Cold Sandwich Recipe

গরমে গলদঘর্ম, অফিস বা খুদের টিফিনে থাকুক ঠান্ডা কিছু, কী ভাবে বানাবেন ‘কোল্ড স্যান্ডইউচ’

এই গরমে টিফিনে থাকুক ঠান্ডা স্যান্ডউইচ। গ্রিল করা স্যান্ডউইচে যেমন পাউরুটি সেঁকে নেওয়া হয়, এ ক্ষেত্রে তেমনটা হয় না। বরং এটি খাওয়া যায় ঠান্ডা অবস্থাতেই। জেনে নিন কোল্ড স্যান্ডউইচ তৈরির তিন পন্থা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৩ মে ২০২৬ ১৮:০৯
গরমে টিফিনে থাকুক ঠান্ডা স্যান্ডউইচ। কী ভাবে তা বানায় শিখে নিন।

গরমে টিফিনে থাকুক ঠান্ডা স্যান্ডউইচ। কী ভাবে তা বানায় শিখে নিন। ছবি:সংগৃহীত।

গরমে গরম খাবার দেখলেই যেন বিরক্তি আসছে। খেতে ইচ্ছা করছে ঠান্ডা কিছু। তবে শরবত, পানীয় বা কোল্ড কফিতে তো পেট ভরে না! আবার রুটি-পরোটা ঠান্ডা খাওয়া যায় না। বদলে এই গরমে টিফিনে থাকুক ঠান্ডা স্যান্ডউইচ। গ্রিলড স্যান্ডউইচে যেমন পাউরুটি গ্রিল করা হয় বা সেঁকে নেওয়া হয়, এ ক্ষেত্রে তেমনটা হয় না। বরং এটি খাওয়া যায় ঠান্ডা অবস্থাতেই। জেনে নিন কোল্ড স্যান্ডউইচ তৈরির তিন পন্থা।

Advertisement

মুরগির মাংস এবং টক দইয়ের মিশেল

টক দই দিয়ে স্যান্ডউইচ।

টক দই দিয়ে স্যান্ডউইচ। ছবি:সংগৃহীত।

স্যান্ডউইচ এমন হওয়া দরকার যেন তাতে পেট ভরে, শরীর প্রয়োজনীয় পুষ্টি পায়। এ জন্য মুরগির মাংস নুন, হলুদ, রসুনকুচি, গোলমরিচ দিয়ে সেদ্ধ করে ছাড়িয়ে নিন। টক দই জল ঝরিয়ে ক্রিমের মতো করে নিন। মুরগির মাংসের টুকরো, জল ঝরানো টক দই, পেঁয়াজ, লেটুস, মিহি করে কাটা গাজর ভাল করে মাখিয়ে নিন। যোগ করুন গোলমরিচের গুঁড়ো, স্বাদমতো নুন এবং আধ টেবিল চামচ অলিভ অয়েল।

পাউরুটির চার ধারের খয়েরি প্রান্ত কেটে, দু’টি পাউরুটির মধ্যে পুর দিয়ে স্যান্ডউইচ বানিয়ে নিন। পাউরুটি সেঁকতে হবে না। খাওয়া যাবে ঠান্ডাই।

হুমাস স্যান্ডউইচ

হুমাস দিয়ে বানিয়ে নিন কোল্ড স্যান্ডউইচ।

হুমাস দিয়ে বানিয়ে নিন কোল্ড স্যান্ডউইচ। ছবি:সংগৃহীত।

মধ্যপ্রাচ্যে কাবলি ছোলা দিয়ে তৈরি হুমাস খাওয়ার চল রয়েছে। এটি কিছুটা ঘন ক্রিমের মতো, তবে অত্যন্ত স্বাস্থ্যকর। খাওয়া হয় ঠান্ডা অবস্থায়। হুমাস দিয়েই তৈরি করতে পারেন ঠান্ডা স্যান্ডউইচ। কাবলি ছোলা এবং অলিভ অয়েল এবং সাদা তিলের চাটনি দিয়ে তৈরি হয় বলে প্রোটিন এবং স্বাস্থ্যকর ফ্যাট-দুই-ই মেলে এতে।

কৌটোজাত হুমাস পাওয়া যায়, তবে স্বাস্থ্যের কথা ভাবলে বাড়িতেও তা বানিয়ে রাখতে পারেন। এ জন্য ভেজানো কাবলি ছোলা সেদ্ধ করে ঠান্ডা জলে ধুয়ে নিন। ধোয়ার সময় হাত দিয়ে রগড়ে খোসা বার করে দিতে হবে। মিক্সারে কাবলি ছোলার সঙ্গে কয়েক কোয়া রসুন, তাহিনী (সাদা তিলের সস), পাতিলেবুর রস, নুন, অলিভ অয়েল যোগ করে ঘুরিয়ে নিতে হবে। ঘন ক্রিমের মতো মিশ্রণটি হুমাস। পাউরুটির মধ্যে বেশ পুরু করে হুমাসের পুর দিন। তার উপরে দিন ঠান্ডা লেটুস, ঠান্ডা করা সেদ্ধ সুইটকর্ন। পেঁয়াজকুচি উপর থেকে ছড়িয়ে দিন। তা হলেই তৈরি হয়ে যাবে গরমের দিনের বিশেষ স্যান্ডউইচ।

চাটনি স্যান্ডউইচ

স্যান্ডউইচের ভারতীয়করণ বলা যায় একে। পুদিনাপাতা পেট ঠান্ডা করে। টক দইও পেটের জন্য ভাল। ধনেপাতা, পুদিনাপাতা, রসুনকুচি, টক দই, পাতিলেবুর রস, লঙ্কা, নুন, স্বাদমতো চিনি এবং অলিভ অয়েল দিয়ে মিক্সারে ঘুরিয়ে নিন। যোগ করতে পারেন ভাজা চিনেবাদামও। মিশ্রণটি পাউরুটির মধ্যে পুর হিসাবে দিয়ে স্যান্ডউইচ বানিয়ে নিন।

Advertisement
আরও পড়ুন