Parineeti Chopra-Raghav Chadha

‘যা করে দেখিয়েছেন, আপনার স্বামী পারবেনই না’, জীবনের কোন বদল নিয়ে এমন মন্তব্য পরিণীতির?

স্বামী রাঘব চড্‌ঢার রাজনৈতিক জীবনেও এসেছে বদল। আম আদমি পার্টি ছেড়ে তিনি যোগ দিয়েছেন বিজেপি-তে। জীবনে আসা পরিবর্তন নিয়ে এ বার মুখ খুললেন পরিণীতি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১১ জুন ২০২৬ ১৭:০৫
রাঘবকে নিয়ে কী বললেন পরিণীতি?

রাঘবকে নিয়ে কী বললেন পরিণীতি? ছবি: সংগৃহীত।

গত বছর মা হয়েছেন পরিণীতি চোপড়া। তার পর থেকে জীবনে এসেছে নানা বদল। মাতৃত্বের অনুভূতির সঙ্গে পরিচয় হয়েছে তাঁর। আবার জীবনযাপনেও এসেছে পরিবর্তন। স্বামী রাঘব চড্‌ঢার রাজনৈতিক জীবনেও এসেছে বদল। আম আদমি পার্টি ছেড়ে তিনি যোগ দিয়েছেন বিজেপি-তে। জীবনে আসা পরিবর্তন নিয়ে এ বার মুখ খুললেন পরিণীতি।

Advertisement

সম্প্রতি এক আলোচনাসভায় যোগ দিয়েছিলেন অভিনেত্রী। সেখানে মা হওয়ার পরে শারীরিক বদলের কথাও বলেন তিনি। মা হওয়ার পরে শরীরে যে দাগ থেকে যায়, তা নেতিবাচক ভাবে দেখা উচিত নয় বলে মনে করেন অভিনেত্রী। শরীরের দাগ মনে করিয়ে দেয়, জীবনের এই সুন্দর অধ্যায়ের কথা। তাঁর কথায়, “শরীরের দাগ বরং মনে করিয়ে দেয়, আপনি এমন একটা কাজ করেছেন, যা আপনার স্বামী করতে পারেননি। আপনি এই অসাধারণ কাজটি করেছেন এবং যুদ্ধের ক্ষতচিহ্ন আপনার শরীরে রয়েছে। এর জন্য তো খুশি হওয়া উচিত।”

সন্তানধারণের পরে শরীরে ক্ষতচিহ্নের বিষয়টি নিয়ে নানা ছুতমার্গ আছে। সেই সব ভাঙতেই এই মন্তব্য করেন পরিণীতি। আলোচনাসভায় উপস্থিত মায়েরা পরিণীতির মন্তব্যে উচ্ছ্বসিত হয়ে ওঠেন। অভিনেত্রী এ-ও জানান, অন্যদের খেয়াল রাখতে রাখতেই জীবন কেটে যায় বাড়ির মায়েদের। অভিনেত্রী বলেছেন, “আশপাশের মানুষের খেয়াল রাখতে রাখতেই মায়েদের সময় চলে যায়। নিজেদের জন্য সময় বার করতে ভুলেই যায় ওরা।” তাই মহিলাদের উদ্দেশে পরিণীতির বার্তা, পরস্পরের পাশে থাকতে হবে।

২০২২ সালে লন্ডনের এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রাজনীতিবিদ রাঘব চড্‌ঢার সঙ্গে আলাপ হয় পরিণীতির। জলখাবারের টেবিলে আধ ঘণ্টার কথোপকথনে রাঘবকে ভাল লেগে যায় অভিনেত্রীর। এক বছর গোপনে সম্পর্কে থাকার পর রাঘবকে বিয়ে করেন পরিণীতি।

২০২৩ সালের মে মাসে নয়াদিল্লির কপূরথলা হাউসে রাঘবের সঙ্গে বাগ্‌দান সেরেছিলেন পরিণীতি। বাগ্‌দানের চার মাস পরে সেপ্টেম্বরে রাজস্থানের উদয়পুরে লেক পিচোলার ধারে রাঘব এবং পরিণীতির চার হাত এক হয়। ২০২৫ সালের অক্টোবরে পুত্র নীরের জন্ম দেন অভিনেত্রী।

উল্লেখ্য, আপ ছেড়ে বিজেপি-তে যোগ দেওয়ার পর থেকে সমাজমাধ্যমের একটা বড় অংশের কটাক্ষের শিকার রাঘব। যদিও রাঘব একা নন, তিনি আপের আরও ছয় সাংসদকে নিয়ে বিজেপিতে যোগ দিয়েছেন। এই ঘটনার পরে রাঘবের সমাজমাধ্যমে অনুসরণকারীর সংখ্যা কমেছে প্রায় ২০ লক্ষ। বিজেপি-তে যোগদান প্রসঙ্গে একটি লাইভ করেন রাঘব। তার পরেই তাঁকে সমালোচনায় বিদ্ধ হতে হয়।

Advertisement
আরও পড়ুন