Air India Express

মাঝআকাশে হঠাৎ ধোঁয়া! বাগডোগরা থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমান জরুরি অবতরণ করল লখনউয়ে

মাঝআকাশে হঠাৎ কেবিনে ধোঁয়ার জেরে বিমানটিকে জরুরি অবতরণ করানো হল উত্তরপ্রদেশের লখনউ বিমানবন্দরে। তাতে সওয়ার ছিলেন মোট ১৪৮ জন। তাঁদের মধ্যে পাইলট-সহ ছ’জন বিমানকর্মী।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ৩১ মার্চ ২০২৬ ২৩:১০

—প্রতীকী চিত্র।

মঙ্গলবার বিকেলে বাগডোগরা থেকে দিল্লির উদ্দেশে উড়েছিল এয়ার ইন্ডিয়ার সংস্থা ‘এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস’-এর এ-৩২০ এয়ারবাস বিমানটি। মাঝআকাশে হঠাৎ কেবিনে ধোঁয়ার জেরে বিমানটিকে জরুরি অবতরণ করানো হল উত্তরপ্রদেশের লখনউ বিমানবন্দরে। তাতে সওয়ার ছিলেন মোট ১৪৮ জন। তাঁদের মধ্যে পাইলট-সহ ছ’জন বিমানকর্মী।

Advertisement

বিমান চলাচল নিয়ামক সংস্থা ডিজিসিএ-র একটি সূত্র জানিয়েছে, ক্রুদের জন্য নির্দিষ্ট ‘অ্যাভিয়েশন ইলেকট্রনিক্স বে’-তে ধোঁয়ার উপস্থিতি টের পাওয়া মাত্রই ‘ফ্লাইট আইএক্স১৫২৩’-এর পাইলট ‘মেডে কল’ পাঠান নিকটবর্তী লখনউ বিমানবন্দরের (চৌধরি চরণ সিংহ আন্তর্জাতিক বিমানবন্দর) এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি)-এ। ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি, উড়োজাহাজে অগ্নিকাণ্ড বা বিমান নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে জীবনহানির ঝুঁকি তৈরি হলে এই ‘মেডে কল’ দিয়ে থাকেন পাইলট।

আন্তর্জাতিক ভাবে স্বীকৃত ওই সঙ্কেত পাওয়ামাত্রই লখনউ এটিসি আপৎকালীন অবতরণের অনুমতি দেয়। বিমানটি সন্ধ্যা ৫টায় নিরাপদে অবতরণ করামাত্রই দ্রুত যাত্রীদের সরিয়ে নিয়ে যাওয়া হয়। ‘এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস’-এর মুখপাত্র মঙ্গলবার রাতে বলেন, “ধোঁয়া শনাক্ত হওয়ার পরে নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে আমাদের দিল্লিগামী ফ্লাইটের চালক লখনউতে জরুরি অবতরণের সিদ্ধান্ত নিয়েছিলেন। অবতরণের পরে সব যাত্রীকে সংস্থার তরফে প্রয়োজনীয় পরিষেবা দেওয়া হয়েছে। তাঁদের জন্য দিল্লিগামী বিকল্প উড়ানের ব্যবস্থাও করা হয়েছে।’’ প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারি মাসে দিল্লি থেকে বাগডোগরাগামী ইন্ডিগো সংস্থার একটি বিমান বোমা-হুমকির জেরে লখনউ বিমানবন্দরে জরুরি অবতরণ করেছিল।

Advertisement
আরও পড়ুন