ছবি: (এআই সহায়তায় প্রণীত)।
জ্যোতিষশাস্ত্রের এক অতি গুরুত্বপূর্ণ বিভাগ হল সংখ্যাতত্ত্ব। এর সাহায্যে আমাদের ভাগ্যের নানা দিকের হদিস দেওয়া যায়। এরই সঙ্গে নির্দিষ্ট ব্যক্তির ব্যক্তিত্ব, স্বভাব প্রভৃতি সম্বন্ধে একটা ধারণার প্রকাশ ঘটানো যায়। সংখ্যাতত্ত্বের হিসাব হয় জন্মসংখ্যার ভিত্তিতে। জন্মসংখ্যা হিসাব করা হয় জন্মতারিখের যোগফল বার করে। সংখ্যাতত্ত্ব জানাচ্ছে, দুই জন্মসংখ্যার ব্যক্তির মায়ের ভাল থাকা, খারাপ থাকা প্রভৃতির সঙ্গে তাঁদের ভাগ্যের উত্থান-পতন ওতপ্রোত ভাবে জড়িত। মায়ের সঙ্গে এঁরা যে দিন যেমন ব্যবহার করেন, তাঁদের সেই দিনটি তেমন ভাবেই অতিবাহিত হয়। তালিকায় কোন দুই জন্মসংখ্যা রয়েছে, জেনে নিন।
২: চাঁদ দ্বারা নিয়ন্ত্রিত ২ জন্মসংখ্যার জাতক-জাতিকাদের মায়ের সঙ্গে সম্পর্ক কেমন তার উপর ভিত্তি করে এঁদের ভাগ্য কেমন হবে। চাঁদ দ্বারা নিয়ন্ত্রিত এ সকল জাতক-জাতিকার পরিবারের সঙ্গে সম্পর্ক সর্বদা একই ছন্দে চলে না। নানা রকম পারিবারিক সমস্যার মুখে পড়তে হয় এঁদের। তবে মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করলে তার খারাপ প্রভাব ভাগ্যের উপর পড়ে বলে মনে করা হয়। তেমনই ২ জন্মসংখ্যার ব্যক্তিরা যদি মায়ের সঙ্গে সম্পর্ক ভাল রেখে চলেন, তা হলে পেশাজীবনে তরতরিয়ে এগিয়ে যান।
৭: ৭ জন্মসংখ্যার জাতক-জাতিকারা কেতু দ্বারা নিয়ন্ত্রিত হন। গুরুজনদের সঙ্গে ভাল আচরণে খুশি হন কেতু। সেই তালিকায় সবার প্রথমে রয়েছেন মা। এই জন্মসংখ্যার জাতক-জাতিকারা যদি মায়ের সঙ্গে সম্পর্ক ভাল রেখে চলেন, তাঁর দেখভাল করেন, তা হলে জীবনে সুখের অন্ত থাকে না। কিন্তু সেটা না করলেই ঘটে মুশকিল। কেতু রুষ্ট হয়। ফলে সুফল প্রাপ্তি ঘটে না। প্রচুর পরিশ্রম করেও পেশাজীবনে উন্নতি করতে পারেন না।