Nail Care for Kids

ছোটদের নখ সঠিক পদ্ধতিতে কাটেন তো? প্রক্রিয়ার ভুলে বাড়বে সংক্রমণের ঝুঁকি, হতে পারে চর্মরোগও

নখ কাটারও নির্দিষ্ট পদ্ধতি আছে। তা মেনে না চললে নখ ও তার আশপাশের ত্বকে সংক্রমণ ঘটতে পারে। বিশেষ করে ছোটদের নখ কাটার সময়ে নিয়ম মেনে চলতেই হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৩ মে ২০২৬ ১৪:১১
The Hidden Dangers of Improper Nail Trimming in Kids

ছোটদের নখ কাটার সময়ে কী কী নিয়ম মেনে চলবেন? ছবি: ফ্রিপিক।

নখ কাটলেই হল না। তারও যে নির্দিষ্ট পদ্ধতি আছে, সে নিয়ে অনেকেই মাথা ঘামান না। অথচ নখ কী ভাবে কাটছেন, তার উপরে অনেক কিছুই নির্ভর করে। বিশেষ করে ছোটদের ক্ষেত্রে। ভুল পদ্ধতিতে নখ কাটলে তার ফল হতে পারে মারাত্মক। এর থেকে নখ ও তার আশপাশের ত্বকে সংক্রমণ হতে পারে। আবার নানা রকম চর্মরোগের ঝুঁকিও বাড়তে পারে।

Advertisement

নখ কাটার সময়ে কী ভুল হয়, তার থেকে কী ক্ষতি হতে পারে?

প্যারোনিচিয়া

নখের চারপাশের ত্বকের এক ধরনের সংক্রমণ। চিকিৎসকেরা বলছেন, খুব দ্রুত নখ কাটার সময়ে যদি নখের কোনা থেকে অনেকটা অংশ কেটে যায় বা চামড়া উঠে যায়, তা হলে সেখানে ব্যাক্টেরিয়া বা ছত্রাকের সংক্রমণ ঘটতে পারে। এতে নখের কোনা ফুলে লাল হয়ে যায়, চারপাশের ত্বকে প্রদাহ হতে থাকে। নখের চারপাশের ত্বকে ফোস্কা পড়ার সমস্যাও হতে পারে।

ইনগ্রোন নেল

নখ কাটার সময়ে যদি নখের কোনা অতিরিক্ত ছোট করে বা বাঁকা করে কাটা হয়, তবে নখ বড় হওয়ার সময়ে খানিকটা ত্বকের ভিতরেও ঢুকে যায়। এটি অত্যন্ত যন্ত্রণাদায়ক এবং সময়মতো চিকিৎসা না করলে সংক্রমণ ঘটতে পারে। নখের চারপাশের চামড়া কালচে হয়ে যেতে পারে।

ছত্রাকের সংক্রমণ

নখ কাটার কাঁচি বা ক্লিপার যদি জীবাণুমুক্ত না করা হয় ও অনেকে একই ক্লিপার ব্যবহার করেন, তা হলে সেটি থেকে ছত্রাকের সংক্রমণ ঘটতে পারে। একে বলে অনিকোমাইকোসিস। এই বিষয়ে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)-এর একটি নির্দেশিকায় সতর্ক করা হয়েছে। নখের গোড়ায় ছত্রাক বাসা বাঁধলে নখ ভঙ্গুর হয়ে যায়, নখের গোড়া পচে যেতে থাকে। নখের রঙ ফ্যাকাসে বা হলদেটে হয়ে যেতে পারে। এ ধরনের সংক্রমণ ৪ থেকে ৮ সপ্তাহ ভোগাতে পারে।

কী কী নিয়ম মানবেন?

ধীরে ধীরে নখ কাটতে হবে, নখের উপরিভাগ যাতে গোলাকার থাকে তা খেয়াল রাখতে হবে।

নখের কোনার দিক খুব বেশি কাটবেন না, সামঞ্জস্য রাখতে হবে বাকি অংশের সঙ্গে।

তাড়াহুড়ো করে বা কম আলোতে নখ কাটবেন না। শিশুর হাত যদি ভিজে থাকে, সে সময়ে নখ কাটবেন না।

পরিষ্কার ও জীবাণুমুক্ত নেলক্লিপ ব্যবহার করা উচিত। শিশুর নখ কাটার সময়ে সেটি ভাল করে স্যানিটাইজ়ার দিয়ে পরিষ্কার করে নিতে হবে।

নখ কাটার পরে শিশুর হাত সাবান দিয়ে ধুইয়ে দিন। লেগে থাকা নখের অংশ বা ময়লা যেন পেটে না যায়।

নখ কাটার পর নখের ধারালো কোনাগুলি নেল ফাইল দিয়ে হালকা করে ঘষে দিন, যাতে নখ ধারালো না থাকে এবং শিশুর ত্বকে আঁচড় না লাগে।

নখের ভিতরের ময়লা আগে পরিষ্কার করে তার পর নখ কাটতে হবে। অনেক সময়ে ময়লা নখে থেকেই যায় যা থেকে ত্বকের সংক্রমণও হতে পারে। নখের চারপাশের চামড়া ফুলে যাওয়া বা এগ্‌জ়িমার সমস্যাও দেখা দিতে পারে।

Advertisement
আরও পড়ুন