Post-workout yoga

জিম ছাড়ার পরেই ওজন বৃদ্ধি? ঝুলে পড়েছে ত্বক, কোন কোন যোগাসনে চেহারার গড়ন সুন্দর হবে

জিমে গিয়ে যন্ত্রপাতি ব্যবহার করে কার্ডিয়ো বা ওজন তুলে ব্যায়াম করলে দ্রুত মেদ ঝরে ঠিকই। তবে জিমে গিয়ে শারীরচর্চা করা বন্ধ করে দিলে, আবারও মেদ জমতে শুরু করে। অনেক সময়ে চামড়া ঝুলেও যায়। সে ক্ষেত্রে ওজন কমিয়ে চেহারার গড়ন সুন্দর করতে যোগাসনই ভরসা হতে পারে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৩ জুন ২০২৬ ১৬:৪০
Post-Gym Weight Spike, reclaim your Fitness with These Yoga Poses

জিম ছাড়ার পরে পেশিতে ব্যথা, ওজনও বেড়েছে, কোন কোন যোগাসনে সমস্যার সমাধান হবে? ছবি: ফ্রিপিক।

নিয়মিত জিম করার পর কোনও কারণে তা হঠাৎ ছেড়ে দিলে ওজন দ্রুত বাড়তে শুরু করে। জিমে ওয়েট ট্রেনিং বা কার্ডিয়ো করার সময় শরীরের বিপাক হার যে ভাবে কাজ করে, জিম ছাড়ার পর তা আচমকাই মন্থর হয়ে পড়ে। ফলে পেশিগুলি শিথিল হয়ে সেখানে চর্বি জমতে শুরু করে। চামড়াও ঝুলে যায় অনেক সময়ে। এই পরিস্থিতিতে ওজন কমিয়ে চেহারার গড়ন সুন্দর করতে জিমের মতো কঠোর পরিশ্রম করার প্রয়োজন নেই। নিয়মিত কিছু নির্দিষ্ট যোগাসন করলেই ফের ওজন কমতে থাকবে এবং পেশির সক্রিয়তাও বাড়বে।

Advertisement

জিম ছাড়লে কোন কোন যোগাসন করবেন?

নৌকাসন

ম্যাটের উপর টানটান হয়ে শুয়ে পড়ুন। দুই হাত শরীরের পাশে থাকবে। পা সোজা থাকবে, শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক ভাবে নিতে হবে। ধীরে ধীরে শ্বাস নিতে নিতে মাথা, ঘাড়, কাঁধ-সহ শরীরের উপরের অংশ তুলুন। একই সঙ্গে হাঁটু না ভেঙে দুই পা একসঙ্গে উপরে তুলুন। মাথা, ঘাড়-সহ শরীরের উপরের অংশ ও দুই পা ৪৫ ডিগ্রি কোণে তুলতে হবে। ২০ সেকেন্ড থেকে নামিয়ে নিন।

ধনুরাসন

ম্যাটের উপর উপুড় করে শুয়ে পড়ুন। স্বাভাবিক ভাবে শ্বাস নিন। হাঁটু ভাঁজ করে দু’হাত দিয়ে গোড়ালি দুটো ধরতে হবে। এই সময় মাথা, বুক ও ঊরু যতটা উপরে তুলতে পারেন, ততটা উপরে তোলার চেষ্টা করুন। শরীরের সমস্ত ভার পেটের উপরে পড়বে। এই ভঙ্গিতে ২০-৩০ সেকেন্ড থাকতে হবে।

বীরভদ্রাসন

দুই পায়ের মাঝে ব্যবধান রেখে সোজা হয়ে দাঁড়ান। দু’হাত কান বরাবর উপরের দিকে তুলে নমস্কারের ভঙ্গি করুন। এর পর কোমর থেকে দেহের উপরিভাগ এক দিকে ঘুরিয়ে নিন। যে পাশে ঘুরছেন, সেই পাশের হাঁটু ধীরে ধীরে ভাঁজ করুন। পিছনের পা ও শরীর সোজা রেখে উপরের দিকে তাকান। ২০ সেকেন্ড স্থির হয়ে থেকে ২০ সেকেন্ড বিশ্রাম নিন, তার পর অন্য পাশে আবার ব্যায়ামটি করুন ২০ সেকেন্ডের জন্য।

Advertisement
আরও পড়ুন