Nuclear Warhead

পরমাণু অস্ত্রনীতিতে বড় বদল ভারতের! ১২টি ওয়ারহেড যে কোনও সময় উৎক্ষেপণের জন্য তৈরি, দাবি নজরদারি সংস্থার

বিশ্বের শীর্ষ অস্ত্র-নজরদারি সংস্থা এসআইপিআরআই তাদের সাম্প্রতিক রিপোর্টে জানিয়েছে যে, শুধু মজুত নয় প্রয়োজনে প্রত্যাঘাতের উদ্দেশ্যে পরমাণু অস্ত্র মোতায়েনও করেছে ভারত।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৯ জুন ২০২৬ ২০:৪৭
A report claims, for the first time India deploys 12 nuclear warheads in big policy shift

প্রতিনিধিত্বমূলক ছবি।

পরমাণু অস্ত্র নীতিতে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন করে ফেলেছে ভারত প্রথম বারের মতো ১২টি পরমাণু ‘ওয়ারহেড’ (উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র-সহ পরমাণু অস্ত্র) ‘মোতায়েন’ করেছে ভারতীয় সেনা। আন্তর্জাতিক অস্ত্র-নজরদারি সংস্থা ‘স্টকহলম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট’ (এসআইপিআরআই)-এর সাম্প্রতিক রিপোর্টে এই দাবি করা হয়েছে।

Advertisement

বিশ্বের শীর্ষ অস্ত্র-নজরদারি সংস্থা এসআইপিআরআই-এর সাম্প্রতিক প্রতিবেদন জানাচ্ছে, এ ক্ষেত্রে নয়াদিল্লি কয়েক দশকের পরমাণু অস্ত্রনীতি আমূল বদলে ফেলেছে। পুরনো নীতি অনুযায়ী ‘শান্তির সময়ে’ পরমাণু ওয়ারহেড এবং তাদের বহনকারী ব্যবস্থাগুলি পৃথক ভাবে মজুত রাখা হত। কিন্তু এই প্রথম বার শুধুমাত্র পরমাণু অস্ত্রভান্ডারকে কেবল মজুত হিসেবে নয়, বরং কার্যকর ভাবে দ্রুত ব্যবহারের উদ্দেশ্যে মোতায়েন করা হয়েছে। ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকেন্দ্র এবং নতুন পরমাণু অস্ত্রবাহী ডুবোজাহাজে (এসএসবিএন) তাৎক্ষণিক ব্যবহারের উপযোগী পরমাণু অস্ত্র মোতায়েন করার এই উদাহরণ উচ্চতর প্রস্তুতির ইঙ্গিতবাহী বলে জানানো হয়েছে রিপোর্টে।

এসআইপিআরআই-এর প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত বছর ভারতের পরমাণু অস্ত্রভান্ডারে সামান্য বৃদ্ধি হয়েছে। পাশাপাশি একটি ডুবোজাহাজে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে কিছুসংখ্যক পরমাণু ওয়ারহেড বসানো হয়েছে। রিপোর্টে লেখা হয়েছে, “২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত ভারতের কাছে অন্তত ১৯০টি অস্ত্র রয়েছে বলে অনুমান করা হচ্ছে, যা আগের বছরের তুলনায় সামান্য বেড়েছে । এই ওয়ারহেডগুলি বিমান, ‘ভূমি থেকে ভূমি’ ক্ষেপণাস্ত্র এবং এসএসবিএন নিয়ে গঠিত একটি পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ পরিষদের অধীনে রয়েছে।’’ সমুদ্রে ভারতীয় নৌসেনার পরমাণু অস্ত্রবাহী ডুবোজাহাজ টহলদারিও চালিয়েছে বলে ওই রিপোর্টে দাবি।

অন্য দেশগুলির পরমাণু অস্ত্রের আনুমানিক সংখ্যাও জানিয়েছে এসআইপিআরআই-এর রিপোর্ট। বলা হয়েছে, বিশ্বের ৯টি পরমাণু অস্ত্রধারী দেশের কাছে আনুমানিক ১২,১৮৭টি পরমাণু অস্ত্র রয়েছে! এই তালিকায় শীর্ষে রয়েছে রাশিয়া। তাদের কাছে রয়েছে ৫,৫০০টিরও বেশি (এর মধ্যে মোতায়েন করা প্রায় ১,৭৯০টি) পরমাণু অস্ত্র। অন্য দেশগুলির মধ্যে আমেরিকার ৫,০৪০টির বেশি (মোতায়েন প্রায় ১,৭৭০টি), চিনের ৬২০টি (মোতায়েন ৩৪টি), ফ্রান্সের ২৯০টি (মোতায়েন প্রায় ২৮০টি), ব্রিটেনের ২২৫টি (মোতায়েন ১২০টি), পাকিস্তানের ১৭০টি, ইজ়রায়েলের ৯০টি (ঘোষিত নয়) এবং উত্তর কোরিয়ার ৬০টি পরমাণু অস্ত্র রয়েছে। প্রসঙ্গত, পরমাণু অস্ত্রের ক্ষেত্রে ভারত বরাবরই ‘প্রথমে ব্যবহার নয়’ (নো ফার্স্ট ইউজ) নীতি অনুসরণ করে। নয়াদিল্লি প্রতিশ্রুতিবদ্ধ যে তারা প্রথমে কোনও পরমাণু হামলা শুরু করবে না। এ ক্ষেত্রে নীতি হল, পরমাণু অস্ত্র কেবলমাত্র ভারতীয় ভূখণ্ডে বা বিশ্বের অন্য কোনও স্থানে অবস্থানরত ভারতীয় বাহিনীর উপর পরমাণু হামলার প্রতিক্রিয়ায় ব্যবহৃত হবে।

Advertisement
আরও পড়ুন