Dating App

ডেটিং অ্যাপে আলাপ, দেখা করার জন্য ডেকে যুবককে অপহরণ, পরে লুটপাট! গ্রেফতার তরুণী-সহ পাঁচ

ঘটনাটি ঘটেছে দক্ষিণ-পূর্ব দিল্লির নেহরু প্লেসে। এক যুবককে অপহরণ, হামলা এবং সাত লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৯ মার্চ ২০২৬ ১৩:৩৮
A man who robbed by accomplices of woman he met online in Delhi

ডেটিং অ্যাপে আলাপ যুগলের। কথাবার্তার পর দেখা করার সিদ্ধান্ত নেন তাঁরা। তরুণীর ঠিক করা জায়গায় আসেন যুবক। অভিযোগ, সে সময় ওই তরুণী এবং তাঁর কয়েক জন সহযোগী ওই যুবককে অপহরণ করে নিয়ে যান। পরে যুবকের কাছে থাকা সব টাকাপয়সা, জিনিসপত্র লুট করে পালান। তদন্তে নেমে অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ।

Advertisement

ঘটনাটি ঘটেছে দক্ষিণ-পূর্ব দিল্লির নেহরু প্লেসে। এক যুবককে অপহরণ, হামলা এবং সাত লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। দিল্লির দক্ষিণ-পূর্ব অঞ্চলের ডিসিপি হেমন্ত তিওয়ারি জানান, ধৃতদের মধ্যে ২০ বছরের এক তরুণী রয়েছেন। তাঁর নাম হারলিন কৌর ওরফে জেনি। ডেটিং অ্যাপে তাঁর সঙ্গে আলাপ হয়েছিল ৩৪ বছর বয়সি এক যুবকের।

আলাপ পরে বন্ধুত্ব গাঢ় হতে দু’জনে ঠিক করেন দেখা করবেন। মঙ্গলবার সন্ধ্যায় জেনিই ওই যুবককে নেহরু প্লেসে ডেকে পাঠান। অভিযোগপত্রে যুবকটি জানান, সন্ধ্যা ৭টা নাগাদ দু’টি গাড়ি এসে দাঁড়ায় তাঁর কাছে। তিন জন নেমে ধাক্কা মেরে গাড়িতে তুলে দেন ওই যুবককে। বাধা দেওয়ার চেষ্টা করেও লাভ হয়নি। চিৎকার করে লোক জড়ো করার সুযোগও পাননি। জায়গাটি নির্জন হওয়ায় ওই সময়ে সেখানে মানুষের আনাগোনা কম ছিল। এক তদন্তকারী অফিসার বলেন, ‘‘গাড়ির মধ্যে তুলে ওই যুবককে মারধর করা হয়। তার ফলে সাময়িক জ্ঞান হারিয়ে ফেলেন। জ্ঞান ফেরার পরে তাঁকে নিয়ে একটি এটিএমে যান। সেখানে টাকা তোলেন আর ক্রেডিট কার্ডের মাধ্যমে কিছু টাকা হস্তান্তরও করেন অভিযুক্তেরা। তার পরে তাঁকে নিয়ে গাড়িতে করে সারারাত দক্ষিণ দিল্লি এবং গুরুগ্রামে ঘুরিয়ে পরের দিন সকালে নেহরু প্লেসে নামিয়ে দিয়ে চম্পট দেন।’’

তদন্তে নেমে পুলিশ জানতে পারে ডেটিং অ্যাপের মাধ্যমে এ ভাবে ‘প্রতারণা’ আগেও করেছেন জেনি। বিভিন্ন যুবকের সঙ্গে ডেটিং অ্যাপের আলাপ করতেন। তার পরে নির্জন স্থানে ডেকে পাঠিয়ে তাঁদের লুট করতে তিনি এবং তাঁর সহযোগীরা। যদিও পুলিশ জানিয়েছে, আগে জেনির বিরুদ্ধে কোনও অভিযোগ দায়ের হয়নি।

Advertisement
আরও পড়ুন