Health Check Up

বাড়িতে যা যা রাখতে পারেন

কোয়েনা দাশগুপ্ত
শেষ আপডেট: ২০ জুন ২০২৬ ০৬:৫৮

ডায়াবিটিস, উচ্চ রক্তচাপ, হৃদ্‌যন্ত্রের সমস্যা এখন ঘরে ঘরে। উচ্চ রক্তচাপ কিংবা ডায়াবিটিস এক-দু’দিন বা চিকিৎসকের কাছে বসে তৎক্ষণাৎ মাপলে সমস্যা আদতে বোঝা যায় না। তার জন্য প্রয়োজন রোজ দিনের বিভিন্ন সময়ের মাপ। তার জন্য বাড়িতেই রাখতে পারেন কিছু চিকিৎসা সরঞ্জাম—

  • ওয়েইং স্কেল: বাড়িতে বয়স্ক মানুষ থাকলে, হার্ট বা কিডনির সমস্যা হলে ওজনের বাড়া-কমার তারতম্যের দিকে খেয়াল রাখতে কাজে লাগবে। বডি ফ্যাট অ্যানালাইজ়ার স্কেলও বাড়িতে রাখতে পারেন। তাতে ওজনের পাশাপাশি শরীরের চর্বি, মাংসপেশি ও জলীয় অংশের আনুমানিক হিসাবের বিস্তারিত তথ্য মিলবে।
  • উচ্চ রক্তচাপের জন্য: ডিজিটাল ব্লাড প্রেশার মনিটর দেখানো মান এখন বিশ্বে স্বীকৃত। তা বাড়িতে রাখতে পারেন। ব্যবহারে সুবিধেজনক রিস্ট ব্লাড প্রেশার মনিটরও। ছোট্ট এই মেশিন ঘুরতে যাওয়ার সময় সঙ্গে নেওয়া সহজ।
  • ডায়াবিটিস মাপতে: আজকাল অধিকাংশ জনই বাড়িতে রাখছেন গ্লুকোমিটার। বাইরের দিকে স্ট্রিপ থাকে, এমন মেশিন ভাল। তবে সুগার মাপার আগে স্পিরিট বা স্যানিটাইজ়ার ব্যবহার করবেন না।
  • হার্টের খেয়াল রাখতে: পোর্টেবল ইসিজি ডিভাইস কিনতে পারেন। কোলেস্টেরলের হিসাব রাখতে কোলেস্টেরল মনিটর রাখা যায়। হাঁপানি বা শ্বাসকষ্টের রোগীরা পিক ফ্লো মিটার এবং স্পাইরোমিটার রাখতে পারেন, ফুসফুসের কার্যক্ষমতা পর্যবেক্ষণে সাহায্য করবে। শ্বাসকষ্ট বা অ্যাজ়মা রোগীদের জন্য নেবুলাইজ়ার এবং স্যাচুরেশন অক্সিমিটার রাখা দরকার।
  • কানের জন্য: ডিজিটাল ওটোস্কোপ কানের ভিতরটা পরীক্ষা করতে পারে। বয়স্কদের ক্ষেত্রে কানের সমস্যা এর ফলে একেবারে প্রাথমিক পর্যায়ে ধরা পড়তে পারে।
  • হ্যান্ডগ্রিপ ডায়নামোমিটার: পেশিশক্তি ও সামগ্রিক শারীরিক ক্ষমতা কতটা, তার হদিস দেয়। শারীরচর্চা নিয়ে যারা আগ্রহী, তাদের জন্য ভাল।

এ ছাড়াও, ডিজিটাল বা স্মার্ট থার্মোমিটার, বিভিন্ন হেলথ ট্র্যাকার স্মার্ট গ্যাজেটও অনেক সময়েই কাজে লাগে। তবে খেয়াল রাখবেন শুধু বাড়ির যন্ত্রের রিডিং দেখে রোগ নির্ণয় বা চিকিৎসা শুরু করা উচিত নয়।


আরও পড়ুন