Sooji Pizza

সুজি দিয়ে পিৎজ়া! সেতারবাদক ঋষভ রিখিরাম শেখালেন, চাইলে ‘জাঙ্কফুড’ও স্বাস্থ্যকর হতে পারে

সঙ্গীতের দুনিয়ায় এই মুহূর্তে আলোচনার শীর্ষে এই সুদর্শন সেতারবাদক ঋষভ রিখিরাম শর্মা। তিনি তাঁর ‘জাঙ্কফুড’ খাওয়ার ইচ্ছে কী ভাবে নিয়ন্ত্রণ করেন? স্বাদের সঙ্গে আপোস না করে কী ভাবে জমিয়ে খান প্রিয় পিৎজ়া?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৬ মার্চ ২০২৬ ২০:০৭

ছবি: সংগৃহীত।

অস্বাস্থ্যকর খাওয়াদাওয়ায় রাশ টানতে চাইলে প্রথমেই খাঁড়া নামে দৈনিক খাওয়া কিছু ‘জাঙ্কফুড’-এর উপর। চপ-শিঙাড়া, রোল-চাউমিনের পাশাপাশি শরীরের ক্ষতির দোহাই দিয়ে প্যাটিস-বার্গার-ফ্রায়েড চিকেন-পিৎজ়া খাওয়াও বন্ধ হয়। কিন্তু ওই সব খাবার খেলে যে ভাবে মন-মেজাজ ভাল হয়, তার অভাবপূরণ হবে কী করে? উপায় আছে। তারকা সেতার বাদক ঋষভ রিখারাম শর্মা জানালেন, তিনি তাঁর ‘জাঙ্কফুড’ খাওয়ার ইচ্ছে কী ভাবে নিয়ন্ত্রণ করেন। স্বাদের সঙ্গে আপোস না করে কী ভাবে জমিয়ে খান প্রিয় পিৎজ়া।

Advertisement

সঙ্গীতের দুনিয়ায় এই মুহূর্তে আলোচনার শীর্ষে এই সুদর্শন সেতারবাদক। তাঁর এক একটি কনসার্টে শ্রোতা হিসাবে হাজির থাকছেন, দীপিকা পাড়ুকোন, আর মাধবনের মতো তারকারা। সেতারের মতো একটি বাদ্যকে অন্যরকম উপস্থাপনার মাধ্যমেই আলাদা উচ্চতায় নিয়ে গিয়েছেন তিনি। যে উপস্থাপনার একটি বড় অংশ তাঁর সাজগোজ এবং চেহারা। সেই চেহারা বজায় রাখতে নায়ক-নায়িকাদের মতোই নিয়মে চলতে হয় ঋষভ রিখিরামকে। তা বলে ভাল খাওয়াদাওয়া করতে ইচ্ছে হলে তিনি সেই ইচ্ছেকে দমন করেন না। বরং বিকল্প খুঁজে নেন। ময়দা দিয়ে তৈরির পিৎজ়ার বিকল্প হিসাবেও তিনি তৈরি করে নিয়েছেন নিজস্ব স্বাস্থ্যকর সুজির পিৎজ়া।

কী ভাবে সেই পিৎজ়া বানাতে হয়? ঋষভ বলছেন, ‘‘আমি প্রথমে একটা সুজির চিলা বানাই। তার পরে তাই দিয়েই সব্জি, চিজ, মশলা দিয়ে বানিয়ে ফেলি পিৎজ়া।’’

সুজির চিলা কী ভাবে বানাতে হবে তা-ও বলে দিয়েছেন ঋষভ তিনি জানাচ্ছেন, প্রথমে সুজি, দই আর জল দিয়ে একটি মিশ্রণ বানান তিনি। তার পরে একটি প্যানে সামান্য অলিভ অয়েল গরম করে তাতে চিলা বানানোর মতো করে ঢেলে দেন মিশ্রণ। ওই চিলা তত ক্ষণ রান্না করেন, যত ক্ষণ মুচমুচে হয়ে যায়। তার পরেই সেটির উপর নানারকমের টপিং, সব্জির কুচি, পিৎজ়া সস মাখিয়ে উপরে মোজ়ারেলা চিজ় ছড়িয়ে ঢাকা দিয়ে দেন। চিজ় গলে গেলেই তৈরি হয়ে যাবে পিৎজ়া।

Advertisement
আরও পড়ুন