চিনি দিতে হবে না, এমন কী কী সুস্বাদু পানীয় খেয়ে ওজন কমাবেন? ছবি: ফ্রিপিক।
দুধ-চিনি ছাড়া চা যাঁদের পছন্দ ছিল না, তাঁরাও এখন চিনি ছাড়া চা বা কালো কফি খান। বাঙালিবাড়িতেও এমন অভ্যাস রপ্ত করে ফেলেছেন অনেকে। ওজন কমাতে চিনি, ময়দাকে একেবারেই ব্রাত্যের তালিকায় ফেলা হচ্ছে। চারদিকে চলছে ‘নো সুগার ক্যাম্পেন’। কেউ ওজন কমাতে, আবার কেউ সুগার নিয়ন্ত্রণে রাখতে, চিনি বা মিষ্টি জাতীয় সব কিছুই বর্জন করছেন। তবে সকলের পক্ষে তো তা সম্ভব নয়। ঘন দুধ ও চিনি ছাড়া চা বা কফি যাঁরা একেবারেই খেতে পারেন না, তাঁরা পড়েছেন সমস্যায়। চিনি বাদ দিতে হবে, এ দিকে কালো কফি বা লিকার চা পছন্দ নয়। তা হলে উপায়?
চিনির বিকল্প হিসাবে মধু বেশি খাওয়াও সুগারের রোগীদের জন্য ঠিক নয়। মিষ্টি সিরাপ বেশি খেলে বিপদ। তাই এমন পানীয় বেছে নিন, যাতে চিনি বা মিষ্টি জাতীয় কোনও কিছু দেওয়ারই প্রয়োজন নেই। অথচ খেতে সুস্বাদু এবং পুষ্টিগুণে ভরপুর। ওজন কমাতে তো বটেই, ডায়াবিটিসের রোগীরাও নিশ্চিন্তে খেতে পারেন এ সব পানীয়।
অ্যাপেল সাইডার ভিনিগার ও দারচিনির ডিটক্স
দারচিনির স্বাদ যেমন, তাতে মিষ্টি মেশানোর প্রয়োজন নেই। এটি চিনির অভাব পূরণ করতে পারে। এক গ্লাস ঈষদুষ্ণ জলে ১ চামচ অ্যাপেল সাইডার ভিনিগার এবং আধ চামচ দারচিনির গুঁড়ো মিশিয়ে নিন। এই পানীয় ধীরে ধীরে চুমুক দিয়ে খান। এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে এবং দীর্ঘ ক্ষণ পেট ভর্তি রাখে।
ভেষজ চা। ছবি: এআই সহায়তায় প্রণীত।
মাচা গ্রিন টি
এক কাপ ফুটন্ত জলের সঙ্গে সামান্য দারচিনির গুঁড়ো মিশিয়ে নিন। এ বার অন্য একটি কাপে মাচা চায়ের গুঁড়োর সঙ্গে গরম জল মিশিয়ে থকথকে মিশ্রণ তৈরি করে নিন। এ বার সসপ্যানে চায়ের মিশ্রণের সঙ্গে দারচিনি মেশানো জল মিশিয়ে কম আঁচে নাড়তে হবে। অনেকে এর সঙ্গে দুধও মেশান। ক্রমাগত নেড়ে যেতে হবে। সবুজ রঙের থকথকে মিশ্রণ তৈরি হলে গ্যাস বন্ধ করে দিতে হবে। কাপে ঢেলে উপরে আরও খানিকটা মাচা চায়ের গুঁড়ো ছড়িয়ে পরিবেশন করুন।
ওট্স হট চকোলেট
ছোটদের জন্য এই পানীয়টি উপকারী। অনেক ক্ষণ পেট ভর্তি রাখবে এবং ফাইবারের চাহিদাও মেটাবে। এটি বানাতে লাগবে এক কাপ লো-ফ্যাট দুধ। অথবা সয়া মিল্কও নিতে পারেন। তার সঙ্গে ১ চামচ ওট্স গুঁড়িয়ে নেওয়া, ১ চামচ কোকো পাউডার, ৩টে খেজুর বীজ ছাড়িয়ে নিতে হবে। দুধ, ওট্স, কোকো পাউডার ও খেজুর একসঙ্গে ব্লেন্ড করে নিন। তা ছাড়া দুধে ওট্স, কোকো পাউডার ও খেজুর দিয়ে ফোটাতেও পারেন। ঘন করে জ্বাল দিতে হবে। নামিয়ে উপরে কয়েক টুকরো ডার্ক চকোলেট ছড়িয়ে দিতে হবে।
লেমন গ্রাস ও আদ চা
এই চায়ের সুগন্ধ মন ভাল করে দেবে। হজমশক্তিও বাড়বে। ক্লান্তি দূর করতে এই চা দারুণ কার্যকরী। ফুটন্ত জলে কুচোনো লেমন গ্রাস এবং আদা কুচি দিয়ে মিনিট পাঁচেক ফোটাতে হবে। তার পর সামান্য গোলমরিচ গুঁড়ো মিশিয়ে নামিয়ে নিতে হবে।
তুলসীর গ্রিন টি
জল গরম করে তাতে গ্রিন টি ব্যাগ বা পাতা এবং ৪-৫টি তুলসীপাতা দিয়ে ঢেকে রাখুন। ২ মিনিট পর ছেঁকে নিন। এই চা বেশি ক্ষণ ফোটাতে নেই। এই চা শরীরের রোগ প্রতিরোধ শক্তি বৃদ্ধি করবে এবং দ্রুত ক্যালোরি পোড়াবে। সুগারের রোগীদের জন্যও খুবই উপকারী এই চা।