Amazon Prime

প্রাইম ভিডিয়োয় বিজ্ঞাপন দেখানো এবং বিজ্ঞাপনমুক্ত স্ট্রিমিংয়ের জন্য অতিরিক্ত অর্থ আদায় কেন? আদালতে প্রশ্নের মুখে অ্যামাজ়ন

‘অস্ট্রেলিয়ান কম্পিটিশন অ্যান্ড কনজ়িউমার কমিশন (এসিসিসি)’ ফেডারেল কোর্টে অ্যামাজ়ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই মামলাটি দায়ের করেছে। এসিসিসির অভিযোগ, অ্যামাজ়ন প্রাইমের সাবস্ক্রিপশন চুক্তিতে এমন কিছু অন্যায্য শর্ত ছিল যা গ্রাহকদের কোনও ক্ষতিপূরণ না দিয়েই স্ট্রিমিং পরিষেবায় বড় ধরনের পরিবর্তন এনেছিল।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০১ জুলাই ২০২৬ ১৩:২৩
Amazon is facing legal action in Australia for introducing ads in Prime Video and for charging extra for ad-free streaming

ছবি: ফাইল থেকে।

অস্ট্রেলিয়ায় আইনি পদক্ষেপের মুখে পড়ল বহুজাতিক মার্কিন ই-কমার্স সংস্থা অ্যামাজ়ন। দেশটির প্রতিযোগিতা বিষয়ক নিয়ন্ত্রক সংস্থা অভিযোগ করেছে যে, অন্যায্য ভাবে বিজ্ঞাপন চালু করেছে অ্যামাজ়নের ভিডিয়ো স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘প্রাইম ভিডিয়ো’। বিজ্ঞাপন ছাড়া সিনেমা-সিরিজ় দেখা চালিয়ে যাওয়ার জন্য গ্রাহকদের কাছ থেকে সংস্থাটি অতিরিক্ত অর্থ দাবি করছে বলেও অভিযোগ উঠেছে।

Advertisement

‘অস্ট্রেলিয়ান কম্পিটিশন অ্যান্ড কনজ়িউমার কমিশন (এসিসিসি)’ ফেডারেল কোর্টে অ্যামাজ়ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই মামলাটি দায়ের করেছে। এসিসিসির অভিযোগ, অ্যামাজ়ন প্রাইমের সাবস্ক্রিপশন চুক্তিতে এমন কিছু অন্যায্য শর্ত ছিল যা গ্রাহকদের কোনও ক্ষতিপূরণ না দিয়েই স্ট্রিমিং পরিষেবায় বড় ধরনের পরিবর্তন এনেছিল। নিয়ন্ত্রক সংস্থার তথ্য অনুযায়ী, ২০২৩ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের অগস্টের মধ্যে ১০ লাখেরও বেশি বার্ষিক প্রাইম গ্রাহক এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

২০২৪ সালে প্রাইম ভিডিয়োয় বিজ্ঞাপন চালু করার সিদ্ধান্তের বিষয়টিই এই মামলার মূল কেন্দ্রবিন্দু। এসিসিসি জানিয়েছে, যে সব গ্রাহক আগে থেকেই বার্ষিক প্রাইম মেম্বারশিপের জন্য অর্থ প্রদান করেছিলেন, তাঁরা হঠাৎ করেই বিজ্ঞাপন-সহ স্ট্রিমিং পরিষেবা পেতে শুরু করেন। আর যাঁরা বিজ্ঞাপন ছাড়া দেখা চালিয়ে যেতে চেয়েছিলেন, তাঁদের অতিরিক্ত টাকা দিতে বলা হয়েছিল।

সংবাদসংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী এক বিবৃতিতে এসিসিসি-র চেয়ার জিনা ক্যাস-গটলিব বলেছেন, ‘‘আমাদের অভিযোগ হল অ্যামাজ়ন অস্ট্রেলিয়া তাদের বার্ষিক প্রাইম গ্রাহকদের সঙ্গে করা চুক্তিতে একাধিক অন্যায্য শর্ত যুক্ত করেছিল এবং পরবর্তীতে অ্যামাজ়ন প্রাইম ভিডিয়োয় বিজ্ঞাপন চালুর ক্ষেত্রে তারা এই শর্তগুলিরই কিছু অংশকে কাজে লাগিয়েছিল।’’

