়ে জোরও পাওয়া যাবে। এতে রয়েছে স্বাস্থ্যকর ফ্যাটও। শরীরচর্চার পরে এই পানীয় থাকতেই পারে আপনার খাদ্যতালিকায়।

ঘোল: টক দই আর জল ফেটিয়ে ঘোল বানিয়ে খেতে পারেন প্রোটিনের চাহিদা মেটাতে। রোদের তাপ থেকে শরীরকে ঠান্ডা রাখতেও এই পানীয়ের জুড়ি মেলা ভার। এই পানীয়ে প্রোটিনের পাশাপাশি প্রোবায়োটিকের গুণও মিলবে। অনেকেই এতে শুকনো খোলায় ভাজা জিরে, কারিপাতা বা ধনেপাতাও মেশাতে পছন্দ করেন।

লস্যি: দইয়েরই আর এক রূপ। ঘোলের মতো পাতলা নয় লস্যি, বরং ঘন করে বানানো হয়। তাই ঘোলের চেয়ে এতে প্রোটিনের পরিমাণ বেশি। অল্প নুন আর চিনি মিশিয়ে বানানো হয় প্রোটিনে ভরা এই পানীয়।

লস্যি।

লস্যি। ছবি: সংগৃহীত

মুগ ডালের স্যুপ: মুগ ডাল দিয়ে স্যুপ বানিয়েও খাওয়া যায়। এই পানীয়ের সাহায্যেও দেহে প্রোটিনের চাহিদা মেটানো যায়। উদ্ভিজ্জ প্রোটিনের উৎস ডাল হজম করাও কঠিন নয়। ফলে প্রোটিনের জন্য এমন পানীয় রাখতে পারেন রোজের ডায়েটে। আদা, জিরে, গোলমরিচ যোগ করে ডালের স্যুপটি সুস্বাদুও বানানো যায়।

Advertisement
আরও পড়ুন