Nasikagra Drishti

নাকের দিকে একটানা তাকিয়ে থাকলে চোখে ব্যথা কমবে, কমবে দুশ্চিন্তা, শিখুন যোগাসনের এক বিশেষ পদ্ধতি

শরীর সুস্থ রাখতে চিকিৎসকেরা যেমন শরীরচর্চা করতে বলেন, তেমনই চোখের জন্য যে আলাদা করে যত্ন নেওয়া প্রয়োজন, সে কথাও বলেন। চোখ ভাল রাখতে কাজের ফাঁকে চোখের চাই বিশ্রাম। কোন ব্যায়ামে চোখের আরাম হবে, রইল হদিস।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৪ মার্চ ২০২৬ ১২:১৩
What are the health benefits of Nose Tip Gazing yoga

চোখ ভাল থাকবে, মানসিক চাপও কমবে। চিত্রাঙ্কন: শৌভিক দেবনাথ।

কম্পিউটারের দিকে তাকিয়ে ঘণ্টার পর ঘণ্টা কাজ, সারা ক্ষণ মোবাইল, ট্যাব ঘাঁটাঘাঁটি করতে করতে চোখের বেহাল দশা হচ্ছে অনেকেরই। বর্তমানে কর্মব্যস্ত জীবনে চোখের যত্ন আর ক’জন নেন! রাত জেগে ঘণ্টার পর ঘণ্টা টিভি দেখা, অন্ধকার ঘরে একেবারে কাছ থেকে মোবাইল দেখার কারণে চোখে ব্যথা, অনবরত জল পড়ছে চোখ থেকে। ক্লান্ত হয়ে পড়ছে চোখ। এখন তো কম বয়সেও ছানি পড়ছে। ফলে অনেকেরই দৃষ্টিশক্তি ঝাপসা হচ্ছে অকালেই।

Advertisement

যোগাসন প্রশিক্ষকেরা জানাচ্ছেন, এখন পলক ফেলতে ভুলে যাচ্ছেন মানুষজন। কারণ একনাগাড়ে কম্পিউটার বা মোবাইলের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে। ফলে চোখের আর্দ্রতা নষ্ট হচ্ছে। নীল আলো চোখের জলই শুকিয়ে দিচ্ছে। চোখ ভাল রাখতে হলে যোগাসনই আদর্শ উপায়। এমন কিছু ব্যায়াম করতে হবে যা চোখ ভাল রাখবে। নাসিকাগ্র দৃষ্টি যোগাসনের এমন এক পদ্ধতি যা কেবল দৃষ্টিশক্তিই ভাল রাখে না, মনঃসংযোগও বৃদ্ধি করে। যোগাসনের এই পদ্ধতি অনেকটা ধ্যানেরই মতো। সঠিক ভাবে করতে পারলে, মানসিক চাপ ও দুশ্চিন্তা থেকেও রেহাই পাওয়া যাবে।

কী ভাবে করবেন?

১) পিঠ সোজা রেখে আরামদায়ক ভঙ্গিতে বসুন। দুই হাত রাখতে হবে দুই হাঁটুর উপরে।

২) চশমা থাকলে তা খুলে রাখতে হবে। এ বার চোখ বন্ধ করে ধীরে ধীরে শ্বাস নিন ও ছাড়ুন। ১০-২০ সেকেন্ড এমন করলেই মন শান্ত হবে।

৩) চোখ খুলে নাকের অগ্রভাগের দিকে তাকান। স্থির দৃষ্টিতে নাকের অগ্রভাগের দিকে তাকিয়ে থাকতে হবে টানা, তবে খেয়াল রাখবেন চোখে যেন বেশি চাপ না পড়ে।

৪) আসনটি অভ্যাস করার সময় স্বাভাবিক ভাবে শ্বাসপ্রশ্বাস নিতে হবে।

৫) একটানা তাকিয়ে থাকতে যদি চোখে জ্বালা হয়, তা হলে মাঝে মাঝে পলক ফেলতে পারেন। তবে চেষ্টা করতে হবে টানা তাকিয়ে থাকার।

৬) টানা ২০-৩০ সেকেন্ড তাকিয়ে থাকার পরে চোখ বন্ধ করে বিশ্রাম নিন। তার পর আবারও অভ্যাস করুন। ৫-৭ বার করে অভ্যাস করতে পারলে, উপকার হবে।

৭) প্রথম প্রথম চোখে ব্যথা হতে পারে, পরে অভ্যাস হয়ে যাবে।

উপকারিতা:

শুষ্ক চোখের সমস্যা দূর হবে।

চোখে ফোলা ভাব, সব সময়ে চোখ জ্বালা, চোখে ব্যথা হলে তা সেরে যাবে।

মোবাইল বা ল্যাপটপের দিকে টানা তাকিয়ে থাকার পরে চোখ ক্লান্ত হয়ে পড়লে আসনটি করতে পারেন।

নিয়মিত অভ্যাসে দৃষ্টিশক্তি উন্নত হবে।

মনঃসংযোগ বাড়বে আসনটি অভ্যাসে, উদ্বেগ-দুশ্চিন্তা দূর হবে।

অত্যধিক মানসিক চাপ কমাতেও আসনটি উপযোগী।

কারা করবেন না?

সদ্য ছানি অস্ত্রোপচার হলে, আসনটি করবেন না।

গ্লকোমার সমস্যা থাকলে আসনটি করা যাবে না।

Advertisement
আরও পড়ুন