Curd-Based Dishes

পেটের সমস্যা কমছে না, রুটি বা ভাজাভুজি নয়, দই দিয়ে তৈরি কী কী খাবার নিয়ে যেতে পারেন টিফিনে?

গ্যাস-অম্বলের সমস্যা অনেকেরই থাকে। ইদানীং কালে পেটের সমস্যা বড় ভোগাচ্ছে। তাই খাওয়াদাওয়া মেপেই করছেন। কিন্তু টিফিনে রোজ কী নিয়ে যাবেন, বুঝতে পারছেন না। রুটি, পরোটা বা ভাজাভুজি নয়, টিফিনের জন্য বানিয়ে নিন দই দিয়ে তৈরি সুস্বাদু ও স্বাস্থ্যকর কিছু খাবার।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:২৬
Curd for healthy gut, these are some healthy recipes to sooth your digestion

টিফিনের জন্য দই দিয়ে তৈরি কিছু খাবারের রেসিপি। ছবি: এআই সহায়তায় প্রণীত।

পেটের সমস্যায় অনেকেই ভোগেন। আবহাওয়া বদলের সময়ে পেটের রোগ অনেক বেড়ে যায়। ঘন ঘন পেটখারাপ বা বমি ভাব, শরীরে অস্বস্তি থেকেই যাচ্ছে। ওষুধেও তা ঠিকমতো কমছে না। তার উপর যদি গ্যাস-অম্বলের সমস্যা কারও থাকে, তা হলে আরও সাবধান হওয়া জরুরি। খাওয়াদাওয়া মেপে করছেনই, তবে অফিসে রোজের টিফিনে কী নিয়ে যাবেন সে নিয়েই ভাবনা হচ্ছে। দীর্ঘ সময় টিফিন বাক্সে রেখে দেওয়া যাবে এবং স্বাস্থ্যকরও হবে, এমন কিছু খাবারের যদি খোঁজ করেন, তা হলে দই হতে পারে সেরা উপায়। দই দিয়ে এমন খাবার বানিয়ে নিন, যা সুস্বাদু এবং পেটের জন্যও ভাল। রইল তেমনই কিছু রেসিপি।

Advertisement

সুজির দই ইডলি

সুজি ও দই দিয়ে চটজলদি ইডলি বানিয়ে নেওয়া যায়। এক কাপ সুজি ও আধ কাপ দই মিশিয়ে ১৫ মিনিট রেখে দিন। সামান্য ইনো বা বেকিং সোডা মিশিয়ে রাখুন। এর পর ইডলি মেকারে ভাপিয়ে নিন। ইডলি মেকার না থাকলে একটি বড় পাত্রে জল নিয়ে তার উপর একটি স্ট্যান্ড বসিয়ে দিন। ঢাকা দিয়ে জল ফুটতে দিন। জল ফুটে গেলে ঢাকা খুলে স্ট্যান্ডের উপর একটি ছোট থালা বসিয়ে তার উপরে ইডলির মিশ্রণ ঢেলে রাখা বাটি বসিয়ে উপর থেকে এমন ভাবে ঢাকা দিন, যাতে জলের ভাপ বেরিয়ে না যায়। এতে তেল থাকে না, পেটের গোলমালের ভয়ও নেই।

সব্জি-দইয়ের স্যালাড

এক বাটির মতো মটর সেদ্ধ করে নিন। ২০০ গ্রাম পনির ছোট ছোট টুকরো করে কেটে হালকা ভেজে নিন। একটি পাত্রে সেদ্ধ মটর, পনির ও সঙ্গে শসা, গাজর, টম্যাটো কুচি মিশিয়ে নিন। উপর থেকে জল ঝরানো ঘন টক দই এবং ধনেপাতা কুচি ছড়িয়ে নিন। এই স্যালাড প্রোটিন সমৃদ্ধ ও পেটের জন্য ভাল।

দই-ওট্সের প্যানকেক

এক কাপের মতো ওট্‌স শুকনো খোলায় নেড়ে নিয়ে গুঁড়িয়ে নিন। তার সঙ্গে মেশান আধ কাপের মতো জল ঝরানো ঘন টক দই। ওই মিশ্রণে গাজরকুচি, কাঁচালঙ্কাকুচি, ধনেপাতাকুচি মিশিয়ে নিন। সামান্য নুন ও গোলমরিচ ছড়িয়ে ভাল করে ফেটিয়ে নিন। এ বার প্যানে সামান্য তেল বা মাখন গরম করে, ওই মিশ্রণ থেকে গোল গোল করে নিয়ে প্যানকেকের মতো গড়ে নিন। দু’পিঠ হালকা বাদামি করে ভেজে নিন।

মশলা দেওয়া দই-ভাত

একটি বাটিতে টক দই ফেটিয়ে নিয়ে তাতে ভাত মিশিয়ে নিন। কড়াইয়ে তেল গরম করে সর্ষে, কারিপাতা, শুকনো লঙ্কা আর হিং ফোড়ন দিন। তাতে এ বার ছোলার ডাল, নুন, চিনি দিন। তার পরে দই মাখা ভাত কড়াইয়ে দিয়ে ঝটপট নেড়েচেড়ে নিয়ে নামিয়ে নিন। উপর থেকে বেদানা আর সামান্য ধনেপাতা কুচি মিলেই তৈরি হয়ে যাবে দই-ভাত।

Advertisement
আরও পড়ুন