বলিউড অভিনেত্রীর দিন শুরু হয় কী ভাবে? ছবি: সংগৃহীত।
রোজ সকাল শুরু করেন কেমন ভাবে? খালি পেটে কড়া চা বা কফি? অথবা কিছুই না খেয়ে বেরিয়ে পড়েন? সকালই যদি স্বাস্থ্যকর না হয়, বাকি দিনটা কী ভাবে সুন্দর কাটবে? সকালের উপর নির্ভর করে সারা দিনের শক্তি, হজম এবং মনের অবস্থা। তাই দিন শুরু করার কিছু ছোট অভ্যাসই শরীরকে সুস্থ রাখতে বড় ভূমিকা নেয়। এই প্রসঙ্গেই অভিনেত্রী ইশা কোপ্পিকর নিজের সকালের রুটিনের কথা জানালেন। একটি সহজ কিন্তু কার্যকর অভ্যাসের নজির তুলে ধরলেন অনুরাগীদের সামনে।
ইশার সকালের রুটিন কেমন?
তিনি জানান, ঘুম থেকে উঠেই তিনি এক গ্লাস গরম জল খান। সেই জলে হলুদ এবং গোলমরিচ গুঁড়ো মেশান। কখনও কখনও দারচিনিও যোগ করেন। তাঁর মতে, এই সহজ পানীয় শরীরকে সক্রিয় করে এবং বিশেষ করে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে। এমনকি তিনি নিজের কফিতেও দারচিনি মেশান, কখনও আবার ঘি দিয়েও কফি খান।
চিকিৎসকদের মতে, সকালে গরম জল বা ভেষজ মিশ্রণ দিয়ে দিন শুরু করা উচিত। রাতভর বিশ্রামের পর হজমতন্ত্রকে ধীরে ধীরে সক্রিয় করতে সাহায্য করে এই টোটকা। এতে পেটের অস্বস্তি কমে, হজম ভাল হয় এবং শরীরের বিপাকক্রিয়াও সঠিক ভাবে কাজ করতে শুরু করে। এ ধরনের পানীয়তে ব্যবহৃত উপকরণ, যেমন, হলুদ, গোলমরিচ বা দারচিনি অ্যান্টি-অক্সিড্যান্ট ও হজমে সহায়ক উপাদানে ভরপুর। এগুলি শরীরে ব্লোটিং বা পেট ফাঁপা কমাতে, অন্ত্রের স্বাস্থ্যের উন্নতি করতে এবং পুষ্টি শোষণে সাহায্য করতে পারে। এর প্রভাব ত্বক এবং চুলেও পড়তে পারে।
ইশা তাঁর সকাল শুরুর রুটিনে বিশেষ গুরুত্ব দেন দারচিনিকে। একাধিক গবেষণায় দেখা গিয়েছে, দারচিনির কিছু উপাদান ইনসুলিন সেনসিটিভিটি বাড়াতে সাহায্য করতে পারে। ফলে শরীর গ্লুকোজ় আরও ভাল ভাবে ব্যবহার করতে পারে। ফলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য হয়। তবে দারচিনি কোনও চিকিৎসা নয়, বরং একটি সহায়ক উপাদান মাত্র। কিন্তু নিয়মিত এই অভ্যাস মেনে চললে শরীর ভিতর থেকে সুস্থ ও সজীব থাকতে পারে।