Food Poisoning Remedies

বাইরের খাবার খেয়ে বমি, পেটের গোলমাল, খাদ্যে বিষক্রিয়া হলে সঙ্গে সঙ্গে কী করবেন?

রাস্তায় বিক্রি হওয়া রোল-চাউমিন বা রেস্তরাঁয় খেয়ে এসে যদি হঠাৎ করেই বমি শুরু হয় বা পেটের সমস্যা দেখা দেয়, তা হলে কী করণীয়? খাদ্যে বিষক্রিয়া থেকে বিপদ হতে পারে, অঘটন ঘটার আগে কী করবেন জেনে নিন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২১ মার্চ ২০২৬ ১৬:১৬
Here are easy ways to treat the symptoms of food poisoning at home

খাবার থেকে বিষক্রিয়া, বমি শুরু হলে সঙ্গে সঙ্গে কী করবেন? ছবি: এআই সহায়তায় প্রণীত।

রাস্তায় বিক্রি হওয়া কাটা ফল বা ভাজাভুজি খেয়ে অথবা রেস্তরাঁর খাবার খেয়ে এসে পেটে বিষক্রিয়া বা ‘ফুড পয়জনিং’ হওয়া বিচিত্র নয়। বমি, পেট ব্যথা আর পেটের গোলমাল শুরু হলে অনেকেই আতঙ্কিত হয়ে একগাদা অ্যান্টিবায়োটিক বা ব্যথানাশক ওষুধ কিনে খেয়ে ফেলেন। চিকিৎসকদের মতে, প্রাথমিক অবস্থায় ঘরোয়া কিছু উপাদানেই এই বিষক্রিয়া কাটানো সম্ভব। শরীর থেকে টক্সিন বার করে দিয়ে হজমপ্রক্রিয়া স্বাভাবিক করতে ঘরোয়া কিছু উপকরণই কাজে আসতে পারে।

Advertisement

খাদ্যে বিষক্রিয়া কেন হয়?

অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, অপরিষ্কার জল, বিশেষ কোনও খাবার সহ্য না হওয়া কিংবা কোনও খাবারে ব্যাক্টেরিয়া-ছত্রাক জন্মালে, তা থেকে এই অসুখ ছড়ায়। কাঁচা মাছ, মাংস বা শাকসব্জি ঠিক মতো না ধুয়ে রান্না করলেও তা থেকে পেটে বিষক্রিয়া হতে পারে। সালমোনেল্লা ব্যাক্টেরিয়া, ই কোলাই নামক ব্যাক্টেরিয়া ও কয়েক রকম ছত্রাক খাদ্যে বিষক্রিয়ার জন্য দায়ী। ক্যাম্পাইলোব্যাক্টর, স্ট্যাফাইলোকক্কাস অরিয়া, ব্যাসিলাম সিরিয়াসের মতো কিছু ব্যাক্টেরিয়াও রয়েছে যাদের থেকে বিষক্রিয়া ছড়াতে পারে। ভাল করে না ধোয়া খাবার, দীর্ঘ সময় ধরে কেটে রাখা ফল, এমনকি ফ্রিজে কাঁচা-মাংসের পাশে রেখে দেওয়া রান্না খাবারে ব্যাক্টেরিয়ার সংক্রমণ দ্রুত হয়। তা ছাড়া রাস্তার জল, শরবত, লস্যি বা নারম পানীয়ে রোটা ভাইরাস জন্মায়, যা থেকে হেপাটাইটিস-বি ছড়াতে পারে। সালমোনেল্লা সিগেলা ভাইরাস রক্ত আমাশয়ের কারণ হয়ে উঠতে পারে।

বিষক্রিয়া কটিয়ে ওঠার উপায় কী?

এক কাপ জলে আদা কুচি দিয়ে ফুটিয়ে নিন। তাতে এক চামচ মধু মিশিয়ে গরম গরম খান। বমি ভাব নিমেষে উধাও হবে। আদা ও মধুর অ্যান্টি-ব্যাক্টেরিয়াল ও অ্যান্টি-ফাঙ্গাল গুণ আছে। এই দুই উপাদান প্রদাহনাশকও।

এক গ্লাসের মতো জল নিয়ে তাতে কয়েকটি রসুনের কোয়া ফেলে দিন। জল ফুটিয়ে নিন ভাল করে। তার পর ছেঁকে নিয়ে সেই জল অল্প অল্প করে খান। রসুনের অ্যান্টিভাইরাল ও অ্যান্টিব্যাক্টেরিয়াল গুণ বিষক্রিয়ার প্রভাব কাটিয়ে দেবে।

খাদ্যে বিষক্রিয়া কমাতে যে সব ফল খুব উপকারী, তার মধ্যে অন্যতম কলা। কলায় পটাশিয়ামের পরিমাণ অনেক, তাই এই অসুখের সঙ্গে লড়তে সুবিধা হয়।​

খাদ্যে বিষক্রিয়ার কারণে শরীরে যে প্রদাহ তৈরি হয়, তার রেশ কাটাতে পারে জিরে ভেজানো জল। এক গ্লাস জলে জিরে ভিজিয়ে রাখুন। সেই জল ছেঁকে গরম করে খেতে পারেন।

এক গ্লাস ঈষদুষ্ণ জলে দু"চামচ অ্যাপেল সাইডার ভিনেগার মিশিয়ে পান করুন। এটি দ্রুত বিষক্রিয়া কাটাতে সাহায্য করবে।

Advertisement
আরও পড়ুন