Dark Chocolate for Weight Loss

চকোলেট খেয়েও ওজন কমানো যায়, তবে খাওয়ার নিয়ম আছে, শিখে নিন কিছু পদ্ধতি

চকোলেট খেয়ে ওজন কমানোর পদ্ধতি কি জানা আছে? স্থূলত্বের কারণে চকোলেট খাওয়া ছেড়েছেন যাঁরা, তাঁরা জেনে নিতে পারেন সে পদ্ধতি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৮ মার্চ ২০২৬ ১৮:০২
Top Weight Loss Dark Chocolate Recipes

চকোলেট খেয়েও ওজন বাড়বে না, শিখে নিন পদ্ধতি। ছবি: ফ্রিপিক।

চকোলেটের নাম শুনলেই মনটা যেন ভাল হয়ে যায়। অনেকেই আছেন যাঁরা খুশি হলেও চকোলেট খান, আবার মনের দুঃখেও চকোলেট খান। অনেকে আবার ইচ্ছে হলেও চকোলেট থেকে দূরে থাকেন। ওজন বৃদ্ধির ভয়ে চকোলেট খাওয়া ছেড়েছেন যাঁরা, তাঁরা জেনে নিতে পারেন কী ভাবে চকোলেট খেয়েও ওজন কমানো যায়।

Advertisement

রোজ চকোলেট খেলেও ওজন বাড়বে না, যদি খান ডার্ক চকোলেট। নানা গবেষণায় ইতিমধ্যেই উঠে এসেছে এই চকোলেটের বিশেষ গুণাগুণ। এতে থাকা উদ্ভিজ্জ ফ্ল্যাভনয়েড আর অ্যান্টি-অক্সিড্যান্ট শরীরের জন্য বিশেষ কার্যকর। ডার্ক চকোলেট হার্ট ভাল রাখে, শরীরের রোগ প্রতিরোধ শক্তিও বৃদ্ধি করে। আবার মন ভাল রাখতেও এর জুড়ি মেলা ভার। তবে দেখে নিতে হবে চকোলেটে যেন ৭০ থেকে ৮৫ শতাংশ কোকো থাকে।

ডার্ক চকোলেট কী ভাবে খেলে ওজন কমবে?

চকো-ওট্‌স পুডিং

রাতে এক বাটি ওট্‌সের সঙ্গে এক কাপ দুধ (গরুর বা আমন্ড মিল্ক), এক চামচ চিয়া বীজ এবং ছোট ছোট টুকরো করে নেওয়া ডার্ক চকোলেট মিশিয়ে ফ্রিজে রেখে দিন। সকালে এর উপর কয়েক টুকরো বেদানা বা কলার টুকরো মিশিয়ে খান। ওট্‌সের ফাইবার এবং চকোলেটের অ্যান্টি-অ্যাক্সিড্যান্ট দীর্ঘ ক্ষণ পেট ভর্তি রাখবে।

চকো-বানানা স্মুদি

১টি পাকা কলা, ১ চামচ ডার্ক কোকো পাউডার এবং আধ কাপ টক দই মিশিয়ে একসঙ্গে ব্লেন্ডারে দিয়ে দিন। খুব মিহি মিশ্রণ তৈরি করতে হবে। এতে সামান্য জল মেশাতে পারেন। খাওয়ার আগে বরফ দিয়ে নিন। শরীরচর্চার আগে বা পরে খেলে প্রোটিন শেকের মতো কাজ করবে।

স্বাস্থ্যকর চকোলেট কেক

ওজন বেড়ে যাওয়ার ভয়ে যাঁরা চকোলেট কেক খেতে ভয় পান, তাঁরা নিশ্চিন্তে এই কেক খেতে পারেন। একটি পাত্রে ৩ চামচ ওট্‌স পাউডার, ১ চামচ কোকো পাউডার, অল্প বেকিং পাউডার এবং একটি ডিম মিশিয়ে ভাল করে ফেটিয়ে নিন। এ বার উপরে ডার্ক চকোলেটের গুঁড়ো ছড়িয়ে দিন। মাইক্রোঅয়েভ অভেনে বেক করে নিলেই তৈরি হয়ে যাবে ডার্ক চকোলেটের কেক।

চকো-চিয়া ট্রাফল

৩-৪টি খেজুর ভিজিয়ে রাখুন। তার পর বীজ ছাড়িয়ে বেটে নিন। খেজুর বাটার সঙ্গে কোকো পাউডার এবং চিয়া বীজ মেখে ছোট ছোট লাড্ডুর মতো বানিয়ে নিন। উপর থেকে ডার্ক চকোলেটের প্রলেপ দিন। মিষ্টির স্বাস্থ্যকর বিকল্প হতে পারে এটি।

Advertisement
আরও পড়ুন