India Bangladesh Relation

তারেকের উপদেষ্টাকে দিল্লি বিমানবন্দরে বাধা! আড়াই ঘণ্টা অপেক্ষার পর অনুমতি পেয়েও ফিরে গেলেন ঢাকার প্রতিনিধি

ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের বৈঠকের আয়োজন করা হয়েছে দিল্লিতে। ভারতের বিদেশ মন্ত্রকের নেতৃত্বে ১৫ এবং ১৬ জুন ওই বৈঠক হবে। ঢাকার প্রতিনিধি হিসাবে সেই বৈঠকে যোগ দিতে এসেছিলেন জাহেদ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৫ জুন ২০২৬ ১৫:৩৪
(বাঁ দিকে) বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর উপদেষ্টা জাহেদ উর রহমান (ডান দিকে)।

(বাঁ দিকে) বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর উপদেষ্টা জাহেদ উর রহমান (ডান দিকে)। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের অন্যতম উপদেষ্টা জাহেদ উর রহমানকে দিল্লিতে প্রবেশে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ। দিল্লি বিমানবন্দরে আড়াই ঘণ্টা আটকে ছিলেন তিনি। তার পর শহরে প্রবেশের প্রয়োজনীয় অনুমতি মেলে। তবে জাহেদ দিল্লিতে আর প্রবেশ করতে চাননি। তিনি শ্রীলঙ্কার কলম্বো হয়ে ঢাকায় ফিরে গিয়েছেন। বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলো জানিয়েছে, কী কারণে এই ঘটনা ঘটল, ঠিক কী ঘটেছিল, তা খতিয়ে দেখছে সে দেশের সরকার। বিস্তারিত খোঁজ নেওয়ার পর এ বিষয়ে পদক্ষেপ করা হতে পারে।

Advertisement

ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) সিনিয়র আধিকারিকদের কমিটির ২৮তম বৈঠকের আয়োজন করা হয়েছে দিল্লিতে। ভারতের বিদেশ মন্ত্রকের নেতৃত্বে ১৫ এবং ১৬ জুন ওই বৈঠক হবে। বাংলাদেশের প্রতিনিধি হিসাবে সেই বৈঠকে যোগ দিতে এসেছিলেন জাহেদ। ঢাকার বিদেশ মন্ত্রকের এক আধিকারিককে উদ্ধৃত করে প্রথম আলো জানিয়েছে, জাহেদ যে আইওআরএ-র বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন, রবিবার সন্ধ্যায় যে তিনি আসবেন, শুক্রবারই তা কূটনৈতিক চিঠি দিয়ে সরকারি ভাবে ভারতের বিদেশ মন্ত্রককে জানানো হয়েছিল। সেই সঙ্গে দিল্লির বাংলাদেশ হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লা ফোনেও এ বিষয়ে কথা বলেছিলেন সংশ্লিষ্ট মন্ত্রকের আধিকারিকের সঙ্গে। তার পরেও কেন এই পরিস্থিতি তৈরি হল, স্পষ্ট নয়। ভারতের তরফে এ বিষয়ে এখনও কোনও মন্তব্য করা হয়নি।

জাহেদ বাংলাদেশের তথ্য-সম্প্রচার ও সাংস্কৃতিক মন্ত্রকের উপদেষ্টা। রবিবার সন্ধ্যায় তিনি দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। অভিযোগ, অভিবাসন দফতরের আধিকারিকেরা সেখানে প্রাথমিক ভাবে তাঁকে বাধা দেন। পরে উপরমহল থেকে তাঁকে ছেড়ে দেওয়ার নির্দেশ আসে। কিন্তু তত ক্ষণে আড়াই ঘণ্টা কেটে গিয়েছে। আইওআরএ-র বৈঠকে আর যোগ দিতে চাননি জাহেদ। তিনি দেশে ফিরে গিয়েছেন। অভিযোগ, কোনও কারণ ছাড়াই বিমানবন্দরে তাঁকে আটকে রাখা হয়েছিল।

মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের দেড় বছরের শাসনের পর বাংলাদশের সাধারণ নির্বাচনে জয়ী হয়ে সরকার গড়ে বিএনপি। গত ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন তারেক। ২০২৪ সালে শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে ধারাবাহিক ভাবে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের অবনতি হয়েছিল। তারেকের সরকারের আমলে সেই সম্পর্ক পুনরুদ্ধারের চেষ্টা চলছে। বিএনপি ক্ষমতায় আসার পর এই ধরনের ঘটনা এই প্রথম ঘটল। এ প্রসঙ্গে বাংলাদেশের বিদেশমন্ত্রী খলিলুর রহমান বলেন, ‘‘এটা অনাকাঙ্ক্ষিত এবং দুঃখজনক ঘটনা। বিদেশ মন্ত্রক যথাযথ ব্যবস্থা নিচ্ছে। দিনশেষে আমরা এ বিষয়ে জানাব।’’

Advertisement
আরও পড়ুন