Yoga for Beginners

যোগাসন আগে কখনও করেননি? ভিডিয়ো দেখে বিভ্রান্ত না হয়ে সহজ কী কী আসন দিয়ে শুরু করবেন?

যোগাসন করার অভ্যাস নেই? সকলকে দেখে হঠাৎ করে শুরু করতে গিয়ে সমস্যায় পড়বেন না যেন! যোগাসন করার নিয়ম আছে। সহজ কিছু আসন দিয়েই শুরুটা করতে হবে। এমন আসন অভ্যাস করতে হবে যাতে হাত ও পায়ের জড়তা কাটে। পেশির শক্তি ধীরে ধীরে বাড়তে থাকে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২২ জুন ২০২৬ ১৮:০৬
Start Your Yoga Practice the Right Way, a Step-by-Step Guide for Beginners

যোগব্যায়াম সদ্য শুরু করলে সহজ কী কী আসন করবেন? ছবি: এআই সহায়তায় প্রণীত।

ওজন কমানো হোক বা মন ভাল রাখা— যোগব্যায়াম করারই পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। যোগাসন নিয়ে উৎসাহ বেড়েছে। আন্তর্জাতিক যোগ দিবস পালনের পরে, অনেকেই ঘরে ঘরে যোগাসন করা শুরু করেছেন। কেউ ইউটিউব দেখছেন, আবার কেউ রিল দেখে আসন অভ্যাসের চেষ্টা করছেন। যোগাসন প্রশিক্ষকেরা বলছেন, যোগব্যায়াম করার নিয়ম আছে। যিনি আগে কখনও করেননি, তিনি হঠাৎ করে যদি ভিডিয়ো দেখে আসন অভ্যাসের চেষ্টা করেন, তা হলে হিতে বিপরীত হতে পারে। এমন আসন দিয়ে শুরু করতে হবে যাতে শরীর আগে প্রস্তুত হতে পারে। হাত-পায়ের পেশির জড়তা কাটে। ধীরে ধীরে সারা শরীরের স্ট্রেচিং হয়। তা হলে আসন অভ্যাসের সময়ে আঘাত লাগার আশঙ্কা থাকবে না।

Advertisement

শুরুতে কী কী সহজ আসন করবেন?

তাড়াসন

দাঁড়িয়ে আসনটি করতে পারেন। পদ্ধতি সহজ। দুই পায়ের মধ্যে এক ফুটের মতো দূরত্ব রেখে সোজা হয়ে দাঁড়ান। এ বার হাত দু’টি মাথার উপর তুলে আঙুলগুলি মুষ্ঠিবদ্ধ করুন। শ্বাস নিতে নিতে গোড়ালি মাটি থেকে তুলে হাত উপরের দিকে টানুন। শুধু পায়ের পাতার উপর ভর দিয়ে দাঁড়াতে হবে। ২০-৩০ সেকেন্ড এই অবস্থায় থাকতে হবে।

মার্জারাসন

সংস্কৃতে মার্জার শব্দের অর্থ বিড়াল। মার্জারাসন অনেকটা বিড়ালের মতো ভঙ্গি। ম্যাটের উপর হামাগুড়ি দেওয়ার ভঙ্গি করুন। এ বার শ্বাস নিতে নিতে মাথা উপরের দিকে তুলুন। এই সময়ে পেটের দিক কিছুটা নীচে নেমে যাবে ও পিঠ অবতল হয়ে থাকবে। এই অবস্থান কয়েক সেকেন্ড ধরে রাখুন। এ বার শ্বাস ছাড়তে ছাড়তে পিঠ উঁচু করুন, এতে পিঠ ও গলায় টান পড়বে। কয়েক সেকেন্ড এই অবস্থানে থাকতে হবে। এই ভাবে ৭–১০ রাউন্ড অভ্যাস করতে হবে।

বৃক্ষাসন

সোজা হয়ে দাঁড়িয়ে নিজের দু’টি হাত নমস্কারের ভঙ্গিতে বুকের কাছে আনুন। তার পর শরীরের ভারসাম্য রেখে নিজের ডান পায়ের হাঁটু ভাজ করে পায়ের পাতাটি বাঁ পায়ের ঊরুর উপর আনুন। ধীরে ধীরে মেরুদণ্ড সোজা রেখে নিজের হাত নমস্কার করার ভঙ্গিতে সমান ভবে মাথার উপর নিয়ে যান। ৩০ সেকেন্ড এই ভঙ্গিতে এক পায়ের উপর দাঁড়িয়ে থাকুন।

বজ্রাসন

ম্যাটের উপর হাঁটু গেড়ে মেরুদণ্ড টানটান করে বসুন। নিতম্ব থাকুক গোড়ালির উপর। পায়ের আঙুলে বেশি চাপ দেবেন না। এ বারে হাঁটুর উপরে হাত রাখুন। এই অবস্থানে পিঠ ও মাথা একই সরলরেখায় রাখার চেষ্টা করুন। তবে এই ভাবে থাকার জন্য যাতে বাড়তি চাপ না পড়ে, সে দিকে খেয়াল রাখতে হবে। এ বারে চোখ বন্ধ করে হাত সহ সারা শরীর শিথিল করুন। শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক থাকবে। এই অবস্থায় দু’মিনিট থেকে পাঁচ মিনিট পর্যন্ত থাকার চেষ্টা করতে হবে।

Advertisement
আরও পড়ুন