Yoga benefits

ডাম্বেল না তুলেও পেশির জোর বাড়বে, শক্তি বৃদ্ধির জন্য কার্ডিয়োর চেয়েও কার্যকরী একটি আসন অভ্যাসে

পেশির জোর বৃদ্ধি করতে ও সারা শরীরের টোনিংয়ের জন্য সবচেয়ে বেশি কার্যকরী হতে পারে যোগাসন। অনেকেই ভাবেন, জিমে গিয়ে ওজন তুলে বা কার্ডিয়ো ব্যায়াম করলেই হয়তো পেশির জোর বাড়বে। তবে এর চেয়েও সহজ পন্থা আছে। ঘরে বসেই তা সম্ভব।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৬ ১১:৫৯
What are the health benefits of Vrischikasana, or Scorpion Pose

শক্তি বৃদ্ধির আসন, সহজ পদ্ধতি শিখে নিন। চিত্রাঙ্কন: শৌভিক দেবনাথ।

মেদ কমানোর জন্য জিমে যাবেন বলে ঠিক করে ফেলেছেন। অথচ জিমে যেতে গেলেই রাজ্যের অনীহা। কারও সাতসকালে ঘুম থেকে উঠতে হবে ভেবে আলস্য আসে তো কেউ ভাবেন, দিনের অনেকটা সময় জিমে যেতে-আসতেই নষ্ট হয়ে যাচ্ছে। সময়ের টানাটানি যাঁদের, অথচ যাঁরা ফিটনেসের সঙ্গেও আপস করতে চাইছেন না, তাঁরা বাড়িতে বসে সহজ যোগাসনেই পেশির জোর বাড়িয়ে নিতে পারেন। কেবল ডাম্বেল তুলে বা ভারী ওজন তুললেই যে পেশির শক্তি বাড়বে, তা নয়। যোগাসনেও তা সম্ভব। শরীরের শক্তি বৃদ্ধির ব্যায়াম করতে চাইছেন যাঁরা, তাঁদের জন্য আদর্শ বৃশ্চিকাসন। এমন এক আসন, যা প্রতিটি পেশির শক্তি বৃদ্ধি করবে, পাশাপাশি সারা শরীরের স্ট্রেচিংও হবে।

Advertisement

কী ভাবে করবেন?

১) ম্যাটের উপর উপুড় হয়ে শুয়ে পড়ুন। দুই হাত দু’পাশে থাকবে।

২) কনুই ভেঙে দুই হাতের তালু মাটিতে রাখুন। গভীর ভাবে শ্বাস নিন।

৩) শ্বাস ছাড়তে ছাড়তে কোমর ও পা মাটি থেকে উপরে তুলুন। গোটা শরীরের ভার থাকবে দুই হাতের উপরে।

৪) এ বার হাঁটু বাঁকিয়ে পায়ের পাতা পিছনে করে পিঠের দিকে নামিয়ে আনুন।

৫) এই ভঙ্গিতে ২০ সেকেন্ড থাকার চেষ্টা করুন। তার পর আগের অবস্থানে ফিরে আসুন।

উপকারিতা:

বৃশ্চিকাসন শুরুতে যোগাসন প্রশিক্ষকের সাহায্য নিয়ে করাই ভাল। নিয়মিত আসনটি করলে হাত, পা, ঊরু ও নিতম্বের পেশির জোর বাড়বে।

সারা শরীরে রক্ত সঞ্চালন ভাল হবে, হার্টের স্বাস্থ্য ভাল থাকবে।

শরীরের প্রতিটি পেশির জোর বাড়বে, শরীরের শক্তি বৃদ্ধিও হবে।

বৃশ্চিকাসন আয়ত্তে চলে এলে শরীরের ভারসাম্য রাখার শক্তিও বাড়বে।

নিয়মিত অভ্যাসে ওজনও কমবে।

মানসিক স্বাস্থ্য ভাল থাকবে, মনঃসংযোগ বাড়বে।

অতিরিক্ত উদ্বেগ ও উৎকণ্ঠাও কমে যাবে আসনটি অভ্যাসে।

কারা করবেন না?

হাঁটুতে অস্ত্রোপচার হলে আসনটি করা যাবে না।

হার্টের রোগ থাকলে প্রশিক্ষকের পরামর্শ ছাড়া আসনটি করা যাবে না।

Advertisement
আরও পড়ুন