Kidney Cancer Symptoms

হঠাৎ প্রেশার বেড়ে যাওয়াও ক্যানসারের ইঙ্গিত! কোন রোগের ঝুঁকি বাড়ছে বুঝবেন কী ভাবে

কোনও কোনও ক্যানসারের ক্ষেত্রে স্পষ্ট উপসর্গ দেখা দেয় দেরিতে। তবে খুব সূক্ষ্ম কিছু উপসর্গ থাকে, যার মাধ্যমে বোঝা যায় শরীর রোগে আক্রান্ত। সেগুলি জানার জন্য সচেতনতার প্রয়োজন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৬ মার্চ ২০২৬ ১৪:১১
কোন কোন লক্ষণের দিকে নজর দেবেন?

কোন কোন লক্ষণের দিকে নজর দেবেন? ছবি: সংগৃহীত।

কোনও কোনও ক্যানসারে শুরুতে শরীরে তেমন কোনও স্পষ্ট লক্ষণ থাকে না। তাই অনেকেই বুঝতেই পারেন না যে শরীরে সমস্যা তৈরি হচ্ছে। তাই রোগ ধরা পড়ে দেরিতে। তবে খুব সূক্ষ্ম কিছু উপসর্গ থাকে, যার মাধ্যমে বোঝা যায় শরীর রোগে আক্রান্ত। সেগুলি জানার জন্য সচেতনতার প্রয়োজন।

Advertisement

এমন ক্যানসারের মধ্যে কিডনির ক্যানসার অন্যতম। গবেষণা বলছে, কিডনি ক্যানসারের ৫টির মধ্যে প্রায় ৪টিই আচমকা ধরা পড়ে অন্য কোনও পরীক্ষা করাতে গিয়ে। কারণ, শুরুতে এর লক্ষণ প্রকট না হওয়ায় সহজেই অবহেলা করে ফেলেন অনেকে। যেমন, প্রেশার বেড়ে যাওয়া, ক্লান্ত বোধ করা, হালকা জ্বর ইত্যাদি। ক্যানসার চিকিৎসক সন্দীপ গঙ্গোপাধ্যায় সাধারণ এবং নির্দিষ্ট কিছু লক্ষণের কথা উল্লেখ করলেন।

কিডনির ক্যানসারের লক্ষণ।

কিডনির ক্যানসারের লক্ষণ। ছবি: সংগৃহীত

কিডনির ক্যানসারের লক্ষণ

১. প্রস্রাবে রক্তক্ষরণ: সবচেয়ে গুরুত্বপূর্ণ যে লক্ষণটির দিকে নজর রাখা দরকার, তা হল প্রস্রাবের সঙ্গে রক্তপাত। এই রক্ত কখনও গাঢ় লাল বা বাদামি রঙের হতে পারে, আবার কখনও হালকা গোলাপি। অনেক সময়ে এটি এক বার হয় এবং ব্যথা থাকে না, তাই অনেকে গুরুত্ব দেন না। কিন্তু প্রস্রাবে রক্ত কোনও ভাবেই স্বাভাবিক নয়। কিডনির পাথর, সংক্রমণ বা ক্যানসারের প্রাথমিক ইঙ্গিতও হতে পারে এই ঘটনা।

২. কোমরে ব্যথা: পিঠের এক দিকে বা কোমরের পাশে স্থায়ী ব্যথা হতে পারে। ঠিক যেখানে কিডনি থাকে, সেই জায়গায় এই ব্যথা টের পেতে পারেন কেউ কেউ। একটানা ব্যথা থেকে গেলে সতর্ক হতে হবে। চিকিৎসকের কথায়, ‘‘এই ধরনের উপসর্গগুলি অবহেলা করতে থাকলে, কিডনির টিউমার বড় হতে থাকে। তখন অনেক ক্ষেত্রে অ্যাডভান্স পর্যায়ে পিঠের একটি পাশ ফুলেও যেতে পারে।’’

চিকিৎসক জানাচ্ছেন, কিডনির ক্যানসার থেকে অস্বাভাবিক হরমোন তৈরি হয়, তার ফলে শরীরে নানা ছোটখাটো পরিবর্তন হতে থাকে। সেগুলি অনেক সময়ে চোখ এড়িয়ে যায়, কিন্তু ঠিক সময়ে শনাক্ত হলে চিকিৎসা করা সহজ হয়। সেই উপসর্গগুলি জেনে নেওয়া যাক।

৩. প্রেশার বেড়ে যাওয়া: হঠাৎ রক্তচাপ বেড়ে গেলে সেটিও কিডনির ক্যানসারের লক্ষণ হতে পারে।

৪. হিমোগ্লোবিন বেড়ে যাওয়া: যদি হিমোগ্লোবিন আচমকা বেড়ে যেতে থাকে, তা হলে সতর্ক হতে হবে।

এ ছাড়া সমস্ত ক্যানসারের সাধারণ লক্ষণগুলিও এই তালিকায় অন্তর্ভুক্ত। যেমন, অকারণে ওজন কমে যাওয়া, দীর্ঘ দিন ধরে ক্লান্ত লাগা, খিদে কমে যাওয়া, অল্প জ্বর থাকা, এ সব লক্ষণও গুরুত্ব দিয়ে দেখা উচিত। বার বার প্রস্রাবের সংক্রমণ হওয়াও একটি সতর্কবার্তা হতে পারে, যদিও সব ক্ষেত্রে তা গুরুতর নয়।

Advertisement
আরও পড়ুন