নিয়ন্ত্রক সংস্থার মতে, ২০২৪ সালের জুলাইয়ের পর যে সব গ্রাহক বিজ্ঞাপন-মুক্ত স্ট্রিমিং পরিষেবা চালিয়ে যেতে চেয়েছিলেন, তাঁদের বার্ষিক প্রাইম মেম্বারশিপের জন্য আগেই ৭৯ অস্ট্রেলীয় ডলার পরিশোধ করা সত্ত্বেও প্রতি মাসে অতিরিক্ত ২.৯৯ অস্ট্রেলীয় ডলার দিতে হয়েছে। যখন এই বিজ্ঞাপন ব্যবস্থা চালু করা হয়, তখন সাড়ে ৮ লক্ষেরও বেশি অস্ট্রেলীয় গ্রাহক ইতিমধ্যেই এক বছরের সাবস্ক্রিপশনের জন্য অগ্রিম অর্থ প্রদান করেছিলেন।

উল্লেখ্য, অ্যামাজ়নের এই মামলাটি কেবল প্রাইম ভিডিয়োয় বিজ্ঞাপন দেখানো সংক্রান্ত নয়। এসিসিসি-র অভিযোগ, অ্যামাজ়ন চুক্তির পাঁচটি অন্যায্য শর্তের ওপর ভিত্তি করে কাজ করেছিল। এই শর্তের মাধ্যমে গ্রাহকদের কোনও অর্থ ফেরত বা উপযুক্ত ক্ষতিপূরণ না দিয়েই প্রাইম ভিডিয়ো পরিষেবায় বড় ধরনের পরিবর্তন আনার সুযোগ করে দিয়েছিল অ্যামাজ়ন। অস্ট্রেলীয় নিয়ন্ত্রক সংস্থার তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ১ নভেম্বর থেকে ২০২৫-এর ১৮ অগস্টের মধ্যে ১০ লাখেরও বেশি গ্রাহকের সঙ্গে করা চুক্তিতে এই শর্তগুলি অন্তর্ভুক্ত ছিল। নিয়ন্ত্রক সংস্থা আরও অভিযোগ করেছে যে, ‘অ্যামাজ়ন ডট কম সার্ভিসেস এলএলসি’ অস্ট্রেলীয় সাবস্ক্রিপশন চুক্তির খসড়া তৈরিতে জড়িত ছিল এবং জেনেশুনেই এই কার্যক্রমে অংশ নিয়েছিল।

২০২৪ সালে প্রাইম ভিডিয়োয় বিজ্ঞাপন চালু হওয়ার বিষয়ে গ্রাহকদের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে এসিসিসি। নিয়ন্ত্রক সংস্থাটি অ্যামাজ়নের বিরুদ্ধে আদালতে আর্থিক জরিমানা, গ্রাহকদের প্রতিকার নিশ্চিতকরণ, আইনি খরচ আদায় এবং অন্যান্য নির্দেশে জারির আবেদন জানিয়েছে। অন্য দিকে, অ্যামাজ়ন অস্ট্রেলিয়ার এক মুখপাত্র রয়টার্সকে জানিয়েছেন, তাঁদের সংস্থা এসিসিসি-র দায়ের করা মামলাটি বিস্তারিত ভাবে পর্যালোচনা করছে এবং তদন্ত চলাকালীন নিয়ন্ত্রক সংস্থাকে পূর্ণ সহযোগিতা করবে।

অ্যামাজ়নের প্রাইম মেম্বারশিপের অংশ হিসেবে এক দশকেরও বেশি সময় ধরে প্রাইম ভিডিয়ো একটি বিজ্ঞাপন-মুক্ত স্ট্রিমিং পরিষেবা পৌঁছে দিচ্ছিল গ্রাহকদের। এই মেম্বারশিপের আওতায় ই-কমার্স সংস্থায় কেনাকাটার সুবিধা, দ্রুত পণ্য সরবরাহ এবং বিনোদন পরিষেবার মতো সুবিধাগুলি অন্তর্ভুক্ত থাকে। তবে ২০২৪ সালের শুরুর দিকে অ্যামাজন বিশ্ব জুড়ে বিভিন্ন বাজারে প্রাইম ভিডিয়োয় বিজ্ঞাপন দেখানো শুরু করে। তার পরেই বিষয়টি নিয়ে বিতর্ক মাথাচাড়া দেয়।

Advertisement
আরও পড়ুন