ভিটামিন ডি সাপ্লিমেন্ট খাওয়ার সঠিক সময় কোনটি? ছবি: সংগৃহীত।
শরীর চাঙ্গা রাখতে ভিটামিন ডি-এর কোনও বিকল্প নেই। হাড়ের যত্ন নিতে, তরতাজা থাকতে ভিটামিন ডি একান্ত জরুরি। যদি শরীরে ভিটামিন ডি-এর পরিমাণ পর্যাপ্ত থাকে, তা হলে অনেক সমস্যা থেকেই দূরে থাকা যায়। সূর্যের আলো হল ভিটামিন ডি-এর অন্যতম উৎস। তাই চিকিৎসকেরা রোজ সকালে কিছু ক্ষণের জন্য রোদে দাঁড়ানোর পরামর্শ দেন। তাতে শরীরে ভিটামিন ডি-এর ঘাটতি খানিকটা হলেও পূরণ হয়। তবে অনেকের সেই সময়টুকু নেই। তাই ভিটামিন ডি-এর ঘাটতি পূরণ করতে তাঁরা সাপ্লিমেন্টের উপরে ভরসা রাখছেন।
শরীরে কিছুতেই ভিটামিন ডি-এর ঘাটতি হতে দেওয়া চলবে না। এই ভিটামিনের অভাবে অস্থিসংক্রান্ত নানা সমস্যা, শিশুদের রিকেটের মতো কঠিন রোগ হতে পারে। সূর্যের আলো ছা়ড়াও বেশ কিছু খাবারে ভিটামিন ডি রয়েছে। তবে অনেকেই সেগুলিকে যথেষ্ট বলে মনে করেন না। তাই অনেকেই ভিটামিন ডি সাপ্লিমেন্ট খান। তবে সাপ্লিমেন্ট খাওয়ার একটা নির্দিষ্ট সময় আছে। সময়ের হিসাব মেনে না চললে মুশকিলে পড়তে হতে পারে।
চিকিৎসকদের মতে, প্রাতরাশ কিংবা দুপুরের খাবারের পর ভিটামিন ডি-এর সাপ্লিমেন্ট খাওয়া যেতে পারে। এই দুই খাবারের মধ্যে যখন শরীরে স্বাস্থ্যকর ফ্যাটের মাত্রা বেশি থাকে, সেটাই ভিটামিন ডি সাপ্লিমেন্ট খাওয়ার আদর্শ সময়। এই ভিটামিন ফ্যাটে ভাল ভাবে দ্রবীভূত হয়। চিকিৎসকদের মতে, রাতে এই সাপ্লিমেন্ট না খাওয়াই ভাল। বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে, ভিটামিন ডি মেলাটোনিন বা স্লিপ হরমোন উৎপাদনে বাধা দেয়। ফলে ঘুমের ব্যাঘাত ঘটে।