US-Iran War

যুদ্ধ পরিস্থিতিতে পশ্চিম এশিয়ায় আটকে থাকা নাগরিকদের দেশে ফেরানোর চেষ্টায় এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো! চালু করল বিশেষ বিমান

কোন বিমান সংস্থা কতগুলি বিশেষ বিমান চালাচ্ছে, তার তালিকাও প্রকাশ করা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে ৫৮টি বিমান চালাবে এয়ার ইন্ডিয়া। আর পশ্চিম এশিয়ার আটটি গন্তব্যে বিমান পরিচালনা করবে ইন্ডিগো।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১১ মার্চ ২০২৬ ১২:৩০
Air India, Indigo to run special flights amid West Asia conflict

বিশেষ বিমান চালাবে এয়ার ইন্ডিয়া। — ফাইল চিত্র।

সৌদি আরব, কুয়েত, সংযুক্ত আরব আমিরশাহি, কাতারের মতো পশ্চিম এশিয়ার দেশগুলিতে লাগাতার হামলা চালাচ্ছে ইরান! পাল্টা হামলার পথে ইজ়রায়েল এবং আমেরিকাও। এই পরিস্থিতিতে ব্যাপক প্রভাব পড়েছে অসামরিক বিমান পরিবহণ পরিষেবায়। পরিষেবা সঙ্কটে অনেক ভারতীয় বিভিন্ন দেশে আটকে। আবার অনেক বিদেশি আটকে রয়েছেন ভারতে। এ বার তাঁদের জন্য সুখবর শোনাল ইন্ডিগো, এয়ার ইন্ডিয়া। বুধবার থেকে দুবাই, আবুধাবি, শারজাহ-সহ পশ্চিম এশিয়ার বিভিন্ন জায়গা থেকে বিশেষ বিমান চালানোর ঘোষণা করা হয়েছে।

Advertisement

কোন বিমান সংস্থা কতগুলি বিশেষ বিমান চালাচ্ছে, তার তালিকাও প্রকাশ করা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে ৫৮টি বিমান চালাবে এয়ার ইন্ডিয়া। আর পশ্চিম এশিয়ার আটটি গন্তব্যে বিমান পরিচালনা করবে ইন্ডিগো। ভারতের অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের তরফে জানানো হয়, নিরাপদে যাত্রীদের এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে দেওয়ার জন্য ভারতীয় বিমান সংস্থাগুলির কর্মক্ষমতা আরও বৃদ্ধি করছে।

এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ জানিয়েছেন, বিমান পরিচালনা অনেকগুলি বিষয়ের উপর নির্ভর করে। বিশেষ বিমানগুলি ভারত এবং অন্য দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নিয়েই চালানো হচ্ছে। এয়ার ইন্ডিয়া জানিয়েছে, দিল্লি এবং মুম্বই থেকে জেড্ডা পর্যন্ত একটি ‘রাউন্ড ট্রিপ’ পরিচালনা করা হবে। এ ছাড়াও, মাস্কাটে এয়ার ইন্ডিয়ার নির্ধারিত বিমান পরিচালনার পরিকল্পনা নেওয়া হয়েছে। ইন্ডিগো জানিয়েছে, বুধবার তারা ইউরোপের নির্বাচিত রুটগুলির সঙ্গে পশ্চিম এশিয়ার আটটি জায়গায় বিমান পরিচালনা করবে।

২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের সঙ্গে সামরিক সংঘাত শুরু হয়েছে আমেরিকা এবং ইজ়রায়েলের। এখনও সংঘাত থামার লক্ষণ তো নেই-ই, বরং হামলা আরও জোরালো হচ্ছে দু’তরফেই। ইজ়রায়েলের পাশাপাশি উপসাগরীয় অঞ্চলে আমেরিকার ‘ঘনিষ্ঠ’ দেশগুলিতেও হামলা চালাচ্ছে ইরান। সামরিক সংঘাতের জেরে বিমান পরিষেবা বিপুল ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে উপসাগরীয় অঞ্চলে বিভিন্ন সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে। প্রসঙ্গত, পশ্চিম এশিয়ার একটা বিশাল অংশ জুড়ে আকাশসীমা বন্ধ। তবে তার মধ্যেই বিশেষ বিমান চালানোর সিদ্ধান্ত নিল ভারতীয় দুই বিমান সংস্থা।

এই সংঘাতের আবহে মঙ্গলবার বিমানভাড়া বৃদ্ধির কথা জানিয়েছে এয়ার ইন্ডিয়া। আগামী ১২ মার্চ (বৃহস্পতিবার) থেকে সকল অন্তর্দেশীয় বিমানের টিকিটের উপর ৩৯৯ টাকা করে সারচার্জ নেবে তারা। আন্তর্জাতিক বিমান পরিষেবার ক্ষেত্রেও টিকিটের ভাড়া বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে তারা।

Advertisement
আরও পড়ুন