পায়ের চোট সারিয়ে দ্রুত মাঠে ফিরলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কিন্তু কী ভাবে? ছবি: সংগৃহীত।
ইচ্ছেটাই আসল! তা ফের প্রমাণ করলেন ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পর্তুগালের এই ফুটবল খেলোয়াড় সম্প্রতি হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে কাহিল হয়ে পড়েছিলেন। মাঠ থেকে বিরতিও নিতে হয়েছিল। যে খবর শোনার পরে প্রিয় তারকার সুস্থতা নিয়ে চিন্তিত হয়ে পড়েছিলেন অনুরাগীরা। অবশেষে তাঁদের সুসংবাদ দিলেন সিআরসেভেন নিজেই। মাঠে ফিরেছেন তিনি। দিন কয়েক আগেই সমাজমাধ্যমে নিজের জিম সেশনের ছবি পোস্ট করে ভক্তদের আশ্বস্ত করেছিলেন তারকা। বুঝিয়েছিলেন সুস্থ হওয়ার পথে অনেকটাই এগিয়ে গিয়েছেন তিনি। সেই অধ্যবসায়ের দৌলতেই অবশেষে বিরতি কাটিয়ে মাঠে ফিরেছেন তারকা। কিন্তু হ্যামস্ট্রিংয়ের অমন বড় আঘাত তিনি সারিয়ে তুললেন কী ভাবে?
রোনাল্ডোর জিম সেশনের ছবিতে দেখা যাচ্ছে, তাঁর শরীরচর্চায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছিল ‘লেগ এক্সটেনশন’ এবং স্ট্রেংথ ট্রেনিংয়ের উপর। ফিটনেস প্রশিক্ষক গরিমা গয়াল ওই পোস্ট শেয়ার করে জানিয়েছেন, ‘লেগ এক্সটেনশন’ পায়ের পেশির সুস্থতার জন্য তো বটেই, সামগ্রিক ভাল থাকার জন্যও অত্যন্ত জরুরি। সঠিক পদ্ধতিতে করতে পারলে ওই শরীরচর্চায় অনেকেই উপকার পেতে পারেন।
মাঠে ফেরার কয়েক সপ্তাহ আগে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর লেগ এক্সটেনশন। ছবি: রোনাল্ডোর ইনস্টাগ্রাম থেকে।
কেন ওই শরীরচর্চা উপকারী?
১। লেগ এক্সটেনশন হল এক ধরনের ‘ওপেন-চেইন কাইনেটিক এক্সারসাইজ’, যা ঊরুর সামনের পেশি বা কোয়াড্রিসেপসকে সরাসরি প্রভাবিত করে। এতে শুধু পেশির শক্তিবৃদ্ধিই হয় না, তার পাশাপাশি পায়ের গঠন এবং পেশির সামগ্রিক স্বাস্থ্য উন্নত করতেও সাহায্য করে।
২। যে কোনও চোট বা আঘাত সামলাতে হলে অথবা বয়স কালে পেশিদৌর্বল্যের সঙ্গে যুঝতে হাঁটু মজবুত হওয়া দরকার সবার আগে। গরিমা বলছেন, ‘‘লেগ এক্সটেনশন করার সময় যে ‘টর্ক ফোর্স’ বা ঘূর্ণন শক্তি তৈরি হয়, তা হাঁটুর প্যাটেলার লিগামেন্ট বা হাঁটুর সঙ্গে জুড়ে থাকা গুরুত্বপূর্ণ পেশিতন্তুগুলিকে অনেক বেশি শক্তিশালী করে।’’ এর ফলে ভবিষ্যতে চোট পাওয়ার ঝুঁকি অনেকখানি কমে যায়।
৩। বয়স ৪০ পেরনোর পরে এমনিতেই শরীরের পেশি, বিশেষ করে পায়ের পেশির জোর কমতে শুরু করে। লেগ এক্সটেনশনের মতো শরীরচর্চা পা এবং হাঁটু মজবুত করে, যা সার্বিক স্বাস্থ্য ভাল রাখার জন্যই জরুরি।
কেব্ল চেস্ট ফ্লাই অভ্যাস করছেন তারকা ফুটবলার। ছবি: রোনাল্ডোর ইনস্টাগ্রাম থেকে।
আর কোন কোন ব্যায়াম করছেন রোনাল্ডো?
হ্যামস্ট্রিং চোটের জন্য চিকিৎসা এবং বিশেষ শরীরচর্চার পাশাপাশি রোনাল্ডো সমান গুরুত্ব দিয়েছেন শরীরের উপরের অংশের পেশির মেরামতিতেও। জিমের ছবিতে তাঁকে ‘কেব্ল চেস্ট ফ্লাই’ এবং ‘কেব্ল ক্রসওভার’-এর মতো ব্যায়াম করতেও দেখা গিয়েছে। গরিমা জানিয়েছেন, ওই ধরনের ব্যায়াম বুকের পেশি বা পেক্টোরাল মাসলকে সচল ও শক্তিশালী করতে উপযোগী।
রোনাল্ডোর থেকে কী শেখা যায়?
শুধু ব্যায়াম বা শরীরচর্চা নয়। রোনাল্ডোর দ্রুত সেরে ওঠার নেপথ্যে আসলে যেটি কাজ করেছে, তা হল শৃঙ্খলা এবং ধারাবাহিকতা। রোনাল্ডোর মতো তারকাদের আদলে চেহারা বানাতে উৎসাহী হন অনেকেই। আবার কেউ কেউ নিজের দীর্ঘ সুস্থ জীবনের কথা মাথায় রেখেও শরীরচর্চায় মন দেন। কিন্তু তার জন্য শুধু কয়েক দিনের শরীরচর্চা বা জেদ যথেষ্ট নয়। দরকার লেগে থাকার ইচ্ছে আর নিজেকে প্রতি দিন টেনে নিয়ে গিয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যের সামনে দাঁড় করানোর ধারাবাহিকতা। যদিও রোনাল্ডো এক বার বলেছিলেন, ‘‘ধারাবাহিকতা ভাল, কিন্তু উন্মাদনা নয়।’’ কিন্তু তাঁর বন্ধু এবং সতীর্থরা মনে করেন রোনাল্ডোর মতো ধারাবাহিকতা বজায় রাখার জন্য অবিশ্বাস্য রকমের জেদ আর কিছুটা উন্মাদনা থাকা দরকার।