Bihar Meat-Fish Sale ban

প্রকাশ্যে মাছ, মাংস বিক্রি করা যাবে না বিহারে! নিষেধাজ্ঞা জারি করল নীতীশ কুমারের সরকার, আনা হচ্ছে নয়া বিধি

উপমুখ্যমন্ত্রী বিজয়কুমার সিন্‌হা জানিয়েছেন, এ বিষয়ে সকলকে নিয়ম মেনে চলতে হবে। কেউ যদি নিয়ম লঙ্ঘন করেন বা করার চেষ্টা করেন, তা হলে তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৫৮
বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। ফাইল চিত্র।

বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। ফাইল চিত্র।

প্রকাশ্যে মাছ, মাংস বিক্রি করা যাবে না। বিহারে এ বিষয়ে নিষেধাজ্ঞা জারি করল নীতীশ কুমারের সরকার। রাজ্যের উপমুখ্যমন্ত্রী বিজয়কুমার সিন্‌হা ঘোষণা করেছেন, রাজ্যের কোথাও প্রকাশ্যে মাছ, মাংস বিক্রি করতে পারবেন না কেউ। নতুন নিয়ম চালু হলে শুধুমাত্র লাইসেন্সধারী দোকানদারেরাই মাছ, মাংস বিক্রি করতে পারবেন।

Advertisement

উপমুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, এ বিষয়ে সকলকে নিয়ম মেনে চলতে হবে। কেউ যদি সেই নিয়ম লঙ্ঘন করেন বা করার চেষ্টা করেন, তা হলে তাঁর বা তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। তাঁর কথায়, ‘‘রাজ্যের কোথাও কোনও ভাবে প্রকাশ্যে মাছ, মাংস বিক্রি করা যাবে না। সরকার ইতিমধ্যেই এ বিষয়ে নতুন বিধি তৈরি করতে চলেছে। খুব শীঘ্রই তা কার্যকর করা হবে।’’ তবে কবে থেকে কার্যকর করা হবে সেই বিধি, নিয়ম লঙ্ঘন করলে কী পদক্ষেপ করা হবে, সে বিষয়ে স্পষ্ট কিছু বলেননি উপমুখ্যমন্ত্রী।

প্রসঙ্গত, গত বছরের মার্চে উত্তরপ্রদেশ সরকার ধর্মীয় স্থানের ৫০০ মিটারের মধ্যে মাংস বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করে। সমস্ত জেলাশাসককে এ বিষয়ে কড়া নির্দেশ দিয়েছিল যোগী আদিত্যনাথ প্রশাসন। এ বার বিহারে প্রকাশ্যে মাছ, মাংস বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করা হল। প্রকাশ্যে মাছ, মাংস বিক্রির উপর নিষেধাজ্ঞার বিষয়ে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, সেটি সুনিশ্চিত করেছেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংহও। তিনি বলেন, ‘‘বিহার সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত। সমস্ত জেলাশাসককে অনুরোধ করব, এ বিষয়ে যেন সঠিক পদক্ষেপ করেন তাঁরা।’’

প্রসঙ্গত, বিহারে আগেই মদ নিষিদ্ধ করেছিল নীতীশ কুমারের সরকার। এ বার প্রকাশ্যে মাছ, মাংস বিক্রির উপরেও নিষেধাজ্ঞা জারি করা হল।

Advertisement
আরও পড়ুন