Olive Oil with Lemon

১ চামচ তেলে লেবুর রস, এমনই এক টোটকায় মজেছেন নেটাগরিকেরা, কী ভাবে বানাবেন? কী প্রভাব তার

এক নতুন টোটকার কথা ছড়িয়ে পড়েছে চারদিকে। একটি বিশেষ ‘শট’ তৈরি করা হচ্ছে ঘরেই। প্রতি দিন সকালে খালি পেটে মিশ্রণটি এক ঢোঁকে গিলে ফেলতে হবে। তবেই নাকি ফলাফল টের পাওয়া যাবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৬ মার্চ ২০২৬ ২০:৫৯
তেলের সঙ্গে লেবুর রসের মিশ্রণ।

তেলের সঙ্গে লেবুর রসের মিশ্রণ। ছবি: সংগৃহীত।

ইনস্টাগ্রাম থেকে ফেসবুক জুড়ে নিত্যনতুন টোটকার আবিষ্কার হতে থাকে। কখনও স্বাস্থ্যের জন্য, কখনও বা ত্বকচর্চা ও কেশচর্চার লক্ষ্যে সেই রিল ভিডিয়ো বা ছবিতে ভরসা রাখছেন অনেকে। তেমনই এক নতুন টোটকার কথা ছড়িয়ে পড়েছে চারদিকে। একটি বিশেষ ‘শট’ তৈরি করা হচ্ছে ঘরেই। প্রতি দিন সকালে খালি পেটে মিশ্রণটি এক ঢোঁকে গিলে ফেলতে হবে। তবেই নাকি ফলাফল টের পাওয়া যাবে।

Advertisement

উপকরণ মাত্র দু’টি— এক চামচ অলিভ অয়েল এবং অল্প লেবুর রস। তেল ও লেবুর মিশ্রণ যে খুব সুস্বাদু হবে না, তা বোঝাই যাচ্ছে। কিন্তু এই স্বাস্থ্যকর ‘শট’ই নাকি শরীরের নানা ধরনের সমস্যার সঙ্গে মোকাবিলা করছে। ইনস্টাগ্রামের একাধিক নেটপ্রভাবী থেকে শুরু করে চিকিৎসকেরা পর্যন্ত এর প্রশংসায় পঞ্চমুখ। উপকার মিলছে বলেও দাবি অনেকের। এক নেটপ্রভাবী জানাচ্ছেন, এই স্বাস্থ্যকর ‘শট’ তিনি সাত দিন খেয়েছেন। তার পর তাঁর ত্বক আগের থেকে অনেক বেশি উজ্জ্বল হয়েছে। অন্য এক নেটপ্রভাবীর দাবি, ত্বক, চুল ও হজমের জন্য বেশ কার্যকরী এই মিশ্রণ। তিনি নিজে উপকার পেয়েছেন। বিদেশ থেকে দেশের মাটিতে এসে পৌঁছে গিয়েছে এই ট্রেন্ড।

অলিভ অয়েলের উপকারিতা কী কী?

অলিভ অয়েলের উপকারিতা কী কী? ছবি: সংগৃহীত

তা হলে অলিভ অয়েল ও লেবু মিশিয়ে খেলে কী হতে পারে?

এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল নানাবিধ পুষ্টি উপাদানে ভর্তি। পুষ্টিবিদ অনন্যা ভৌমিকও এই তেলের গুণে মুগ্ধ। তিনি জানাচ্ছেন, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলে রয়েছে অ্যান্টি-অক্সিড্যান্ট, মনোস্যাচুরেটেড ফ্যাট, পলিফেনল এবং নানা ধরনের ভিটামিন। এই উপাদানগুলি শরীরে অক্সিডেটিভ স্ট্রেস কমাতে সাহায্য করে, স্নায়ুর প্রদাহ কমাতে পারে এবং কোষকে সুরক্ষা দেয়। গবেষণায় দেখা গিয়েছে, যাঁরা এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল খান, তাঁদের অন্ত্রে উপকারী ব্যাক্টেরিয়ার বৈচিত্র বেশি থাকে। অন্য দিকে পাতিলেবু ভিটামিন সি, অ্যান্টি-অক্সিড্যান্ট, সাইট্রিক অ্যাসিড, পটাশিয়াম এবং ক্যালশিয়ামে ভরপুর। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হজমে সাহায্য করে, শরীর থেকে দূষিত পদার্থ বার করে দেয়, ওজন কমাতে সাহায্য করে এবং ত্বক উজ্জ্বল রাখতে পারে।

অলিভ অয়েল গরম করা না হলে এর অ্যান্টি-অক্সিড্যান্টগুলি অক্ষুণ্ণ থাকে। আর লেবুর সঙ্গে মেশালে এই মিশ্রণটি হতে পারে অ্যান্টি-অক্সিড্যান্টের দারুণ উৎস এবং প্রদাহনাশীও বটে।

(এই প্রতিবেদন সচেতনতার উদ্দেশ্যে লেখা। কিন্তু আপনি খালি পেটে অলিভ অয়েল এবং লেবুর রস মিশিয়ে খেতে পারবেন কি না, তা জানার জন্য অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।)

Advertisement
আরও পড়ুন