Homemade junk food

সালামি পছন্দ না সসেজ? স্বাস্থ্যকর উপায়ে বানাতে পারেন বাড়িতেই, স্বাদ হবে রেস্তরাঁর মতো

রেস্তরাঁয় গেলেই সসেজ বা সালামি খেতে মন চায়। নিদেনপক্ষে চিকেন বা মাছের পুরু পরত দেওয়া বার্গার খেতেও বেশ লাগে। অথচ ক্যালোরির কথা ভেবে পিছিয়ে যান। তেমন খাবার যদি বাড়িতেই তৈরি করা যায়? রইল পছন্দের জাঙ্ক ফুডের সহজ কিছু রেসিপি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৫ জুন ২০২৬ ১৪:৫০
Popular Fast Food Recipes You Can Easily make at Home

পছন্দের জাঙ্ক ফুড খান বাড়িতে রেঁধেই, রইল সহজ রেসিপি। ছবি: ফ্রিপিক।

জাঙ্ক ফুড খেতে যতই বারণ করা হোক না কেন, রেস্তরাঁয় গেলে সেই খাবারগুলি খেতেই বেশি মন চায়। চিকেন বা ভেটকির পুরু পরত দেওয়া বার্গার বা চিকেন সালামি দেখলে লোভ সামলানো যায় না। শুধু ক্যালোরির কথা ভেবে পিছিয়ে আসেন। তবে হোটেল-রেস্তরাঁয় যে ধরনের প্রক্রিয়াজাত খাবার বিক্রি হয় তাতে প্রচুর পরিমাণে প্রিজ়ারভেটিভ থাকে যা শরীরের জন্য বিপজ্জনক। এই সব রাসায়নিকের জন্যই জাঙ্ক ফুড খেতে নিষেধ করা হয়। তবে তা যদি বাড়িতেই রাঁধা যায়, তা হলে কেমন হয়? রেস্তরাঁর স্বাদের জাঙ্ক ফুড স্বাস্থ্যকর উপায়ে বাড়িতেই তৈরি করা যায়, রইল সহজ কিছু প্রণালী।

Advertisement

ঘরোয়া চিকেন সালামি

স্যান্ডউইচ বা পিৎজ়ার টপিং হিসেবে সালামি বেশ পছন্দের। এটি সহজেই তৈরি করা যায়। এটি বানাতে লাগবে ২৫০ গ্রামের মতো চিকেন কিমা, আদা-রসুন বাটা ১ চা চামচ, লঙ্কাগুঁড়ো বা চিলিফ্লেক্স আধ চামচ, অরিগ্যানো বা থাইম আধ চামচ, ডিমের সাদা অংশ ১টি, নুন ও গোলমরিচ স্বাদমতো, ফয়েল পেপার।

চিকেন সালামি

চিকেন সালামি

প্রণালী: ব্লেন্ডারে চিকেন কিমার সঙ্গে ডিমের সাদা অংশ ও বাকি সমস্ত মশলা দিয়ে ভাল করে ব্লেন্ড করে একটি মণ্ড তৈরি করে নিন। এ বার ফয়েল পেপারের উপর মিশ্রণটি রেখে রোলের মতো মুড়িয়ে নিন। ফয়েল পেপারটি শক্ত করে মুড়ে দু’প্রান্ত সুতো দিয়ে বেঁধে দিন। ফুটন্ত গরম জলে এই রোলটি ডুবিয়ে মাঝারি আঁচে ২০-২৫ মিনিট সেদ্ধ করতে হবে। জল থেকে তুলে পুরোপুরি ঠান্ডা হতে দিন। এর পর ফ্রিজে ১ ঘণ্টা রেখে শক্ত করে নিন। ফয়েল পেপার খুলে ধারালো ছুরি দিয়ে পাতলা স্লাইস করে কেটে নিলেই তৈরি হয়ে যাবে চিকেন সালামি।

প্রিজ়ারভেটিভ ছাড়াই চিকেন সসেজ

বানাতে লাগবে ২৫০ গ্রামের মতো চিকেন কিমা (হাড় ছাড়া), ১ চামচ রসুনবাটা, ১ চামচ গোলমরিচগুঁড়ো, ১ চা চামচ মাখন, সামান্য ধনেপাতা কুচি, নুন স্বাদমতো এবং ফয়েল পেপার।

চিকেন সসেজ

চিকেন সসেজ

প্রণালী: প্রথমে মিক্সিতে চিকেন কিমা, মাখন, রসুনবাটা, গোলমরিচগুঁড়ো এবং নুন দিয়ে খুব মসৃণ একটি পেস্ট বানিয়ে নিন। এ বার এই মিশ্রণটিকে লম্বালম্বি সসেজের আকারে গড়ে নিন। একটি ফয়েল পেপারে সসেজটি রেখে দু’দিক মুড়ে নিন। একটি পাত্রে জল ফুটিয়ে ফয়েল পেপারে মোড়ানো সসেজগুলি ১০-১২ মিনিট ভাপিয়ে নিন। ঠান্ডা হলে ফয়েল পেপার খুলে কম তেল বা মাখনে ভেজে নিন।

চিকেন নাগেট

ছোটদের টিফিনে দিতে পারেন, দীর্ঘ সময়ে ফ্রিজে সংরক্ষণ করেও রাখতে পারেন। এটি বানাতে ২০০ গ্রামের মতো হাড় ছাড়া মুরগির মাংস নিয়ে নিন। ছোট টুকরো করে নিতে হবে। সঙ্গে লাগবে ২ স্লাইস পাউরুটি, ১ চামচ আদা-রসুনবাটা, ১ চামচ সয়া সস, ১ চামচ গোলমরিচগুঁড়ো, ১টি ডিম, ব্রেডক্রাম্ব, স্বাদমতো নুন।

চিকেন নাগেট

চিকেন নাগেট

প্রণালী: পাউরুটির ধারগুলি কেটে বাদ দিয়ে চিকেন কিমার সঙ্গে মিক্সিতে জল ছাড়া বেটে নিন। এ বার এতে আদা-রসুন বাটা, সয়া সস, নুন ও গোলমরিচগুঁড়ো দিয়ে ভাল করে মেখে ছোট ছোট চারকোনা নাগেটের আকারে গড়ে নিন। একটি পাত্রে ডিম ফেটিয়ে নিন। এ বার নাগেটগুলি প্রথমে ডিমে ডুবিয়ে তার পর বিস্কুটের গুঁড়োয় ভাল করে মাখিয়ে নিন। গরম তেলে লালচে করে ভেজে তুলুন। বেশি তেল না খেলে এয়ার ফ্রায়ারে বা অভেনে বেক করেও নিতে পারেন।

Advertisement
আরও পড়ুন