Magic Water

শুধু ডায়েট নয়, ভাগ্যশ্রীর ছিপছিপে চেহারার কারণ এক ‘জাদু’ পানীয়, খালি পেটে খেলেই ওজন কমবে

ষাট ছুঁইছুঁই বয়সেও এত জেল্লাদার ত্বক। ছিপছিপে গড়ন। বলিরেখার ভাঁজ পড়েনি চেহারায়। ভাগ্যশ্রীর এমন চেহারার রহস্য এক বিশেষ ধরনের ‘ডিটক্স’ পানীয়। সেটি কী এবং কী ভাবে খেলে উপকার হবে, তা নিজেই জানিয়েছেন অভিনেত্রী।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৩৮
Bhagyashree shares her magic water recipe

কোন পানীয় খেলেও ওজন কমবে, সুন্দর হবে চেহারার গড়ন। ছবি: সংগৃহীত।

ষাট ছুঁইছুঁই বয়স। অথচ তাঁকে দেখলে এখনও সদ্য চল্লিশ পার করা যুবতী মনে হয়। এই বয়সেও তাঁর চেহারা, তাঁর ত্বকের জেল্লা দেখে অবাক হন ভক্তেরা। মাঝেমধ্যেই নিজের ইনস্টাগ্রাম পেজে শরীরচর্চা ও খাওয়াদাওয়ার রুটিন নিয়ে নানা পরামর্শ দেন অভিনেত্রী। কী জাদুমন্ত্রে তিনি এত ফিট ও চনমনে থাকেন, তা-ও ভাগ করে নেন সকলের সঙ্গে। এ বার আরও এক বিশেষ রকম টোটকা নিয়ে নিজের বক্তব্য জানিয়েছেন ভাগ্যশ্রী। লিখেছেন, তিনি এমন এক বিশেষ পানীয় রোজ সকালে খালি পেটে খান, যা খেলেই ওজন নিয়ন্ত্রণে থাকে। শুধু ওজন কমে তা-ই নয়, ত্বক ও চুলও জেল্লাদার হয়ে ওঠে। শরীর ‘ডিটক্স’ করতে ওই পানীয়ের জুড়ি মেলা ভার।

Advertisement

বয়স হলে চেহারায় তার ছাপ পড়বেই। চামড়া ঝুলে যাবে, চেহারার টানটান ভাবটা উধাও হবে। পেশি শিথিল হবে, ফলে বয়সজনিত নানা সমস্যা বাড়বে। কিন্তু এ সব থেকে যদি রেহাই পেতে হয়, তা হলে শরীরে জমা টক্সিন বা দূষিত পদার্থ দূর করতে হবে সবচেয়ে আগে। এই টক্সিন রোজের খাওয়াদাওয়া থেকেই ঢোকে শরীরে এবং সময়ের আগেই চেহারায় বার্ধক্যের ছাপ এনে দেয়। টক্সিন যদি দূর করতে হয় ও চেহারার প্রাণবন্ত ভাব ধরে রাখতে হবে, তা হলে শুধু জল বা ফলের রস খেলে কাজ হবে না। প্রয়োজন এক ‘জাদু’ পানীয়ের।

ভাগ্যশ্রীর ‘জাদু’ পানীয়টি কী?

এক গ্লাস জলে ৫-৬টি লবঙ্গ, দারচিনির ৩টি ছোট টুকরো, দু’টি চক্রফুল, তিনটি তেজপাতা, একমুঠো পুদিনাপাতা এবং ৩-৪টি ছোট এলাচ ভিজিয়ে রাখতে হবে সারা রাত। সকালে ছেঁকে নিয়ে হালকা গরম করে এই পানীয়টি পান করতে হবে। টানা দু’সপ্তাহ সকালে খালি পেটে এই পানীয়টি পান করলেই শরীরে বদল লক্ষ্য করা যাবে। ওজন তো কমবেই, ত্বক ও চুলের স্বাস্থ্যও ভাল হবে।

কী উপকার এই পানীয়ের?

লবঙ্গ ভেজানো জল নিয়মিত খেলে গ্যাস-অম্বলের সমস্যা কমবে, হজমশক্তি বাড়বে। পানীয়টি অন্ত্রে থাকা উপকারী ব্যাক্টেরিয়াগুলিকে উদ্দীপিত করে, ফলে বিপাকহার বাড়ে। এতে ওজন কমে খুব তাড়াতাড়ি। তা ছাড়া পানীয়টি অ্যান্টি-অক্সিড্যান্টে সমৃদ্ধ, তাই রোজ খেলে শরীরে রোগ প্রতিরোধক্ষমতাও বাড়বে।

খাবার হজম করার উৎসেচক ক্ষরণে তেজপাতা বেশ উপকারী। শরীর থেকে দূষিত পদার্থ বার করে দেওয়ার নেপথ্যেও তেজপাতার হাতযশ রয়েছে। তেজপাতা ভেজানো জল রক্তে ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রণে রাখে। হার্টের জন্যও এই পানীয়টি ভাল।

পানীয়টিতে ছোট এলাচ, পুদিনাপাতাও রয়েছে। এই দুইয়েরই প্রদাহনাশক গুণ রয়েছে। পেটের নানা সমস্যা এবং হজমের সমস্যা থেকে মুক্তি দিতে কার্যকর। বুক জ্বালা, বমি বমি ভাব থাকলে এই পানীয়টি খেলে উপকার পাওয়া যাবে। দেহের ক্ষতিকর টক্সিন দূর করে দিতে এলাচের কোনও জুড়ি নেই। যাঁদের ত্বকে বয়সের ছাপ পড়তে শুরু করেছে, তাঁরা নিয়মিত এই পানীয়টি পান করলে ত্বক টানটান হবে, বলিরেখা দূর হবে।

Advertisement
আরও পড়ুন