Falharini Amavasya 2026

ফলহারিণীর আরাধনায় মুক্তি মেলে খারাপ কর্মফল থেকে, তবে সঠিক নিয়ম না মানলে ফলপ্রাপ্তি হবে না!

হিন্দু বিশ্বাস মতে, দেবী ফলহারিণীর উপাসনায় অশুভ ফল থেকে মুক্তি পাওয়া যায়। শুভ ফলপ্রাপ্তি ঘটে। কিন্তু সেই পুজোর বিশেষ কিছু নিয়ম রয়েছে।

Advertisement
বাক্‌সিদ্ধা গার্গী
শেষ আপডেট: ১৫ মে ২০২৬ ১৮:০১

—প্রতীকী ছবি।

জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে মা কালীকে দেবী ফলহারিণী রূপে পুজো করা হয়। সেই কারণে এই অমাবস্যা তিথি ফলহারিণী অমাবস্যা নামেও পরিচিত। চলতি বছর ১৬ মে, শনিবার দিনটি ফলহারিণী অমাবস্যা পড়ছে। ফলহারিণী শব্দের অর্থ ফল হরণকারী। অর্থাৎ, অশুভ ফল হরণ করেন যিনি। এই ফলহারিণী অমাবস্যা তিথিতে শ্রীরামকৃষ্ণ মা সারদাকে দশমহাবিদ্যার অন্যতম দেবী ষোড়শী রূপে পুজো করেছিলেন। হিন্দু বিশ্বাস মতে, দেবী ফলহারিণীর উপাসনায় অশুভ ফল থেকে মুক্তি পাওয়া যায়। শুভ ফলপ্রাপ্তি ঘটে। কিন্তু সেই পুজোর বিশেষ কিছু নিয়ম রয়েছে। সেগুলি মাথায় রেখে দেবী ফলহারিণীর উপাসনা করতে হবে। অন্যথায় সুফল প্রাপ্তি হবে না। কোন বিষয়গুলি মাথায় রাখা জরুরি, জেনে নিন।

Advertisement

দেবী ফলহারিণীর পুজোর নিয়মগুলি কী?

  • ফলহারিণী পুজোয় নানা রকমের মরসুমি ফল ব্যবহার করা আবশ্যিক। এই দিন দেবীকে ফুলের মালার বদলে ফলের মালা দিয়ে সাজানোর চল রয়েছে।
  • মনোস্কামনা পূরণের জন্য বিশেষ এই দিনে সবচেয়ে পছন্দের ফলটি মা কালীকে উৎসর্গ করুন। তার পর সেই ফল বাড়িতে এনে রেখে দিন। এক বছর সেই ফল আপনি খেতে পারবেন না। এক বছরের মধ্যে মনোবাসনা পূরণ হয়ে গেলে সেই ফলটি নদীর জলে ভাসিয়ে দিতে হবে। ফলহারিণীর পুজো দিয়ে পুনরায় সেই ফলটি খাওয়া যেতে পারে। কিন্তু মনোস্কামনা পূরণের আগেই যদি সেই ফল খেয়ে নেওয়া হয় তা হলে ফলপ্রাপ্তি হবে না।
  • ফলহারিণী অমাবস্যার দিন গঙ্গায় স্নান করতে পারলে খুব ভাল হয়। গঙ্গা না পেলে পুকুর বা যে কোনও জলাশয়ে ডুব দিয়ে স্নান করতে হবে।
  • ফলহারিণী অমাবস্যায় অনেকে মৌনব্রত পালন করেন। এ ক্ষেত্রে নিষ্ঠার সঙ্গে ব্রত পালন করা জরুরি। যা-ই হয়ে যাক না কেন কথা বলা যাবে না। স্নান করার পরবর্তী সময় থেকে মুখে কুলুপ এঁটে থাকতে হবে।
  • ফলহারিণীর পুজো হয়ে গেলে গরিব-দুঃখীদের প্রসাদের সঙ্গে দরকারের কোনও জিনিস দান করা যেতে পারে। এতে দেবী ফলহারিণী খুবই প্রসন্ন হন। বাচ্চাদের লেখাপড়ার সামগ্রী দান করতে পারলেও ভাল ফলপ্রাপ্তি হয়।
  • মা কালীর সঙ্গে এই দিন ভোলেবাবাকেও পুজো করতে পারলে খুব ভাল হয়। এ ক্ষেত্রে শিবকে পঞ্চামৃত সহযোগে অভিষেক করতে ভুলে গেলে চলবে না।
  • ফলহারিণী অমাবস্যায় অশ্বত্থগাছের পুজো করলে ভাল ফলপ্রাপ্তি হয় বলে বিশ্বাস। বিভিন্ন গ্রহের দোষ থেকে মুক্তি মেলে। জন্মকুণ্ডলীতে যদি চন্দ্র, মঙ্গলের দোষ থাকে, তা হলে কালো তিল, দুধ ও গঙ্গাজল সহকারে অশ্বত্থ গাছের পুজো করলে খুব ভাল ফল পাওয়া যায়।
Advertisement
আরও পড়ুন