emraan hashmi

হরিদ্বারে মদ্যপানে ‘উস্কানি’? ইমরান হাশমীর সেটে ধুন্ধুমার! ঢুকে পড়ল উন্মত্ত জনতা, কী ঘটল সেখানে?

মাসকয়েক আগে রাজস্থানে শুটিং করতে গিয়ে গুরুতর আহত হন ইমরান হাশমী। এ বার হরিদ্বারে বিক্ষোভের মুখে পড়েন অভিনেতা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১১ জুন ২০২৬ ১৮:৪০
ইমরান হাশমীর সিনেমার সেটে ধুন্ধুমার।

ইমরান হাশমীর সিনেমার সেটে ধুন্ধুমার। ছবি: সংগৃহীত।

গত কয়েক বছর ধরে একের পর এক ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করছেন ইমরান হাশমী। কেরিয়ারের শুরুতে পাওয়া ‘সিরিয়াল কিসার’-এর তকমা এখন অনেকটাই ম্লান। তবু গত কয়েক মাস ধরেই শুটিং করতে গিয়ে যেন বার বার বিপত্তি ঘটাচ্ছেন ইমরান। মাসকয়েক আগে ‘আওয়ারাপন ২’-এর শুটিং করতে গিয়েছিলেন রাজস্থানে। সেখানেই উঁচু জায়গায় অ্যাকশন দৃশ্য করতে গিয়ে পেটের পেশি ছিঁড়েছে তাঁর। যার ফলে শরীরের ভিতরে রক্তপাত শুরু হয়। বিষয়টি বুঝতে পেরেই তাঁকে সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। অস্ত্রোপচার করা হয়। এ বার ধুন্ধমার কাণ্ড হরিদ্বারে।

Advertisement

গত কয়েক দিন ধরে উত্তরাখণ্ডে রয়েছেন অভিনেতা। সেখানে পৌঁছে অনুরাগীদের সঙ্গে সাক্ষাতের ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। এ বার নাকি ধর্মীয় ভাবাবেগে আঘাত দিয়েছেন অভিনেতা! ইমরানের শুটিং সেটে সাইনবোর্ডের লেখা নিয়ে উত্তপ্ত পরিবেশ। শুটিং সেটে ঢুকে পড়ল বিক্ষুব্ধ জনতা। কী এমন লেখা ছিল সেখানে?

সমাজমাধ্যমে একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে শুটিংয়ের জন্য একটি কৃত্রিম রেস্তরাঁ তৈরি করা হয়েছিল। সেখানেই সাইনবোর্ডে লেখা ছিল ‘ক্যাফে অ্যান্ড বার’। পবিত্র ধর্মীয় শহর হরিদ্বারে ‘বার’ শব্দের ব্যবহারে আপত্তি জানিয়েছেন কিছু স্থানীয় বাসিন্দা। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিয়োতে দেখা যাচ্ছে, স্থানীয়দের সঙ্গে প্রযোজনা দলের সদস্যদের তর্কাতর্কি হচ্ছে। ঘটনাস্থলে ইমরানকে দেখা না গেলেও নিরাপত্তারক্ষী এবং প্রযোজনা সংস্থার এক সদস্যকে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করতে দেখা যায়।

সাইনবোর্ডে ‘বার’ শব্দে আপত্তি রয়েছে স্থানীয় বাসিন্দাদের। তাঁদের দাবি, এমন ধর্মীয় স্থানে এ হেন সাইনবোর্ড ধর্মীয় ভাবাবেগে আঘাত হানতে পারে। তার থেকেই বিতর্কের সূত্রপাত। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেননি ইমরান নিজে। তবে ইমরান যে উত্তরখাণ্ডেই রয়েছেন, তার প্রমাণ মিলেছে বেশ কিছু ভিডিয়োতে।

এই মুহূর্তে ইমরানের হাতে রয়েছে দুটি নতুন সিনেমা, ‘আওয়ারাপন ২’ ও ‘জি টু’। দিনকয়েক আগেই ‘আওয়ারাপন ২’-এর নির্মাতারা জানিয়েছেন যে, সিনেমার শুটিং সম্পন্ন হয়েছে। আগামী ১৪ অগস্ট মুক্তি পাবে ইমরানের নতুন ছবি। চলতি বছর মুক্তি পেয়েছিল ‘হক্‌’ ছবিটি। ওই ছবির জন্য ইয়ামি গৌতমের পাশাপাশি প্রশংসায় ভরানো হয় ইমরানকেও।

অন্যান্য শহরে গিয়ে ব্যতিক্রমী অভিজ্ঞতা ইমরানের এই প্রথম নয়। বেশ কয়েক বছর আগে, ২০০৮ সালের মে মাসে ছবির প্রচারে কলকাতায় এসে এক অন্য ধরনের অভিজ্ঞতা হয় ইমরানের। সেই সময়ে আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান চলছিল। কলকাতার একটি শপিং মলে অনুরাগীদের সঙ্গে দেখা-সাক্ষাৎ করার কথা ছিল ইমরানের। সঠিক সময়ে পৌঁছে যান অভিনেতা। কিছু অনুরাগীর সঙ্গে কথাও বলেন। কিন্তু, হঠাৎই বাড়তে থাকে ভিড়। দর্শকের মুখে শুধুই তখন ইমরানের নাম। সকলেই তাঁকে অন্তত একঝলক দেখতে চান। ধীরে ধীরে ভিড় বাড়তে বাড়তে এমন অবস্থায় দাঁড়ায় যে, প্রায় পদপিষ্ট হওয়ার মতো অবস্থা হয়। নিজেকে বাঁচাতে মলের শৌচালয়ে আশ্রয় নিয়েছিলেন অভিনেতা। শেষমেশ পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।

Advertisement
আরও পড়ুন