Weight Loss Tips

ডায়েটের খাবার আর ভাল লাগছে না? স্বাদ বদলাতে পাঁপড় খেলেও কি ওজন বেড়ে যেতে পারে?

ডায়েট করলে খাওয়াদাওয়ায় চলে আসে অনেক বিধিনিষেধ। রোজ রোজ ডায়েটের খাবার খেতে খেতে মুখে অরুচি আসে। স্বাদ বদলাতে পাঁপড় খেলে কি ওজন বাড়তে পারে?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০১ জুলাই ২০২৬ ১২:২৩
সেঁকা পাঁপড় খেলেও কি ওজন বাড়তে পারে?

সেঁকা পাঁপড় খেলেও কি ওজন বাড়তে পারে? ছবি: সংগৃহীত।

সন্ধ্যাবেলা মুড়ি খেতে ইচ্ছে হলে অনেকেই পাঁপড়ের সঙ্গে খান, ডাল-ভাতের সঙ্গে পাঁপড় না হলে অনেকের চলে না। আবার চাটনির স্বাদ অনেকের কাছেই পাঁপড় ছাড়া অসম্পূর্ণ। উত্তর বা দক্ষিণ ভারতের নানা প্রান্তেই পাঁপড় খাওয়ার চল। স্থানভেদে পাঁপড়ের ধরন বদলে যায়। দক্ষিণ ভারতে চালের পাঁপড় জনপ্রিয়, রাজস্থানে আবার বেসনের পাঁপড়ের চল বেশি, আবার পঞ্জাবীরা খান বিউলির ডালের পাঁপড়। এ ছাড়াও রসুন, পেঁয়াজ, লঙ্কা, কাঁচা আম-সহ নানা রকম স্বাদের পাঁপড় বিক্রি হয় বাজারে।

Advertisement

তবে ডায়েট করলে কি পাঁপড় খাওয়া যায়? পুষ্টিবিদেরা বলছেন, ডায়েট করলে পাঁপড় না খাওয়াই ভাল। তেলে ভাজা পাঁপড় খেলে ক্যালরি বাড়বে, তাই অনেকেই এয়ার ফ্রায়ারে বা গ্যাসে সেঁকে পাঁপড় খান। অনেকেই ভাবেন পাঁপড় সেঁকে খাওয়ায় সমস্যা নেই, ওজন বাড়বে না। কিন্তু পুষ্টিবিদদের মতে, তাতেও সমস্যা আছে।

পাঁপড়ে পুষ্টিগুণ তেমন থাকে না বললেই চলে। স্বাদে ভাল লাগে বলেই পাঁপড় খাওয়া হয়। স্বাদে ভাল লাগে বলে একটার পর একটা পাঁপড় খেয়ে মুখ চলতেই থাকে। একটি পাঁপড়ে মোটামুটি ৩৫-৪০ ক্যালোরি থাকে। পাঁপড় খাওয়া মানেই শরীরে অপ্রয়োজনীয় ক্যালোরি ঢুকছে। এ ছাড়া বাজারে যে সব পাঁপড় বিক্রি হয়, তাতে অনেক সময় বাড়তি মাত্রায় নুন ব্যবহার হয়। সোডিয়াম জরুরি হলেও, অতিরিক্ত নুন স্বাস্থ্যের পক্ষে ভাল নয়। নুন বেশি খেলে শরীরে ‘ওয়াটার রিটেনশন’ বেশি হয়। পেট সব সময় ফেঁপে থাকে। তাই ওজন কমানোর ডায়েটে পাপড় না রাখাই ভাল।

Advertisement
আরও পড়ুন