Makhana vs roasted chana

সান্ধ্য খিদেয় বেছে নেবেন কোনটি, মাখানা না ছোলাভাজা, কোন খাবারে ওজন বশে রাখা সহজ?

- স্বাস্থ্যকর স্ন্যাক্সের মধ্যেই জনপ্রিয় মাখানা এবং ছোলাভাজা। লক্ষ্য যদি ওজন ঝরানো, ক্যালোরি মেপে খাওয়াই হয়, এই দুইয়ের মধ্যে বেছে নেবেন কোনটিকে?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ২১:০৪
মাখানা এবং ছোলা ভাজা ওজন কমানোর জন্য কোনটি ভাল?

মাখানা এবং ছোলা ভাজা ওজন কমানোর জন্য কোনটি ভাল? ছবি: সংগৃহীত।

তেলেভাজা, চপ-মুড়ির দিন না ফুরোলেও, স্বাস্থ্য সচেতনদের পাতে তার ঠাঁই নেই। বরং ভাজাভুজি, মুখরোচক কিছু খেতে ইচ্ছা হলেও তাতে পুষ্টি-ক্যালোরির হিসেব-নিকেশ করেন অনেকেই। সেই স্বাস্থ্যকর স্ন্যাক্সের মধ্যেই জনপ্রিয় মাখানা এবং ছোলাভাজা। লক্ষ্য যদি ওজন ঝরানো, ক্যালোরি মেপে খাওয়াই হয়, এই দুইয়ের মধ্যে বেছে নেবেন কোনটিকে?

Advertisement

মাখানা জিনিসটি হল পদ্মের বীজ। পুষ্টিবিদেরা বলছেন, মাখানায় রয়েছে ভাল মানের ফাইবার, যা অন্ত্রের স্বাস্থ্য ভাল রাখতে সাহায্য করে। এ ছাড়াও প্রোটিন, আয়রন, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ক্যালশিয়ামের মতো খনিজ রয়েছে এতে। যেহেতু মাখানায় ম্যাগনেশিয়াম রয়েছে, তাই হার্ট ভাল রাখতেও সাহায্য করে এটি। অ্যান্টি-অক্সিড্যান্টে ভরপুর মাখানার গ্লাইসেমিক ইনডেক্সও কম। তাই ডায়াবেটিকদের জন্য এই খাবার নিরাপদ।

ছোলাভাজা: ফাইবার রয়েছে, আছে প্রোটিনও। বালিতে ভাজা ছোলা পুষ্টিকরও। এতে রয়েছে আইসোফ্ল্যাভোনেস নামের এক ধরনের ফাইটো ইস্ট্রোজেন, যা ইস্ট্রোজেন হরমোনের মাত্রা ঠিক রাখতে সাহায্য করে। এই ইস্ট্রোজেনের ভারসাম্যের সমস্যা থেকে মহিলাদের পিসিওএসের সমস্যা হতে পারে প্রভাব পড়তে পারে রজোনিবৃত্তি সংক্রান্ত শারীরিক জটিলতাতেও। এটি রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে, কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে। যা পরোক্ষে হার্টের স্বাস্থ্য ভাল রাখে। ছোলাভাজায় প্রোটিন, আয়রন, জ়িঙ্ক এবং কিছু অ্যান্টি-অক্সিড্যান্ট মেলে। ডায়াবেটিকরাও খেতে পারেন।

পুষ্টিগুণে কতটা ফারাক?

১০০ গ্রাম মাখানায় রয়েছে ৩৫০ ক্যালোরি। প্রোটিন ১১-১২ গ্রাম, ফাইবার ৭ গ্রাম, ফ্যাট ০.৫-১ গ্রাম। ম্যাগনেশিয়াম, পটাশিয়াম, ফসফরাস।

১০০ গ্রাম ছোলাভাজায় ক্যালোরির মাত্রা ৩৬০। প্রোটিন ১৯-২০ গ্রাম, ফাইবার ১২ গ্রাম, ফ্যাট ৫-৬ গ্রাম। এ ছাড়াও মেলে ক্যালশিয়াম, আয়রন, পটাশিয়াম।

বেছে নেবেন কোনটি?

ক্যালোরির অঙ্কে দুই খাবারই সমান সমান। মাখানায় জ়িঙ্ক, পটাশিয়াম-সহ খনিজ মেলে অনেক রকম। তবে প্রোটিন, ফাইবারের অঙ্কে এগিয়ে ছোলাভাজা। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির দিক দিয়ে দেখলে এগিয়ে রাখতে হবে মাখানা। আবার যদি ওজনের প্রশ্ন ওঠে— তখন বুঝে নির্বাচন করতে হবে খাবার। ঘি দিয়ে ভাজলে মাখানায় ক্যালোরির মাত্রা বাড়তে পারে। অন্য দিকে, ছোলা বালিতে ভাজা হয় বলে আলাদা করে ক্যালোরির মাত্রা বাড়ে না। তবে মাখানা এবং ছোলাভাজা, দুই খাবারই উপকারী। যাঁরা ওজন বশে রাখতে চাইছেন, তাঁরা দু’টিই খেতে পারেন। ভাল হয় যদি এক দিন অন্তর স্বাদবদল করে মাখানা, ছোলাভাজা দুই-ই খাওয়া যায়।

Advertisement
আরও পড়ুন