Black Vinegar Health Benefits

ওজন কমানো থেকে ত্বক উজ্জ্বল রাখা, হেঁশেলের নতুন কালো তরলই হয়ে উঠবে অস্ত্র! জানেন এটি কী?

চিন ও জাপানের মতো দেশে এটি শুধু রান্নাতেই নয়, পানীয় হিসাবেও ব্যবহার করা হয় এর স্বাস্থ্যগুণের জন্য। এখন ভারতের একাধিক অনলাইন প্ল্যাটফর্মে এটি কিনতে পাওয়া যায়।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২০ মার্চ ২০২৬ ১৯:১৮
The health benefits of black vinegar

কালো ভিনিগারের উপকারিতা কী? ছবি: সংগৃহীত।

এই দেশের হেঁশেলে এখনও তেমন যাতায়াত শুরু হয়নি। কিন্তু ধীরে ধীরে স্বাস্থ্যসচেতনদের মধ্যে কালো তরল কেনার চল দেখা যাচ্ছে। ভারতের দক্ষিণের কিছু অংশে রান্নায় ব্যবহার করা হয় এই উপাদান। চিন ও জাপানের মতো দেশে এটি শুধু রান্নাতেই নয়, পানীয় হিসাবেও ব্যবহার করা হয় এর সম্ভাব্য স্বাস্থ্যগুণের জন্য। আর সেই পানীয়টি হল, কালো ভিনিগার। এখন ভারতের একাধিক অনলাইন প্ল্যাটফর্মে এই ভিনিগার কিনতে পাওয়া যায়। ‘স্বাস্থ্যকর টনিক’ আখ্যা দেওয়া হচ্ছে এটিকে।

Advertisement

কালো ভিনিগার মূলত অপরিশোধিত চাল, গম বা বাজরা মজিয়ে তৈরি করা হয়। এই দীর্ঘ ফারমেন্টেশন প্রক্রিয়ার ফলে এতে তৈরি হয় নানা উপকারী যৌগ, যা শরীরের নানা কাজে সহায়ক হতে পারে। কোনও কোনও ক্ষেত্রে চাল, গমের বদলে ফলও মজিয়ে তৈরি করা হয় কালো ভিনিগার। কুর্গের দিকে ফল পাকিয়ে বিক্রি হয় এই জিনিস। এক এক জায়গায় নাম অবশ্য আলাদা। যদিও সব ক্ষেত্রেই এর রং গাঢ় হয়। মাংস রান্না থেকে ডাম্পলিংয়ের সস, নানা ভাবে ব্যবহৃত হয় এগুলি।

কালো ভিনিগারের উপকারিতা কী?

১. হজমক্ষমতা বৃদ্ধি করে: কালো ভিনিগার সবচেয়ে ভাল কাজ করে হজমের ক্ষেত্রে। খাবার হজম করার শক্তি উন্নত করে এই তরল। কালো ভিনিগার শরীরে পাচকরস ও এনজ়াইমের ক্ষরণ বাড়াতে সাহায্য করে, ফলে খাবার সহজে হজম হয় এবং পেটফাঁপা বা অস্বস্তির সমস্যা কমে।

২. ওজন নিয়ন্ত্রণে রাখে: শরীরের বিপাকক্রিয়া বাড়াতে সাহায্য করে। এর মধ্যে থাকা অ্যাসিটিক অ্যাসিড শরীরের অতিরিক্ত চর্বি গলাতে পারে। ফলে ওজন নিয়ন্ত্রণে রাখা সহজ হয়।

৩. ত্বক সুস্থ রাখে: কালো ভিনিগারে অ্যান্টি-অক্সিড্যান্টও থাকে, যা শরীরকে ক্ষতিকর ফ্রি র‍্যাডিকালের হাত থেকে রক্ষা করে। এই কারণেই এটি ত্বকের জন্যও উপকারী। ত্বক টানটান রাখা এবং বয়সের ছাপ পড়ার গতি শ্লথ করার জন্য কালো ভিনিগার কার্যকরী।

৪. ক্লান্তি কমায়: ব্যায়াম বা কাজের পর শরীরে ল্যাকটিক অ্যাসিড জমা হয়। ফলে ক্লান্তি আসে শরীরে। কালো ভিনিগারে থাকা অ্যামাইনো অ্যাসিড ল্যাকটিক অ্যাসিডগুলিকে ভাঙতে সাহায্য করে, ফলে দ্রুত ক্লান্তি দূর হয়।

৫. দূষিত পদার্থ দূর করে: শরীরের পিএইচ ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে কালো ভিনিগার। শরীরে জমা হওয়া দূষিত পদার্থগুলি বার করে দিতে পারে। ফলে হরমোনের স্বাস্থ্যরক্ষার জন্যও এটি জরুরি।

তবে কালো ভিনিগার কোনও জাদুকরী ওষুধ নয়। স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের একটি অংশ হিসাবে উপকারী হতে পারে। কিন্তু অতিরিক্ত বা অপরিমিত ব্যবহার করলে উল্টে পেটের সমস্যা বাড়তে পারে।

(এই প্রতিবেদনটি সচেতনতার উদ্দেশ্যে লেখা। আপনার জন্য কালো ভিনিগার আদৌ স্বাস্থ্যকর কি না, তা জানতে চিকিৎসকের সঙ্গে কথা বলা উচিত।)

Advertisement
আরও পড়ুন